টিসেরাকে ধুয়ে দিলেন রোমারিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমালোচনা আর আশাবাদ—ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতির সঙ্গে এই দুটি বিষয় চলছে গলাগলি ধরে। বিশ্বকাপের ধীরগতির প্রস্তুতি নিয়ে খোদ ব্রাজিলিয়ানরাই শঙ্কিত। শঙ্কিত ফিফাও। তবে সমালোচনাকারীদের মধ্যে প্রথম সারিতে রোমারিও। ঢিমেতালের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে তিনি শুরু থেকেই সোচ্চার। এবার আয়োজক কমিটির ‘বিশ্বকাপ পরিকল্পনা’ নিয়েই প্রশ্ন তুলেছেন ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী নায়ক। প্রশ্ন তুলেছেন ফিফার সঙ্গে ব্রাজিল সরকারের ‘বিশ্বকাপ চুক্তির’ দুর্বলতা নিয়েও। তবে সবচেয়ে কড়া চাবুকটা হেনেছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি ও ব্রাজিল বিশ্বকাপ সাংগঠনিক কমিটির প্রধান রিকার্ডো টিসেরার দিকে। ২০১৪ বিশ্বকাপের ম্যাচগুলো হবে ১২টি ভেন্যুতে। রোমারিওর নেতৃত্বে এই স্টেডিয়ামগুলোর নির্মাণকাজ পরিদর্শন করছে একটি সংসদীয় প্রতিনিধিদল। ১২ স্টেডিয়ামের ১১টি তারা এরই পরিদর্শন করেছে। সেটা দেখেই শঙ্কিত রোমারিও, ‘এভাবে চলতে পারে না।’টিসেরার দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়ে এর আগেই একবার ব্যর্থ হয়েছেন রোমারিও। দুর্নীতি প্রমাণ করতে পারেননি। তবে ব্রাজিল পুলিশ এখনো টিসেরা এবং তাঁর অনুসারীদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে। রোমারিও বললেন, ‘কাউকে একটা সিদ্ধান্তে পৌঁছাতেই হবে।’ প্রস্তুতি কাজের সমালোচনা করে ৪৫ বছর বয়সী রোমারিও বলেছেন, ‘সরকারের উচিত তাঁকে চাপে রাখা । সে যেভাবে বলছে, বিষয়গুলো সে রকম নয়। তিনি দেশের শাসক নন, ফুটবলেরও শাসক নন। সিবিএফ শীর্ষ সংস্থা, কিন্তু ফুটবলের মালিক নয়। এর মালিক জনগণ। ব্রাজিলে বিশ্বকাপ এনে দেওয়ার জন্য মানুষ রিকার্ডো টিসেরার কাছে কৃতজ্ঞ। এ জন্য অভিনন্দন। আমরা ধন্যবাদ জানাই। এখানেই শেষ।’ এএফপি, রয়টার্স।ফিফার সঙ্গে সরকারের চুক্তির সমালোচনাও করেন রোমারিও, ‘ফিফা ব্রাজিলে আসবে, ৪ বিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াস (২.৪ বিলিয়ন মার্কিন ডলার) লাভ নিয়ে চলে যাবে, কোনো দায়দায়িত্বই থাকবে না। সব নেতিবাচক ঘটনার দায়ই সরকারের ঘাড়ে গিয়ে পড়বে।’