টিম হাওয়ার্ড: ওবামার নতুন 'সেক্রেটারি অব ডিফেন্স!'

কী দারুণ কিপিং-ই না করলেন টিম হাওয়ার্ড। যুক্তরাষ্ট্রের গোলরক্ষককে অনন্য-অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘সেক্রেটারি অব ডিফেন্স’ হিসেবে তাঁর প্রশাসনে চাকরিও দিয়ে দিতে পারেন প্রেসিডেন্ট বারাক ওবামা। পুরো খেলায় ১৫ খানা গোল ঠেকিয়ে হাওয়ার্ড নিজের নাম তুলে দিয়েছেন বিশ্বকাপের রেকর্ড বইয়ে।
হ্যাঁ, হাওয়ার্ডের এই ১৫ সেভ বিশ্বকাপের এক ম্যাচে কোনো গোলরক্ষকের সবচেয়ে বেশি গোল ঠেকানোর রেকর্ড। এর আগে ১৯৭৮ সালের বিশ্বকাপে পেরুর র্যামোন কুইরোজা শক্তিশালী হল্যান্ডের বিপক্ষে ১৩টি নিশ্চিত গোল বাঁচিয়ে এই অনন্য রেকর্ডের অধিকারী হয়েছিলেন। ৩৫ বছর ধরে টিকে থাকা এই রেকর্ডটি কাল ভেঙে দিয়েছেন এই টিম হাওয়ার্ড। কাকতালীয়ভাবে তাঁর বয়সটাও ৩৫।
ফুটবলবিমুখ মার্কিনিদের কাছে কাল টিম হাওয়ার্ড যেন নতুনরূপেই পরিচিত হলেন। এত দিন ‘সকারে’ গোলরক্ষক বলতে তাঁরা সিলভেস্টার স্ট্যালনকেই বোঝাতেন। ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত ছবি এসকেইপ টু ভিক্টরিতে গোলরক্ষকের ভূমিকায় অসাধারণ অভিনয় করা স্ট্যালনও কাল পেছনে পড়ে গেলেন হাওয়ার্ডের বাস্তবের পারফরম্যান্সে।
গোটা খেলায় যুক্তরাষ্ট্রের পোস্টে বেলজিয়াম শট নিয়েছে ৩৯টি। এর মধ্যে ১৫টিতে নস্যাত্ হয়েছে এই হাওয়ার্ডের কল্যাণেই। অতিরিক্ত সময়ে কেভিন ডি ব্রুইন আর রোমেলু লুকাকুর দুটি গোলই যেন হাওয়ার্ডকে স্বর্গ থেকে মর্ত্যে নামিয়ে নিয়ে এল। তিনি যে রক্ত-মাংসের মানুষ ব্রুইন আর লুকাকু যেন সেটাই প্রমাণ করে দিলেন।
বেলজিয়ামের পুরো দলের সামনে হাওয়ার্ড যেন একাই প্রতিরোধের দেয়াল তুলেছিলেন ডিভক ওরিগি, এডেন হ্যাজার্ডরা একের পর এক শট নিয়ে গেছেন। এমনকি ডিফেন্ডার ইয়ান ভার্তোনের দুটি শট নিয়ে ব্যর্থ হয়েছেন। গোলরক্ষকের সম্পদ যে কেবল দুই হাত নয়, হাঁটু আর বুকও যে তাঁর যোগ্যতা প্রমাণে কাজে আসতে পারে, হাওয়ার্ড সেটাই কাল নতুন করে সবাইকে বুঝিয়ে দিয়েছেন।
দারুণ খেলা হাওয়ার্ড কাল পারেননি কেবল দেশকেই জেতাতে!