টু ক রো খ ব র
আলভেসের দুর্ভাগ্যদুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন দানি আলভেস। গত পরশু বুধবার বার্সেলোনার ট্রেনিংয়ের সময় সতীর্থ এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে তাঁর অক্ষকাস্থি (কলার বোন) ভেঙে গেছে। এরপরই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছে। বার্সার চিকিৎসক রিকার্ড প্রুনা জানিয়েছেন, ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। প্রথম চার সপ্তাহ একেবারেই নড়াচড়া করা যাবে না। ২৫ মে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কোপা ডেল রের ফাইনালটিতে তাই দর্শক হয়েই থাকতে হচ্ছে আলভেসকে। ব্রাজিলের হয়ে বেশ কিছু প্রীতি ম্যাচেও খেলা হবে না তাঁর। রয়টার্স। আমিরাতের কোচ ম্যারাডোনা?আল ওয়াসলের দিন তাহলে ফুরাল ম্যারাডোনার! না, ব্যর্থতার বলি হচ্ছেন না দুবাইয়ের ক্লাবটিকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেওয়া আর্জেন্টাইন কোচ। বরং আবারও তাঁর সামনে সুযোগ আসছে কোনো একটা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার। অনেক দিন ধরেই প্রধান কোচের পদটি খালি পড়ে আছে সংযুক্ত আরব আমিরাতের। আর ম্যারাডোনাও আছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। তাই দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ইউসুফ আল সেরকাল পরশু জানালেন, ৫১ বছর বয়সী ম্যারাডোনাকে জাতীয় দলের কোচের পদের জন্য বেশ ভালোভাবেই বিবেচনা করছেন তাঁরা। আর ম্যারাডোনা এই সম্ভাবনাতেই মহাখুশি, ‘জাতীয় দলের সঙ্গে আমার নাম আসায় আমি খুশি ও গর্বিত।’ রয়টার্স। তেভেজের যুক্তিতাঁর হয়ে ক্ষমা চেয়েছে ক্লাব। কিন্তু ঘটনার যিনি নায়ক বা খলনায়ক, সেই কার্লোস তেভেজ সোজা বলে দিলেন, তিনি ক্ষমা চাইবেন না। সিটির বিজয় মিছিলে ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসনের ‘সমাধিফলক’ তুলে ধরে ম্যানইউর সমর্থকদের কাছ থেকে মৃত্যুর হুমকি পাওয়া তেভেজ ফিরেছেন আর্জেন্টিনায়। সেখানে গিয়ে উল্টো ফার্গুসনের সমালোচনা করে বলেছেন, ‘মনে হচ্ছে, ফার্গুসন যেন ইংল্যান্ডের প্রেসিডেন্ট। তিনি যখন একজন খেলোয়াড় সম্পর্কে বাজে কথা বলেন কিংবা আমাকে নিয়ে যা-তা বলেন, তখন তো কেউ তাকে ক্ষমা চাইতে বলে না।’ এরপরই বললেন মনের কথাটা, ‘আপনি কোনো কৌতুক করলে তবেই ক্ষমার প্রশ্ন আসে। তবে আমি ক্ষমা চাইব না।’ এএফপি।