টিসেরার ছুটি এবং...
নির্ধারিত সময়ের আগে ২০১৪ বিশ্বকাপ আয়োজনের সব প্রস্তুতি সেরে ফেলতে পারবে ব্রাজিল? প্রস্তুতির ধীরগতি দেখে প্রশ্নটা শুরু থেকেই। প্রশ্নটা আরও বড় করে তুলল রিকার্ডো টিসেরার ছুটিতে যাওয়ার ঘটনা। শারীরিক অসুস্থতায় অনির্দিষ্ট সময়ের জন্য ছুটি নিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধান ও বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির প্রধান টিসেরা।ঠিক কত দিন পর টিসেরা আবার দায়িত্বে ফিরবেন, তা নিশ্চিত নয়। সেই ১৯৮৯ সাল থেকে সিবিএফ সভাপতির পদটিতে আছেন ৬৪ বছর বয়সী টিসেরা। সুইস কোম্পানি আইএসএলের কাছ থেকে ১৯৯০-র দশকে ঘুষ নেওয়ার অভিযোগ ঝুলছে তাঁর মাথার ওপর। তাঁর অবর্তমানে অস্থায়ী সভাপতি এবং স্থানীয় আয়োজক কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন সিবিএফের সহসভাপতি, সাও পাওলোর সাবেক গভর্নর ৭৯ বছর বয়সী হোসে মারিয়া মারিন।প্রস্তুতিতে ঢিলেমি দেখে ব্রাজিলিয়ানরাই নিজেদের দেশের বিশ্বকাপ নিয়ে শঙ্কিত। ফিফা তো ভীষণ অসন্তুষ্ট। এ অবস্থায় টিসেরার ছুটিতে যাওয়া প্রস্তুতির কাজে আরও ভাটার টান না দেয়! রয়টার্স, এএফপি।