টু কি টা কি
আশায় এসিয়েনসেই যে জানুয়ারিতে আফ্রিকান নেশনস কাপে খেলতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়েছেন, তার পর থেকেই মাঠের বাইরে ঘানার তারকা ফুটবলার মাইকেল এসিয়েন। দেশসেরা ফুটবলারকে বাদ দিয়ে বিশ্বকাপে যাওয়ার কথা ভাবা যায়! তাই অনিশ্চয়তার মধ্যেও এসিয়েনকে ৩০ সদস্যের প্রাথমিক দলে রেখেছেন কোচ মিলোভান রাজেভাচ। এখন প্রশ্ন হলো, সংশয় উড়িয়ে দিয়ে এসিয়েন দক্ষিণ আফ্রিকায় যেতে পারবেন তো? চেলসির এই মিডফিল্ডার নিজে কিন্তু পা রেখেছেন আশার ভেলায়। আশা করছেন বিশ্বকাপে খেলার সবুজ সংকেতটা তিনি পেতে চলেছেন। ঘানার ফেডারেশন কর্তাদের সঙ্গে চেলসির মেডিকেল টিমের বৈঠকেই সিদ্ধান্ত হয়ে যাবে। চেলসির ট্রেনিং গ্রাউন্ডে পুনর্বাসন-প্রক্রিয়ার মধ্যে থাকা এসিয়েন বলেছেন, ‘সুস্থ হওয়ার জন্য আমি কাজ করে যাচ্ছি। যদি সুস্থ হই, আশা করি, বিশ্বকাপের আগে অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারব। বিশ্বকাপ শুরুর আগে সেটি খুব জরুরিও। কারণ আমি জানুয়ারি থেকে খেলার মধ্যে নেই। তবে যদি প্রস্তুতি ম্যাচ নাও পাই, তবুও নিশ্চিত যে আমি দক্ষিণ আফ্রিকায় যাব। কারণ যত দূর সম্ভব, ফিটনেসের ছাড়পত্রটা আমি পেয়ে যাচ্ছি। এএফপি।সহজ লক্ষ্যটিকিট, পাসপোর্ট, ভিসা এবং বাক্স-পেটরা গোছগাছ—সব প্রস্তুতিই প্রায় শেষ। এই অবস্থায় কী করবেন ইংলিশ সমর্থকেরা? জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বকাপ দেখতে যাওয়াটা তাদের ঠিক হবে? জীবনের ঝুঁকি? হ্যাঁ, ইংলিশ সমর্থকদের জন্য পিলে চমকানো এক তথ্যই দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল-কায়েদা বিশেষজ্ঞ হুসেইন সোলোমন। বিশ্বকাপ চলাকালে আল-কায়েদার সন্ত্রাসী হামলার সহজ শিকার হবে ইংলিশ সমর্থকেরা! ফুটবলাররা না হয়ে সমর্থকেরা কেন? বিশ্বকাপে ফুটবলাররা পাবেন ব্যয়বহুল নিরাপত্তা। কিন্তু সমর্থকেরা তো রাত-দিন ২৪ ঘণ্টা নিরাপত্তাবলয়ে থাকবে না, তাই তারা হবে ‘সহজ লক্ষ্য’। ডেইলি স্টার সোলোমনকে উদ্ধৃত করে লিখেছে, ‘দলের জার্সি গায়ে ঘুরে বেড়ানো মানে বুকে টার্গেট নিয়ে ঘুরে বেড়ানো।’ ইংলিশদের মতো দল বেঁধে আর কোনো দেশ থেকে এত ফুটবল-পাগল দর্শক দক্ষিণ আফ্রিকায় তো যাবে না! এক ইংলিশ সাময়িকী জানিয়েছে, প্রায় ৬০ হাজার ইংলিশ সমর্থক পাড়ি জমাবে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকান পুলিশ অবশ্য বলছে তারা যেকোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত। ওয়েবসাইট।