টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লোসায় আস্থা লোরগত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, জিতেছিলেন সোনালি বুট। চার বছরে সেই মিরোস্লাভা ক্লোসার বুটে ধরেছে মরচে। সেই সোনালি ফর্ম আর নেই! কিন্তু বিশ্বকাপ দুয়ারে আসতেই যেন ঘুম ভেঙেছে জার্মানির এই স্ট্রাইকারের। পরশু বুন্দেসলিগায় বদলি হিসেবে নেমে বড় বাঁচা বাঁচিয়ে দিয়েছেন বায়ার্ন মিউনিখকে। হারতে বসা বায়ার্ন ক্লোসার গোলে ড্র করে অন্তত এক পয়েন্ট নিয়ে এক নম্বর জায়গাটি ধরে রাখতে পেরেছে। এই মৌসুমে লিগে এটি মাত্র তৃতীয় গোল তাঁর। যদিও জার্মানির কোচ জোয়াকিম লো জানিয়েছেন, ক্লোসার ওপর ভরসা আছে তাঁর। শুধু ক্লোসা নয়, গত বিশ্বকাপে আলো ছড়ানো লুকাস পোডলস্কির ওপর আস্থা হারাচ্ছেন না লো। ক্লোসার মতো পোডলস্কিও লিগে গোল করেছেন মাত্র তিনটি। ‘আমি জানি, ওরা এই মৌসুমে খুব একটা সাফল্য পায়নি। কিন্তু ওদের মান নিয়ে আমার কোনো সন্দেহ নেই’—বলেছেন লো। ওয়েবসাইট।ফ্যাব্রিগাস প্রস্তুতআর্সেনালের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছেন সেস ফ্যাব্রিগাস। যে দুশ্চিন্তা সংক্রমিত হচ্ছে স্পেন সমর্থকদের মধ্যেও। এই মিডফিল্ডার যে ইনজুরিতে পড়ে চলে গেছেন মাঠের বাইরে। ২২ বছর বয়সী ফ্যাব্রিগাস অবশ্য দৃঢ়বিশ্বাসী, আগামী বিশ্বকাপে অবশ্যই তিনি খেলবেন। আগামী সপ্তাহে লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখানোর কথা বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চোট পাওয়া স্প্যানিয়ার্ড তারকার। সমর্থকদের দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়ে ফ্যাব্রিগাস জানিয়েছেন, ‘এখন আমি স্পেনে, কিন্তু কদিনের মধ্যেই লন্ডনে ফিরব। সেখানকার একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাব। এই মৌসুমে আর্সেনালের শেষ ম্যাচটায় খেলতে চাই, কারণ এই ম্যাচ দিয়েই খেলোয়াড়েরা সমর্থকদের সম্মান জানায়। এর পর স্পেনে ফিরে বাকি পুনর্বাসন কাজটা করব, প্রস্তুত হব বিশ্বকাপের জন্য। মানসিকভাবে আমি শতভাগ ফিট।’ ওয়েবসাইট।উন্মাদনা নেই!বিশ্বকাপ যত ঘনিয়ে আসে, উন্মাদনা ততই বাড়ে। অংশগ্রহণকারী ৩২টি দেশ শুধু নয়, বিশ্বকাপ তো আসলে গোটা পৃথিবীরই। বিশ্বকাপে অংশ নিচ্ছে না, নিকট ভবিষ্যতে নেবে এমন সম্ভাবনাও নেই—বাংলাদেশের মতো দেশগুলোই তো বিশ্বকাপ-জ্বরে কাঁপে। অথচ জাপানে ঘটছে উল্টো ব্যাপার! টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে যাচ্ছে ‘ব্লু সামুরাই’রা, কিন্তু জাপানে নাকি এ নিয়ে কারও মধ্যে কোনো উত্তেজনাই দেখা যাচ্ছে না। এমন কথা শুনিয়েছে খোদ দেশটির ফুটবল সংস্থার প্রধান সাবুরো কাওয়াবুচি। ‘আসলে দলটা ভালো খেলছে না বলেই জাপানে বিশ্বকাপ নিয়ে কোনো উন্মাদনা নেই’— বলেছেন কাওয়াবুচি। রয়টার্স।হঠাৎ চীনের ‘না’বিশ্বকাপের আগে একেকটা প্রীতি ম্যাচের দাম সোনার চেয়েও বেশি। যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিয়েই সবাই যেতে চায় এই টুর্নামেন্টে। সেদিক দিয়ে দেখলে, দক্ষিণ আফ্রিকার জন্য চীনা ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তটা আঘাত হয়েই এসেছে স্বাগতিকদের জন্য। চীন হুট করে জানিয়ে দিয়েছে, ২৮ এপ্রিল নির্ধারিত প্রীতি ম্যাচটা তারা খেলতে পারবে না। কারণ হিসেবে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে বিপর্যস্ত বিমানব্যবস্থাকে দায়ী করা হয়েছে। আরও কদিন আগে হলে দক্ষিণ আফ্রিকা হয়তো আপত্তি করত না। কিন্তু বিমানব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে যখন, ঠিক সেই সময়ে চীনের এই সিদ্ধান্ত মানতে পারছে না ‘বাফানা বাফানা’রা। প্রয়োজনে ফিফার দ্বারস্থ হওয়ার ঘোষণাও দিয়েছে তারা। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, তারা বিকল্প হিসেবে জার্মানির একটা ক্লাবের বিপক্ষে ম্যাচটা খেলার পরিকল্পনা করছে। কিন্তু কোচ কার্লোস আলবার্তো পাহেইরা কোনো রিজার্ভ দলের বিপক্ষে এ মুহূর্তে ম্যাচ খেলাটাকে দেখছেন অপচয় হিসেবে। এএফপি।