টিসেরা-পেলে দ্বন্দ্বটা এখন প্রকাশ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্ত আগ্নেয়গিরিটা হঠাৎই জেগে উঠল। সে রকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে পেলে বনাম রিকার্ডো টিসেরার পুরোনো লড়াই জমে ওঠায়। আগামী বিশ্বকাপ ব্রাজিলে, অথচ পেলের দেখা নেই—এমনটাই হয়ে আসছিল কিছুদিন ধরে। পেলের বদলে রোমারিওকে দূত হিসেবে বেশি পছন্দ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) প্রধান টিসেরার। কিন্তু ব্রাজিল সরকার এরই মধ্যে হস্তক্ষেপ করেছে। সরকারের বিশ্বকাপ দূত হিসেবে নির্বাচিত হয়েছেন পেলে।তার পরও গতকাল হওয়া বিশ্বকাপের প্রাথমিক পর্বের ড্রয়ে সিবিএফ আমন্ত্রণ জানায়নি পেলেকে। শুধু সরকারি দূত হিসেবেই যেতে পারতেন পেলে। পেলে অবশ্য যাবেন না বলেই জেদ করে বসে ছিলেন, ‘আমন্ত্রণই যদি না পান, কোনো অনুষ্ঠানে যাবেন কী করে? যেহেতু আমাকে আমন্ত্রণ জানানো হয়নি, স্বাভাবিকভাবেই আমার সেখানে যাওয়ার কথা নয়। তিনি ফুটবল ফেডারেশনের প্রধান, তিনি আমন্ত্রণ না জানালে আমি কীভাবে যাই।’দুজনের সম্পর্কের ফাটলটা আরও প্রকাশ করে দিল এ ঘটনা। পেলেও নীরব বসে নেই, টিসেরার কড়া সমালোচনা করেছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডকে নিয়ে টিসেরার কিছু মন্তব্য পেলের পছন্দ হয়নি। এর আগে ইংলিশদের ‘দস্যু’ আখ্যা দেওয়া টিসেরা কদিন আগে ইংলিশ মিডিয়াকে বলেছেন ‘দুর্নীতিগ্রস্ত’। এ নিয়ে পেলে বলেছেন, ‘দুর্ভাগ্যজনক হলো কিছু লোক আছে, যতটা বোঝে বলে তার চেয়েও বেশি। যখনই তিনি কোনো কিছুর জবাব বা সাক্ষাৎকার দেন, তখনই কোনো না কোনো ভুল বোঝাবুঝি হয়। আশা করি, আমরা এসব মিটিয়ে নেব, বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুত হব।’টিসেরার সঙ্গে পেলের এই ‘লড়াই’ অনেকটা পারিবারিক পর্যায়ের। টিসেরার শ্বশুর হোয়াও হ্যাভেলাঞ্জ ফিফা প্রধান থাকার সময়ই পেলে তাঁর কড়া সমালোচনা করে বেশ কিছু বক্তব্য দেন। পাল্টা জবাবে হ্যাভেলাঞ্জ ১৯৯৪ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে পেলেকে আমন্ত্রণ জানাননি। সেই থেকেই দুই পক্ষের সম্পর্ক তিক্ত। অবশ্য বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটি (এলওসি) দাবি করেছে, পেলেকে এর আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল, ‘ফুটবল ইতিহাসে তাঁর গুরুত্বপূর্ণ অবস্থানের কারণেই গত এপ্রিলে তাঁকে মূলত ফিফা মহাসচিব জেরোম ভালকের সঙ্গী হিসেবে একটা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনি ই-মেইলে জবাব দেন, আগেই অন্য একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন বলে আসতে পারবেন না।’দুই পক্ষের এই দূরত্ব আগামী বিশ্বকাপে ফিফার বেশ কিছু পরিকল্পনায় ব্যাঘাত ঘটাবে নিশ্চিত। খোদ ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার নিজে উদ্যোগী হয়ে তাই বিবাদ মেটাতে চাইছেন। তবে এটাও বলেছেন, দুই পক্ষ উদ্যোগ নিয়ে এগিয়ে না এলে তাঁর পক্ষে কিছুই করা সম্ভব নয়। এদিকে কোপা আমেরিকার ব্যর্থতা নিয়েও কথা বলেছেন পেলে। এটিকে বেশি গুরুত্ব দিতে রাজি নন তিনবারের বিশ্বকাপজয়ী, ‘কোপা আমেরিকা আমাদের জন্য একটা বিপর্যয় ছিল। কিন্তু এতে কোচের কোনো দোষ দেখি না। হয়তো প্রস্তুতিতে ঘাটতি ছিল। কিন্তু বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে।’ রয়টার্স, এএফপি।