টু কি টা কি
রুনি-ভরসাওয়েইন রুনি এখন বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার, আগের চেয়ে তিনি এখন পরিণত—শুধু ইংল্যান্ডেই নয়, রুনিকে নিয়ে এই কথাগুলো তাঁর প্রতিপক্ষরাও বলেন। এই বিশ্বকাপে ইংল্যান্ডের স্বপ্ন-সারথিও ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার। রুনি এটা ভালো করেই জানেন। জানেন বলেই ভরসা দিয়ে রেখেছেন, ‘আশা করি, ইংল্যান্ডকে যথেষ্ট সাহায্য করতে পারব।’ চোটের কারণে অনিয়মিত হয়ে পড়ার আগে এ মৌসুমে ৩৪ গোল করেছেন রুনি। দারুণ ফর্মে থাকা রুনি অবশ্য তাঁর আত্মবিশ্বাসের অন্য ব্যাখ্যাই দিয়েছেন, ‘কয়েক বছর আগে আমি যখন আমার দেশ এবং ক্লাবের জন্য খেলতাম তখন তরুণ ছিলাম। এখন আমি অনেক পরিণত। বয়স বেড়েছে, আগের সেই রাগটা আর নেই। আশা করছি, এই পরিণতিবোধ দিয়ে ইংল্যান্ডের জন্য কিছু করতে পারব।’ এএফপি, ওয়েবসাইট। ক্যাপেলোর ব্যাখ্যাজন টেরির ব্যাপারটা কী হবে শেষ পর্যন্ত? আবারও কি ইংল্যান্ডের নেতৃত্ব ফিরে পাবেন চেলসি ডিফেন্ডার? টেরির বিশ্বাস, আবার সবকিছু ফিরে পাবেন তিনি, বিশ্বকাপে নাকি যাবেন অধিনায়কত্বের বন্ধনী হাতে নিয়েই! কোচ ফ্যাবিও ক্যাপেলো কি টেরিকে আবার অধিনায়কত্ব ফিরিয়ে দেবেন? সরাসরি করে কিছু বলেননি ইংল্যান্ডের ইতালিয়ান কোচ। তিনি আপাতত টেরিকে অধিনায়কের আসন থেকে সরিয়ে দেওয়ার ব্যাখ্যাটাই দিয়েছেন, ‘আমার আর কিছু করার ছিল না। সে জানে, আমার কাছে সবকিছুর আগে মূল্যবোধ। আমি ওকে বলেছি, অধিনায়কের আসলে দৃষ্টান্ত স্থাপন করতে হয়—আমি তোমার বাহুবন্ধনীটা নিয়ে নিচ্ছি।’ ইংল্যান্ড এবং চেলসির সাবেক সতীর্থ ওয়েইন ব্রিজের সাবেক স্ত্রীর সঙ্গে গোপন প্রেমের কাহিনি ফাঁস হয়ে যাওয়ার পরই অধিনায়কত্ব গেছে টেরির। ২০০৬ বিশ্বকাপের পর ইংল্যান্ডের অধিনায়ক হওয়া টেরির জায়গায় বসানো হয়েছে রিও ফার্ডিনান্ডকে। ওয়েবসাইট। ছাঁটাইপ্রাথমিক দল দেওয়ার পালা শেষ। তবে কাজ এখনো বাকি। এবার ৩০ জনের দলটাকে ছেঁটে নামাতে হবে ২৩-এ। নেদারল্যান্ড কোচ ছাঁটাইয়ের কাজটা এরই মধ্যে শুরু করে দিয়েছেন। ৩ জনকে ছেঁটে দলটা ২৭-এ নামিয়ে কাজ এগিয়ে রাখলেন বার্ট ফন মারউইক। পিএসভি আইন্দহোফেনের ওটমান বাকাল, এফসি টোয়েন্টির ওট ব্রামা এবং এজেড আলকমারের মেন্ডেস ডা সিলভাকে বাদ দিলেন তিনি। আগামী সপ্তাহে অস্ট্রিয়ায় অনুশীলন শুরু করবে নেদারল্যান্ড। বাকি চারজনকে ছেঁটে ফেলার কাজটা এর পরই করবেন বলে জানিয়েছেন কোচ। ২২ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পরই দলের সঙ্গে যোগ দেবেন ওয়েসলি স্নাইডার, মার্ক ফন বোমেল ও আরিয়েন রোবেন। এএফপি।