টু কি টা কি
সঞ্জীবনী সুধাএ মাসের শেষের দিকে ৩৬ বছর পূর্ণ করতে চলেছেন হ্যান্স-জর্জ বাট। কিন্তু জার্মান এই গোলরক্ষক দাবি করছেন, হুট করে তাঁর বয়স নাকি কমে গেছে ১০ বছর! সঞ্জীবনী সুধার খোঁজ কোথায় পেলেন বায়ার্ন মিউনিখের গোলপ্রহরী? জার্মানির বিশ্বকাপ প্রাথমিক দলে। কান-লেম্যানদের যুগে জন্মে যে ভুল করেছিলেন, তারই খেসারত দিয়েছেন এখন পর্যন্ত জাতীয় দলে মাত্র তিনটি ম্যাচ খেলে। কিন্তু গোলরক্ষক-সংকট আর বাটের দুর্দান্ত ফর্ম—দুই মিলে সৌভাগ্যের দুয়ার খুলে দিয়েছে তাঁর। ক্যারিয়ারের এই পড়ন্ত বেলায় এসেই পূরণ হতে চলেছে বিশ্বকাপ-স্বপ্ন! ‘বিশ্বকাপে খেলতে কে না চায় বলুন। দলে সুযোগ পেয়ে আমি ধন্য। আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি। গোলপোস্টের নিচে আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে, যেটি গুরুত্বপূর্ণ। তা ছাড়া মনে হচ্ছে, আমার বয়স যেন ৩৫ নয়, ২৫!’ এএফপি।চ্যাম্পিয়নদের প্রস্তুতিবিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা। অথচ খবরের পাতায় বড় অংশ দখল করে রাখছে ব্রাজিল-আর্জেন্টিনা-স্পেন-ইংল্যান্ড। কোচ মার্সেলো লিপ্পি অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন, তিনি এটাই চান। ফেবারিট না হওয়াই সবচেয়ে বড় সুবিধা। খবরে সেভাবে না থাকলেও ইতালি কিন্তু নিজেদের কাজ শুরু করে দিয়েছে। তাদের মিশন শিরোপা ধরে রাখার। অন্যরা যেখানে প্রাথমিক দল ঘোষণা করছে, কয়েক ধাপ এগিয়ে থাকা লিপ্পি ঘোষণা করে দিয়েছেন বিশ্বকাপের প্রস্তুতি পরিকল্পনাই। ২৩ মে তুরিনে শুরু হবে ইতালির অনুশীলন। অনুশীলন শেষে ইতালি উড়ে যাবে সুইজারল্যান্ড। সেখানে ৩ জুন মেক্সিকো আর ৫ জুন সুইজারল্যান্ডের সঙ্গে তাদের প্রস্তুতি ম্যাচ। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে ৮ জুন সন্ধ্যায়। ওয়েবসাইট।টটেনহাম টুহ্যারি রেডন্যাপের প্রস্তাবে যদি সায় দেন ফ্যাবিও ক্যাপেলো, আগামী বিশ্বকাপের ইংল্যান্ড দলটিকে আপনি ‘টটেনহাম টু’ নামেও ডাকতে পারেন। টটেনহামের কোচ বলছেন, তাঁর দলের আট-আটজন খেলোয়াড়ের প্রত্যেকের ইংল্যান্ড দলে জায়গা হওয়া উচিত। এবং এই আটজনই নাকি বিশ্বকাপ জেতাতে সক্ষম! ‘আমি তো চাই ২০১০ সালে টটেনহাম বিশ্বকাপও জিতুক, কারণ আমরাই একগাদা খেলোয়াড় দিচ্ছি ক্যাপেলোকে। সিটির বিপক্ষে চতুর্থ স্থান নিশ্চিত করা ম্যাচটায় আমি ছয়জন ইংল্যান্ড খেলোয়াড় শুরুতেই নামিয়েছিলাম। পরে বেন্টলিকে নামিয়েছি। বেঞ্চে বসে ছিল জেনাস’—বলেছেন ৪৮ বছর পর টটেনহামকে চ্যাম্পিয়নস লিগে নিয়ে যাওয়া কোচ। ওয়েবসাইট।রোনালদো-স্তুতিলিগে সর্বশেষ দুই ম্যাচে পাঁচ গোল! ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির মুখে তো বটেই, জাতীয় দলের কোচ কার্লোস কুইরোজের মুখেও নিশ্চয়ই চওড়া হাসি ফোটাচ্ছেন। এই সময়ে পর্তুগিজ উইঙ্গারের এমন দুর্দান্ত জ্বলে ওঠায় জাতীয় দলের সতীর্থরাও খুশি। আরেক উইঙ্গার সিমাও যেমন বলছেন, তাদের জাতীয় দলের অধিনায়ক সম্ভবত সেরা ফর্মে আছেন। এবং বিশ্বকাপে রোনালদো খেলবেন আরও দুর্দান্ত। ‘আমি ক্রিস্টিয়ানোকে ভালো করেই চিনি। জানি ও কী করতে পারে। ও ওর সেরাটাই খেলছে। রিয়াল মাদ্রিদে প্রথম মৌসুম—এটা বিবেচনায় রাখলে বুঝতে পারবেন কাজটা কত কঠিন।’ তবে রোনালদো একা খেললে তো হবে না, বাকিদেরও জ্বলে উঠতে হবে দক্ষিণ আফ্রিকায়। ওয়েবসাইট।