টু কি টা কি
পারবেন লেনন?টটেনহাম কোচ হ্যারি রেডনাপের কথা শুনে ফ্যাবিও ক্যাপেলোর কপালে চিন্তার ভাঁজটা আরও বাড়বে। বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ইংল্যান্ড দলে চোট আর নানাবিধ সমস্যা বাড়ছেই। গোড়ালির চোট ডেভিড বেকহামকে ছিটকে ফেলেছে বিশ্বকাপ থেকে। চোট পেয়েছেন রুনি। এর মধ্যেই রেডনাপ শোনালেন হতাশার কথা—উইঙ্গার অ্যারন লেনন ফেরার জন্য এখনো প্রস্তুত নন। মাঝমাঠের ডান প্রান্তে বেকহাম যে পজিশনে খেলতেন, সেখানে ভালোই খেলছেন লেনন। কিন্তু কুঁচকির ইনজুরির কারণে গত ডিসেম্বর থেকেই মাঠের বাইরে টটেনহাম মিডফিল্ডার। টটেনহাম কোচ রেডনাপ বলেছেন—লেনন অনুশীলন শুরু করেছেন, তবে মাঠে ফিরতে আরও দেরি হবে তাঁর। ওয়েবসাইট।উচ্চতার খোঁজেশুধু প্রতিপক্ষ দলগুলোকে নিয়ে ভাবলে চলছে না। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বৈরী আবহাওয়া আর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা নিয়েও যে ভাবতে হচ্ছে দলগুলোকে। সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উচ্চতায় খেলার অনুশীলন করতে আলজেরিয়া তাদের অনুশীলন শিবির বদলে ফেলেছে। আলজেরিয়ার বিশ্বকাপের প্রস্তুতি নিতে যাওয়ার কথা ছিল ইতালি। সিদ্ধান্ত বদলে এখন তারা যাচ্ছে সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার পাদদেশে ক্রানস-মন্টানায়। সেখানে তারা অনুশীলন করবে ১৩ থেকে ২৭ মে পর্যন্ত। এরপর ২৮ মে ডাবলিনে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। রয়টার্স।বেহাল হাসপাতালস্টেডিয়াম নির্মাণ ও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা নেই, যাতায়াতব্যবস্থাও ঠিক আছে। আয়োজকেরা এ নিয়ে নিশ্চয়তা দিচ্ছে। তবে বিশ্বকাপকে ঘিরে দুশ্চিন্তা তবু থেকেই যাচ্ছে! হাসপাতালগুলো যে এখনো প্রস্তুত নয়। স্টেডিয়ামে ভিড়ের চাপে কেউ পদপিষ্ট হয়ে আহত হলে বা অন্য কোনো বিপদ ঘটলে দ্রুত চিকিৎসাসেবা দিতে যে মানের প্রয়োজন, সেটা এখনো নেই দক্ষিণ আফ্রিকার হাসপাতালগুলোর। জোহানেসবার্গের জরুরি চিকিৎসা বিভাগের প্রধান ইফরেইম ক্রামার তো দিলেন দক্ষিণ আফ্রিকার চিকিৎসাব্যবস্থার দুরবস্থার চিত্র, ‘হাসপাতাল বিপর্যয় পরিকল্পনাই এখানে বিপর্যস্ত।’ ক্রামারই বলেছেন, জরুরি বিভাগ ও দুর্যোগ ব্যবস্থাপনা দূরে থাক, দক্ষিণ আফ্রিকার হাসপাতালগুলোর সাধারণ সেবার মানেরই কোনো উন্নতি হয়নি। অথচ বিশ্বকাপ উপলক্ষে দেশটিতে প্রায় সাড়ে তিন লাখ বিদেশির আগমন ঘটবে। ওয়েবসাইট।