টু কি টা কি
আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু!সে কী, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর্দা তো উঠবে ১১ জুন। আর ‘আফ্রিকান ইগল’ নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচ তার পরদিন। ৩ সপ্তাহ আগেই আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হয়ে গেল! দাঁড়ান, কোনো প্রশ্ন ছুড়ে দেওয়ার আগে একবার জেনে নিন, কথাটি বলেছেন আর্জেন্টিনার কোচ ডিয়েগো ম্যারাডোনা। তৃতীয় বিশ্বকাপ ট্রফির আশায় ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন দুই দিন হলো। এই দলেরই ১৭ জনকে নিয়ে গতকাল থেকে ম্যারাডোনা শুরু করেছেন চূড়ান্ত অনুশীলন। এটাকেই ম্যারাডোনা বলছেন তাঁদের ‘বিশ্বকাপের শুরু’, ‘আজ থেকে শুরু হলো আমাদের বিশ্বকাপ। কারণ ১৭ জন খেলোয়াড় নিয়ে আমরা কাজ শুরু করেছি।’ প্রস্তুতি শুরু করে নিজেদের লক্ষ্যটাও আরেকবার জানিয়ে দিলেন আর্জেন্টাইন কোচ, ‘সর্বোচ্চ প্রত্যাশাই আছে আমাদের।’ সার্জিও আগুয়েরো, ওয়াল্টার স্যামুয়েল, দিয়েগো মিলিতো, মার্টিন দেমিচেলিস, ক্লেমেন্তে রদ্রিগেজ ও সেবাস্তিয়ান ভেরন—২৩ জনের দলের এই ৬ সৈনিক এখনো ম্যারাডোনার তাঁবুর নিচে আসেননি, কারণ তাঁদের ক্লাবের কাজ এখনো বাকি! এএফপি।প্রতি ম্যাচেই গোল!দেশবাসী ভালোবেসে তাঁর নাম দিয়েছে ‘এশিয়ার রুনি’। ভালোবাসার প্রতিদান দিতেই হয়তো উত্তর কোরিয়ার এই রুনি জং তে-সে এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই গোল করার স্বপ্ন দেখছেন! শুধু তা-ই নয়, ১৯৬৬ সালের সেই সোনালি স্মৃতিই আরেকবার ফিরিয়ে এনে বিশ্ববাসীকে চমকে দেওয়ার স্বপ্নে বিভোর তিনি। ব্রাজিল, পর্তুগাল, আইভরিকোস্টের সঙ্গে ‘গ্রুপ অব ডেথে’ পড়েও জাপানি ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেলে খেলা ২৬ বছর বয়সী স্ট্রাইকার দারুণ আত্মবিশ্বাসী। বলেছেন, ‘নানা প্রতিকূলতা পেরিয়ে টিকিট জিতেছি আমরা। আমরা এমন কিছু করতে চাই, যাতে বিশ্ব চমকে যায়।’ উত্তর কোরিয়ার প্রস্তুতি শিবির শুরু হয়েছে সুইজারল্যান্ডে। এই শিবিরে যোগ দেওয়ার উদ্দেশ্যে টোকিও ছেড়ে আসার সময় তিনি বলেছেন, ‘আমি পুরোপুরি প্রস্তুত এবং দৃঢ়প্রতিজ্ঞ। আমার দর্শন হলো, “আবারও ১৯৬৬”।’ জং তে-সে খেলবেন দলীয় ও ব্যক্তিগত লক্ষ্য নিয়ে, ‘আমাদের দলের লক্ষ্য গ্রুপ পর্ব উতরানো এবং আমার লক্ষ্য, প্রতি ম্যাচেই একটি করে গোল করে গ্রুপ পর্বে ৩ গোল করা।’ ৪৪ বছর আগে উত্তর কোরিয়া তাদের বিশ্বকাপ অভিষেকেই ইতালিকে হারিয়ে চমকে দিয়েছিল, আর কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিপক্ষে ২৫ মিনিটের মধ্যেই এগিয়ে গিয়েছিল ৩-০ গোলে। এএফপি।গ্যালারি ভরাতে বাসবিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। কিন্তু বরাবরের মতো সংশয়টা এখনো রয়েই গেছে, দক্ষিণ আফ্রিকা দর্শক-খরার বিশ্বকাপ দেখবে না তো? জোহানেসবার্গ, কেপটাউন, ডারবান—মূল নগরকেন্দ্রিক এসব ভেন্যু নিয়ে কোনো সংশয় নেই। পোলকওয়েন, নেলসপ্রুইট, পোর্ট এলিজাবেথ—দূরবর্তী এই তিন ভেন্যু নিয়েই যত সংশয়। এর মধ্যে নেলসপ্রুইট ও পোলকওয়েন সীমান্তবর্তী, মোজাম্বিক ও জিম্বাবুয়ে সীমান্তের খুব কাছাকাছি। হাজার মাইল পেরিয়ে স্থানীয় দর্শক এখানে যাবে তো? তবে দর্শক-খরা কাটাতে ফিফা দারুণ একটি চিন্তা করছে। দর্শকদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য এই স্টেডিয়ামগুলোর জন্য ২০০টি বাস দেওয়ার কথা ভাবছে ফিফা। এসব বাসে মোজাম্বিক, জিম্বাবুয়ের দর্শকদেরও সীমান্ত থেকে বহন করে আনার কথাও ভাবছেন ফিফা মহাসচিব। এএফপি।বিশ্বকাপ শুরু ব্রাজিলেরওআর্জেন্টিনা অনুশীলন শুরু করে দিয়েছে, ব্রাজিল কি আর বসে থাকবে! দক্ষিণ ব্রাজিলের শহর কুরিবিতার নির্জন অঞ্চলে অনুশীলন শুরু করেছে কার্লোস দুঙ্গার দল। ২৩ জনের দলের সবাই অবশ্য এখনো যোগ দেননি। চ্যাম্পিয়নস লিগের আজকের ফাইনাল খেলার জন্য অনুশীলনে অনুপস্থিত গোলকিপার হুলিও সিজার, রাইট ব্যাক মাইকন, অধিনায়ক লুসিও। বিভিন্ন কারণে অনুপস্থিত আছেন আরও তিনজন। অনুশীলনে পুরোপুরি মনোযোগ দেওয়ার জন্য সংবাদমাধ্যমের সঙ্গে ফুটবলারদের কথা বলা নিষিদ্ধ করেছেন দুঙ্গা ও ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। এএফপি।