টু ক রো খ ব র
তোরেসের পাশে৫ কোটি পাউন্ডের একজন খেলোয়াড়ের কাছে সমর্থকদের প্রত্যাশা আকাশচুম্বী তো হবেই। ২০১১ সালে লিভারপুল থেকে আসা ফার্নান্দো তোরেস সেটার প্রতিদান দিতে পেরেছেন কই? চেলসির হয়ে ৫১টি লিগ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র ৯টি। তোরেসের স্বদেশি আর্সেনাল মিডফিল্ডার মিকেল আরটেটা এবার এসে দাঁড়ালেন বন্ধুর পাশে। তোরেসকে প্রত্যাশার ভারে নুইয়ে দেওয়া হচ্ছে বলেই মনে করেন এই স্প্যানিয়ার্ড, ‘তার কাছে যা আশা করা হচ্ছে সেটা আমার পছন্দ হচ্ছে না। কারণ ওকে আমি ১৬-১৭ বছর বয়স থেকেই চিনি। তবে ফুটবল এমনই, আগে কী করেছেন সেটা কেউ মনে রাখবে না। গত কয়েক সপ্তাহে কী করলেন সেটাই সবাই মনে রাখে।’ গতকাল চেলসি-আর্সেনাল ম্যাচে দুই বন্ধু ছিলেন প্রতিপক্ষ শিবিরে। আরটেটা হয়তো আভাস পেয়েছিলেন তাদের বিপক্ষেই ঝলসে উঠবেন তোরেস! রয়টার্স।প্রেসিডেন্টের জন্য প্রায় দেড় বছর পর হয়তো ক্যামেরুনের জাতীয় দলের জার্সি গায়ে উঠতে যাচ্ছে স্যামুয়েল ইতোর! গত বছর প্রীতি ম্যাচ বয়কট করে জাতীয় দল থেকে আট মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। নিষেধাজ্ঞার পর দলে ডাক অবশ্য পেয়েছিলেন, কিন্তু গত ২৫ আগস্ট দলে ফিরতে অস্বীকৃতি জানান। জাতীয় দল তাঁর দৃষ্টিতে ছিল ‘অপেশাদার ও বিশৃঙ্খল।’ সেই তিনি কেন আবার জাতীয় দলে খেলতে যাচ্ছেন। নেপথ্য কারণ ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া। চারবারের বর্ষসেরা আফ্রিকান ফুটবলারকে বুঝিয়ে-শুনিয়ে রাজি করিয়েছেন প্রেসিডেন্ট। কিছুদিন আগে আফ্রিকান নেশনস কাপ বাছাইপর্বের প্রথম লেগে পুঁচকে কেপ ভার্দের কাছে ২-০ গোলে হেরেছে ক্যামেরুন। ‘অদম্য সিংহ’দের কাছে এই ফল তো একটা লজ্জা। এএফপি।ফার্ডিনান্ডের বিরুদ্ধেচার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন চেলসি অধিনায়ক জন টেরি। জরিমানাও গুনতে হবে তাঁকে। কিউপিআর ডিফেন্ডার অ্যান্টন ফার্ডিনান্ডকে বর্ণবাদী গালি দেওয়ার অপরাধেই এই শাস্তি পেতে হয়েছে সাবেক ইংল্যান্ড অধিনায়ককে। এবার ফার্ডিনান্ড বলছেন, বৃহস্পতিবারের রায়ের পর টুইটারে টেরি-ভক্তরা তাঁর বিরুদ্ধে ঘৃণা প্রচারণায় নেমেছেন। শুধু ফার্ডিনান্ড একাই নন, তাঁর পরিবারের ওপর দিয়েও বয়ে গেছে আক্রমণাত্মক টুইটের ঝড়। এই ডিফেন্ডার তাই টুইট করেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার বিরুদ্ধে কিছু লেখার আগে মানুষজনের সত্যটা কী সেটা আগে জানা উচিত।’ গ্যারি লিনেকারের মতো অনেকে বলছেন টেরি গুরু পাপে লঘু দণ্ড পেয়েছেন। আবার সাবেক শিষ্যের পাশে দাঁড়িয়ে হোসে মরিনহো বলছেন, টেরি বর্ণবাদী নন। এএফপি।