টু ক রো খ ব র
ধারাভাষ্যকার পন্টিংএখনো তিনি ক্রিকেটারই আছেন। তবে কদিন পরই ‘সাবেক’-এর খাতায় নাম লিখিয়ে রিকি পন্টিং পরিচিত হবেন নতুন পরিচয়ে। ধারাভাষ্যকার হতে চলেছেন পন্টিং। আগেই ঘোষণা দিয়েছেন, খেলোয়াড় হিসেবে অক্টোবরে চ্যাম্পিয়নস লিগটাই হবে তাঁর শেষ। এরপর ডিসেম্বরে অনুষ্ঠেয় বিগ ব্যাশ-এ ধারাভাষ্য দেবেন চ্যানেল টেন-এর হয়ে। গতকাল ধারাভাষ্যকার হিসেবে চ্যানেল টেনের সঙ্গে চুক্তিপত্রে সই করে ফেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। পন্টিংয়ের মতো একজনের সঙ্গে চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত চ্যানেল টেন। খুশি পন্টিংও। ধারাভাষ্য দিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল অধিনায়কের যেন তর সইছে না! ওয়েবসাইট।বিপাকে তেভেজঠিকানা বদলে গেছে কার্লোস তেভেজের। ইংল্যান্ড থেকে ইতালি, ম্যানচেস্টার সিটি থেকে জুভেন্টাস। ১২ জুলাই থেকে নতুন ক্লাবের হয়ে তাঁর অনুশীলনও শুরু করার কথা। কিন্তু ওটাই যে এখন শঙ্কার মুখে। বেআইনিভাবে গাড়ি চালানোর মামলায় দণ্ডপ্রাপ্ত তেভেজের সাজা শেষ হয়নি এখনো। সাজাটা অবশ্য কঠিন কিছু নয়। মোটা অঙ্কের জরিমানার পাশাপাশি মোট ২৫০ ঘণ্টা সমাজসেবামূলক কাজ করার আদেশ দিয়েছিলেন ইংল্যান্ডের আদালত। জরিমানা দিয়ে দিলেও সমাজসেবামূলক কাজের নির্দিষ্ট সময়টা এখনো পুরো করেননি তেভেজ। সেটা শেষ না করে ইতালি যেতে চাইলে জেলে পুরে দেওয়া হবে বলেও সতর্ক করে রেখেছে ব্রিটিশ পুলিশ। এএফপি। ওয়াটসনের অস্বীকারইংলিশ ক্রিকেটার জো রুটকে ঘুষি মেরে বসেছিলেন বার্মিংহামের এক পানশালায়। শাস্তিস্বরূপ ক্রিকেট অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নারকে নিষিদ্ধ করেছে অ্যাশেজ পর্যন্ত। কিন্তু গুঞ্জন ছিল এই শাস্তির পেছনে শেন ওয়াটসনের হাত ছিল। ওয়াটসনই নাকি তখনকার অস্ট্রেলিয়া কোচ মিকি আর্থারকে জানিয়ে দিয়েছিলেন ঘটনাটা। কিন্তু ওয়াটসন দাবি করেছেন, ঘটনার সঙ্গে কোনোভাবেই তিনি জড়িত নন, কোচকেও কিছু বলেননি। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওয়াটসন বোর্ডের ‘দ্বিমুখী নীতি’ নিয়ে অভিযোগ করার পরই শাস্তি পান ওয়ার্নার। প্রসঙ্গত, গত ভারত সফরে টিম ম্যানেজমেন্টের চাওয়া ‘হোমওয়ার্ক’ জমা দেননি বলে ওয়াটসনসহ চারজন বাদ পড়েছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে। ওয়েবসাইট।