টু কি টা কি
ব্রাজিল ফেবারিটডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি নয়, নয় বাছাইপর্বে দশে দশ পাওয়া স্পেন; আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থার সাংবাদিকদের রায়ে বিশ্বকাপের হট ফেবারিট দল ব্রাজিল। সংস্থার ৯৭টি দেশের দুই শরও বেশি ক্রীড়া সাংবাদিকের ২৮.৩ শতাংশ ভোট পেয়েছে কার্লোস দুঙ্গার দল। দ্বিতীয় ও তৃতীয় ফেবারিট হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। ফ্যাবিও ক্যাপেলোর ইংল্যান্ড আছে চারে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার ভোটে সবাইকে ছাড়িয়ে ম্যারাডোনার শিষ্য লিওনেল মেসি। ভোটদাতাদের প্রায় অর্ধেক রায় পেয়েছেন তিনি। রয়টার্স।হতাশ মেক্সিকান ‘সমুদ্র’দলের জয় দেখতেই মাঠে এসেছিল মেক্সিকোর সমর্থকেরা। ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছিল মিডোল্যান্ডস স্টেডিয়ামের গ্যালারি। কিন্তু ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর প্রস্তুতি ম্যাচটা পড়ল ঝিমিয়ে। ম্যাচের ফলাফল গোলশূন্য ড্র। গ্যালারিকে লাল-সবুজে রাঙিয়ে তোলা সমর্থকেরা তাতে হতাশ। মেক্সিকো বিশ্বকাপে খেলছে, ইকুয়েডর খেলছে না। ফিফা র্যাঙ্কিংয়ে মেক্সিকোর অবস্থান ১৭, ইকুয়েডরের ৩৬। আর সেই ইকুয়েডরকে কি না হারাতে পারল না মেক্সিকো! তবে দর্শকেরা হতাশ হলেও দলের পারফরম্যান্সে হতাশ নন মেক্সিকোর কোচ হাভিয়ের আগুইরে, ‘ফলাফলে আমি খুশিই। অবশ্যই আপনি জিততে চাইবেন। মাঠে যখন ৮০ হাজার দর্শক, গোল করতে চাইবেন আপনি। কিন্তু আমি মনে করি, ভালোই খেলেছি আমরা।’ কোচ তো ভালো বলবেনই, স্কোয়াডের ২৬ জনের কোন তিনজনকে বাদ দেবেন, সে ব্যাপারে একটা ধারণা পেয়েছেন। এবারের বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গে উদ্বোধনী ম্যাচে খেলবে মেক্সিকো। ওয়েবসাইট।ইনজুরিতে পার্কবিশ্বকাপ শুরুর বাকি আর কয়েক সপ্তাহ। এরই মধ্যে একটা দুঃসংবাদ শুনতে হলো দক্ষিণ কোরিয়া ফুটবল দলকে। ফ্রেঞ্চ লিগে মোনাকোর হয়ে খেলা কোরীয় স্ট্রাইকার পার্ক চু-ইয়াং ঊরুতে চোট পেয়েছেন। তিন সপ্তাহের মতো তাঁকে মাঠের বাইরে থাকতে হবে বলে ক্লাব সূত্রে জানানো হয়েছে। তবে আশা করা হচ্ছে, শুরু থেকেই দক্ষিণ কোরিয়া দলে খেলতে পারবেন তিনি। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা, নাইজেরিয়া ও গ্রিসের সঙ্গে খেলবে দক্ষিণ কোরিয়া। ওয়েবসাইট।হেলটনের আশাবিশ্বকাপে ব্রাজিলের গোলপোস্ট কে সামলাবেন, তা নিয়ে খুব একটা সংশয় থাকার কথা নয়। ইন্টার মিলানের হুলিও সিজার দুঙ্গার এক নম্বর পছন্দ, এটা জানা কথা। কিন্তু গোলকিপারের জন্য আরও দুটি জায়গা তো আছে। হেলটন আশা ছাড়ছেন না। টটেনহাম হটস্পার, রোমার দানি এবং হুলিও সের্জিওর সঙ্গে লড়াই করে বাকি দুটি জায়গার একটিতে ঢুকবেন বলে তাঁর আশা। আঙুল ভেঙে যাওয়ায় পর্তুগিজ লিগের তিন ম্যাচ মিস করা এই গোলরক্ষক দুঙ্গার নজর কাড়তে পোর্তোর হয়ে শেষ ম্যাচটায় অন্তত এমন কিছু করতে চান, যাতে বিশ্বকাপ দলে জায়গা হয়। কোপা আমেরিকা এবং বাছাইপর্বের কয়েকটি ম্যাচে দুঙ্গার দলে থাকা ৩১ বছর বয়সী হেলটন বলছেন, ‘আমি উনিয়াও ডি লিরিয়ার বিপক্ষে ম্যাচটা খেলার জন্য খুবই খাটছি। এই ম্যাচে ভালো কিছু করার সুযোগের অপেক্ষায় আছি আমি, যাতে দুঙ্গার চূড়ান্ত তালিকায় আমার ঠাঁই হয়।’ ওয়েবসাইট।