টিসেরার পদত্যাগে উচ্ছ্বসিত রোমারিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনির্দিষ্টকালের ছুটিটাকে স্থায়ী বানিয়ে ফেললেন। টানা ২৩ বছর ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধানের পদে একচেটিয়া ‘রাজত্ব’ করার পর পদত্যাগ করলেন রিকার্ডো টিসেরা। একের পর এক দুর্নীতির অভিযোগ আর ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে কড়া সমালোচনার মুখে পরশু পদত্যাগ করেছেন এই ৬৪ বছর বয়সী। ব্রাজিল বিশ্বকাপের আয়োজনের প্রধান দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন। দুটো দায়িত্বই এখন বর্তেছে ৭৯ বছর বয়সী সাবেক রাজনীতিবিদ হোসে মারিয়া মারিনের ওপর।চাপের মুখে থাকা টিসেরা প্রথমে ‘অসুস্থতা’র জন্য অনির্দিষ্টকালের ছুটি নিয়েছিলেন। সোমবার এক বিবৃতি দিয়ে সরে দাঁড়ানোর কথাই জানিয়ে দেন ফিফার সাবেক প্রধান জোয়াও হ্যাভেলাঞ্জের জামাই, ‘চূড়ান্তভাবে সিবিএফের প্রেসিডেন্টের পদ ছেড়ে দিচ্ছি। আমার মনে হয়েছে, এই পদে আমি আমার দায়িত্ব পূর্ণ করে ফেলেছি।’বিভিন্ন সময়ে আর্থিক অনিয়ম, কর ফাঁকি, দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে টিসেরার বিরুদ্ধে। ২০০১ সালে তাঁর বিরুদ্ধে ১৩টি অপরাধের অভিযোগ এনে সংসদীয় তদন্তও হয়। সর্বশেষ তাঁর বিরুদ্ধে উঠেছিল ব্রাজিলের এক প্রীতি ম্যাচে বেশি করে বাজেট দেখানোর অভিযোগ।এর পর পরই ফিফার সঙ্গে একরকম ‘যুদ্ধ’ শুরু টিসেরার। বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছিলের ফিফার মহাসচিব জেরোম ভালক। ভালকের সেই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ব্রাজিলে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে অবশ্য ভালক আর সেপ ব্ল্যাটার দুজনই দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন।টিসেরার সঙ্গে পেলে এবং রোমারিও—দুই ব্রাজিল কিংবদন্তির সম্পর্কও ছিল খারাপ। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফও তাঁর ওপর অসন্তুষ্ট ছিলেন। ব্রাজিল বিশ্বকাপের আয়োজক কমিটিতে পেলেকে না রাখা নিয়ে রুসেফ-টিসেরার মধ্যে টানাপোড়েন শুরু হয়। পরে রুসেফ নিজে টিসেরার মত অগ্রাহ্য করে পেলেকে বিশ্বকাপের দূত ঘোষণা করেন।টিসেরার পদত্যাগে রোমারিও বলেছেন, ‘আজ আমরা উৎসব করতে পারি। কারণ, আমরা ব্রাজিলের ফুটবল থেকে একটা ক্যানসার অপসারণ করলাম।’ ব্রাজিলের ফুটবল বিশেষজ্ঞ জুকা কেফোরিও কথা, ‘এটা ব্রাজিলের সাধারণ মানুষেরই জয়। এখন আমরা অনেক বেশি স্বচ্ছ, একটা বিশ্বকাপের প্রত্যাশা করতেই পারি।’তাঁর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়া মারিন নিজে এর আগে আলোচনায় এসেছিলেন বিতর্কের কারণেই। গত জানুয়ারিতে একটি জুনিয়র ফুটবল টুর্নামেন্টে পদক বিতরণের সময় একটি পদক পকেটে পুরছেন—মারিনের এমন ছবি ছাপা হয়। চুরির অভিযোগ ওঠে। পরে অবশ্য মারিন দাবি করেন, মেডেলটা তাঁকে উপহারই দেওয়া হয়েছিল। রয়টার্স।