টিসেরার কাছে ব্যাখ্যা চান রোমারিও
ফিফার নৈতিকতা কমিটি তাঁকে ছাড় দিয়েছে। কিন্তু রোমারিওর ‘আদালত’ থেকে শিগগিরই মুক্তি মিলছে না রিকার্ডো টিসেরার। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিএফবি) প্রেসিডেন্টের কাছ থেকে ব্যাখ্যা দাবি করলেন সাবেক ফুটবল তারকা রোমারিও। টিসেরাকে জানাতে হবে, কেন ফিফার সাম্প্রতিক দুর্নীতির কেলেঙ্কারিতে তাঁর নামও জড়াল। ১৯৯৪ বিশ্বকাপজয়ী নায়ক রোমারিও এখন সাংসদ। সেই অধিকারবলেই তিনি জবাবদিহির মধ্যে আনতে চাইছেন টিসেরাকে, ‘সিএফবি প্রেসিডেন্টের বিরুদ্ধে আমার ব্যক্তিগত কিছু নেই। আমার সঙ্গে তাঁর বরং ভালো সম্পর্ক। তবে যেহেতু নিত্যনতুন অভিযোগ আসছে, তাই এটাই বরং যুক্তিযুক্ত হবে, তিনি তাঁকে নিয়ে ওঠা প্রশ্নগুলোর উত্তর দিন।’টিসেরার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন ইংলিশ ফুটবল সংস্থার (এফএ) সাবেক প্রধান ডেভিড ট্রাইজম্যান। বলেছিলেন, টিসেরাসহ ফিফার নির্বাহী কমিটির চার সদস্য তাঁর কাছে ঘুষ দাবি করেছিলেন। এই অভিযোগ অস্বীকার করেছেন টিসেরা। নৈতিকতা কমিটিও নাকচ করে দিয়েছে। তবে রোমারিও মনে করেন, স্বচ্ছতার স্বার্থে আরও ব্যাখ্যা প্রয়োজন। ২০১৪ বিশ্বকাপ আর ২০১৬ অলিম্পিক—দুটি বড় আসরেরই আয়োজক ব্রাজিল। সাম্প্রতিক এসব ঘটনা ব্রাজিলের প্রস্তুতিতে বাদ সাধবে বলেই আশঙ্কা রোমারিওর। রয়টার্স।