টু কি টা কি
জাভিকে নিয়ে সংশয়একটু এদিক-ওদিক হলেই বিশ্বকাপের দর্শক হতে হবে। এমন ঝুঁকি নিয়েই বার্সেলোনার হয়ে স্প্যানিশ লিগ খেলে যাচ্ছেন জাভি হার্নান্দেজ! ব্যাপারটা খোলাসা করলেন পরশু; তাঁর পেশিতে চোট, ‘আমি কয়েকটি চোট নিয়ে খেলছি। কিন্তু দল পার করছে খুবই গুরুত্বপূর্ণ সময়, এ অবস্থায় আমি দলকে সাহায্য করতে চাই। তিনটি মাত্র ম্যাচ বাকি আছে আর, আমাকে খেলতেই হবে। আমি খেলব, কেননা কোনো সমস্যা মনে হচ্ছে না আমার কাছে।’ জাভি মনে করেন না তাঁর বিশ্বকাপ খেলাটা হুমকির মুখে। কিন্তু শঙ্কা যে একটা থাকছে সেটাই মনে করিয়ে দিলেন জাভির ক্লাব কোচ পেপ গার্দিওলা, ‘জাভি ইনজুরি নিয়ে খেলছে, এতে বিশ্বকাপটাও তাঁর মিস হতে পারে।’ ইনজুরি নিয়েও খেলে জাভি প্রমাণ করছেন কতটা দল অন্তঃপ্রাণ তিনি। বার্সা কোচের কাছে জাভি তাই এক অনন্য উদাহরণ। ওয়েবসাইট।আশাহত পার্সিডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে না বড় কিছু হয়ে যায় রবিন ফন পার্সির! এই আর্সেনাল স্ট্রাইকার দক্ষিণ আফ্রিকাগামী ডাচ দলের সঙ্গে তাঁর ব্যক্তিগত ফিজিও লিও ইচটেল্ডকেও রাখতে চাইছেন। গত নভেম্বরে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে ইনজুরিতে পড়া পার্সির দেখভাল করে আসছেন এই ইখটেল্ডই। দলের ডার্ক কিউট, আরিয়েন রোবেন ও ওয়েসলি স্নাইডারের ইনজুরি নিয়েও কাজ করছেন এই ফিজিও। সে হিসেবেই বিশ্বকাপ দলে ইখটেল্ডকে নেওয়ার দাবি ছিল পার্সির। কিন্তু নেদারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে, দক্ষিণ আফ্রিকাগামী বিশ্বকাপ দলে জায়গা হবে না ইখটেল্ডের। ওয়েবসাইট।সাহসী নিউজিল্যান্ড১৯৮২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে গিয়ে খালি হাতে দেশে ফিরেছিল নিউজিল্যান্ড। ইতালি, প্যারাগুয়ে ও স্লোভাকিয়ার সঙ্গে একই গ্রুপে পড়ায় এবারও নিউজিল্যান্ডকে ‘এফ’ গ্রুপের পয়েন্ট ব্যাংক ভাবা হচ্ছে। তবে এবার একটু ভালো ফলের আশা নিউজিল্যান্ড কোচ রিকি হারবার্টের। নিজেদের আন্ডারডগ মেনে নিলেও হার এড়ানো কিংবা ড্রর জন্য নয়, ২৮ বছর পর বিশ্বকাপের মাঠে নামবে সাহসী নিউজিল্যান্ড, যাদের লক্ষ্য থাকবে পুরো পয়েন্ট। কোচ বলছেন, ‘ম্যাচের আগেই পিছিয়ে পড়ে এমন দল নই আমরা। হ্যাঁ, আমাদের ওপর চাপটা হয়তো লম্বা-ই হবে, তবে দৃষ্টিভঙ্গি এমন থাকবে না।’ এএফপি।হূদরোগের ঝুঁকিখুব জমিয়ে বিশ্বকাপ দেখার পরিকল্পনা করছেন? সাবধান, বিশ্বকাপটা যেন আবার মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়। প্রিয় দলের হারজিত নিয়ে সমর্থকেরা এতটাই উত্তেজনায় ভোগেন যে, অনেক সময় এ থেকে হূদরোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা তাই শুনিয়েছেন সাবধানবাণী, ‘এতটা উত্তেজিত হবেন না!’ অনুমানের ওপর নয়, রীতিমতো গবেষণা করে এই সাবধানবাণী শুনিয়েছেন জার্মান চিকিৎসক উটে উইলবার্ট-ল্যামপেন। ২০০৬ বিশ্বকাপের সময় মিউনিখের ৪২৭৯টি হার্ট অ্যাটাকের ঘটনা নিয়ে গবেষণা করেছেন ল্যামপেন। এ ধরনের সমর্থকদের জন্য বাঁচার একটা পথ বাতলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাটাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুসেন ভাওদা, ‘খেলোয়াড়ি চেতনা নিয়েই খেলাটা উপভোগ করতে হবে। অধিক উত্তেজনা ডেকে আনতে পারে মৃত্যু।’ ওয়েবসাইট।