টু কি টা কি
বালাক-দুশ্চিন্তাজোয়াকিম লোর রক্তচাপ কি ‘হাই’ হয়ে গেছে? হওয়ারই কথা। পরশু এফএ কাপের ফাইনাল শেষে ভয় পাওয়ার মতো খবরই পেয়েছেন জার্মানি কোচ। অধিনায়ক মাইকেল বালাক চেলসির হয়ে খেলার সময় চোট পেয়েছেন অ্যাঙ্কেলে। ম্যাচের ৪৪ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়া বালাকের চোট কতটা গুরুতর সেটি অবশ্য স্ক্যান না করা পর্যন্ত জানা যাচ্ছে না। ‘এমআরআই স্ক্যান যতক্ষণ না করাচ্ছি, আমি নিজেও বুঝতে পারব না চোটের অবস্থা কত খারাপ’—বলেছেন বালাক। গতকালই স্ক্যান করানোর কথা ছিল তাঁর। অবশ্য সেদিন স্টেডিয়ামে তাৎক্ষণিক এক্স-রে করে দেখা গেছে, হাড় ভাঙেনি। চেলসির চিকিৎসকেরাও মনে করেন না, বিশ্বকাপ অনিশ্চিত হওয়ার মতো চোট পেয়েছেন বালাক। জার্মান অধিনায়ক দুরু দুরু বুকেই প্রস্তুতি নিচ্ছিলেন সিসিলে যাওয়ার। এখানে প্রস্তুতি ক্যাম্প করছে জার্মানি। এএফপি।মেসি বলছেনমেসি মেসি মেসি। আর্জেন্টিনাকে নিয়ে লিখতে গেলেই শুধু মেসি মেসি করছে বিশ্বের তাবৎ সংবাদমাধ্যম। সাংবাদিকদেরও দোষ কী। লিওনেল মেসিই তো একরকম বাধ্য করে রেখেছেন। তবে বার্সেলোনার এই ফরোয়ার্ড কিন্তু বলছেন, তাঁকে নিয়ে শুধু নয়, চাইলে সাংবাদিকেরা মাতামাতি করতে পারে পুরো আর্জেন্টিনা দল নিয়েই। কারণ এই দলটায় তো তারকায় ঠাসা। ‘আর্জেন্টিনা মানে শুধু মেসি নয়। জাতীয় দলও একজনের দিকে তাকিয়ে নেই। আমরা সবাই মিলে একটা দল, ঠিক বার্সেলোনার মতো’—সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন এই ২২ বছর বয়সী। ওয়েবসাইট।গাজায় ‘বিশ্বকাপ’বিশ্বকাপ না ১১ জুন শুরু? কে বলল, শুরু তো হয়েছে বেশ আগেই, গত পরশু হয়ে গেল ফাইনালও। জর্ডানকে হারিয়ে শিরোপা জিতল ফ্রান্স। জর্ডানের নাম দেখেই বুঝে ফেলার কথা, এটা ‘আসল’ বিশ্বকাপ নয়। বিশ্বকাপের আগেই এই বিশ্বকাপ হয়েছে ফিলিস্তিনের গাজায়, ১৬টি স্থানীয় দল ফ্রান্স, সার্বিয়া, যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন দেশের নামে খেলেছে। টুর্নামেন্টটাও হঠাৎ করেই নয়। সারা বিশ্বের মতো ফুটবল উন্মাদনা গাজাতেও কম নয়। কিন্তু সীমানা বন্ধ থাকায় খেলা দেখতে দক্ষিণ আফ্রিকা যাওয়া তো দূরের কথা, বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগই তো বন্ধ তাদের। তাই নিজেরাই আয়োজন করেছে বিশ্বকাপ। গাজায় রাস্তায় রাস্তায় বিলবোর্ডে শোভা পেয়েছে স্লোগান, ‘সীমান্ত বন্ধ, তাতে কি? বিশ্বকাপ হবে গাজাতেই।’ উৎসাহ-উদ্দীপনারও কেনো কমতি ছিল না, ফাইনাল দেখেছে ২০ হাজার দর্শক। মূল বিশ্বকাপের আদলেই গড়া ট্রফি চ্রাম্পিয়নদের হাতে তুলে দিয়েছেন হামাস সরকারের প্রধান ইসমাইল হানিয়া। তিনি ঘোষণা দিয়েছেন, এখন থেকে নিয়মিতই হবে এই বিশ্বকাপ। এএফপি।