টু ক রো খ ব র
অ্যালেগ্রির দুর্দশাইব্রাহিমোভিচ, থিয়াগো সিলভাদের হারিয়ে এসি মিলান এখন অনেকটাই খর্বশক্তির। দলবদলের বাজারেও বড় কোনো দাঁও মারতে পারেনি রোজানেরিরা। সিরি ‘আ’তে খাবি খাওয়া গতবারের রানার্সআপরা পয়েন্ট তালিকায় আছে ১১ নম্বরে! সমর্থকদের অনেকেই দলের এই হতশ্রী দশার দায় চাপাচ্ছে মিলানের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির ওপর। তাঁর নিষ্ক্রিয়তার জন্যই নাকি মিলানের এই হাল। লা গাজেত্তা দেল্লো স্পোর্ত ও করিয়েরে দেল্লো স্পোর্ত জানিয়েছে, সম্প্রতি মিলানের সাবেক স্ট্রাইকার ফিলিপ্পো ইনজাগির সঙ্গে এটা নিয়ে একচোট হয়ে গেছে কোচের। ইনজাগি এখন মিলানের যুবদলের দায়িত্বে, কয়েক দিন আগে মূল দলের অনুশীলনের সময়ই নাকি বাহাসটা হয় তাঁদের। ইনজাগির অভিযোগ, অ্যালেগ্রি ‘সিরিয়াস’ নন। আর অ্যালেগ্রি বলছেন, ইনজাগি তাঁকে হটানোর পাঁয়তারা করছেন। ইনজাগিকে মিলানের ভবিষ্যৎ কোচ হিসেবে দেখছে অনেকেই। কে জানে, দলের এ অবস্থা চলতে থাকলে এ পরিবর্তনটা হয়েও যেতে পারে। ওয়েবসাইট। মেসির সুদিন‘অসুখী’ রোনালদোকে নিয়ে বেশ কয়েক দিন ধরে ফুটবল-বিশ্ব তোলপাড়। অনেকের ধারণা, বেতনের কারণেই রোনালদোর এই অভিযোগ। কারণ যা-ই হোক, রোনালদো-কাণ্ডের পর এবার নড়েচড়ে বসেছে বার্সা। লিওনেল মেসির চুক্তির মেয়াদটা আরও চার বছর বাকি থাকলেও তার জন্য মোটা অর্থের প্রতিশ্রুতিসহ নতুন চুক্তির প্রস্তাব করতে যাচ্ছে ক্লাবটি। বার্সা প্রেসিডেন্ট সান্দ্রো রোজেল বলেছেন, ‘বর্তমান চুক্তি শেষ হচ্ছে ২০১৬ সালে, কিন্তু তাঁর সঙ্গে আরও ভালোভাবে নতুন চুক্তি না করাটা হবে দায়িত্বজ্ঞানহীনতা।’ রোজেল অবশ্য রোনালদোর ঘটনার সঙ্গে এই প্রস্তাবের কোনো রকম সংস্রবের কথা অস্বীকার করছেন, ‘যেদিন আপনি অন্য দলের সমস্যা নিয়ে মাথা ঘামাতে শুরু করবেন সেদিন থেকেই আপনার হার শুরু।’ ওয়েবসাইট। মেনেজেসকে ‘না’ইউরোপের বাইরে বিশ্বকাপ মানে ব্রাজিলের জয়, এটা যেন অলিখিত রীতিই। তবে সামনের বিশ্বকাপ দেশের মাঠে হলেও সেটা জিততে না-পারা হবে সেলেসাওদের জন্য চরম হতাশার। অথচ একঝাঁক তরুণ প্রতিভা নিয়েও মানো মেনেজেস এখনো তাঁর দলটাকে গুছিয়েই আনতে পারেননি। অন্য কারও নয়, অভিযোগটা খোদ পেলের, ‘আমাদের এখনো কোনো দল নেই। সব বড় ইউরোপিয়ান ক্লাবেই ব্রাজিলের খেলোয়াড়েরা খেলে, তার পরও মেনেজেস দলটাকে গুছিয়ে আনতে পারেননি।’ ব্রাজিল গ্রেট রব তুলেছেন, মানোজেসের বদলে অন্য কাউকে কোচ করা হোক। পেলের কথায় সুর মিলিয়েছেন ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিওও। বলছেন, কোচ মেনেজেসকে না সরালে ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বও পেরোতে পারবে না ব্রাজিল। ওয়েবসাইট।