টু ক রো খ ব র
তোপের মুখেলুইস সুয়ারেজের দিনকাল বড্ড খারাপ যাচ্ছে। সপ্তাহ খানেক আগে স্টোক সিটির বিপক্ষে ডাইভ দিয়ে পেনাল্টি আদায় করতে গিয়ে ফেঁসে গিয়েছেন। তাঁর অভিনয় নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু খোদ ফিফার সহসভাপতি জিম বয়েজ যখন সুয়ারেজকে ‘প্রতারক’ বলেন, তখন তা আমলে না নিয়ে উপায় থাকে না। শুধু প্রতারক বলেই ক্ষান্ত হননি বয়েজ, এই প্রবণতাকে তুলনা করেছেন ‘ক্যানসার’-এর সঙ্গেও। এ ধরনের কথায় বেজায় খেপেছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন, তারা এবার ফিফার সভাপতির কাছে সরাসরি এ নিয়ে অভিযোগ করেছে। দায়িত্বপূর্ণ পদে থেকে এমন খামখেয়ালি মন্তব্যের কারণে সহসভাপতির জবাবদিহিও দাবি করেছে ফেডারেশন। সেপ ব্ল্যাটার অবশ্য এটা নিয়ে এখনো মুখ খোলেননি। আজ সকালেই উরুগুয়ে-আর্জেন্টিনা ম্যাচ হয়ে যাওয়ার কথা, সেখানে সুয়ারেজ নতুন কোনো কাণ্ডের জন্ম দিয়েছেন কি না, কে জানে! এএফপি।মিসবাহর আশা২০০৯ থেকে কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তানে যায়নি। পাকিস্তানের ক্রিকেটাররা বারবারই দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট আবার মাঠে গড়ানোর তাগাদা দিয়ে আসছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেই আহ্বান আবার ধ্বনিত হলো মিসবাহ-উল হকের কণ্ঠে। শ্রীলঙ্কায় স্বাগতিকদের কাছে হেরে শেষ চারেই স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে পাকিস্তানকে। মিসবাহ বলছেন, দেশের বাইরে নিজেদের বারবারই প্রমাণ করে চলেছে পাকিস্তান। এবার দেশের মাটিতে পরিচিত দর্শকের সামনে খেলতে চান, ‘আমরা যে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছি না, সেটা আমাদের জন্য তো বটেই, সব ক্রিকেট খেলুড়ে দেশের জন্যই ঠিক নয়। এখন পুরো ক্রিকেট-বিশ্বেরই এখানে আবার খেলা শুরুর ব্যাপারে উদ্যোগী হওয়া উচিত।’ ওয়েবসাইট।শীতকালে বিশ্বকাপ?আরও ১০ বছর বাকি কাতার বিশ্বকাপের। অথচ এখনই তা নিয়ে আলোচনার শেষ নেই। প্রথাগতভাবে জুন-জুলাইয়ের দিকেই বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও ওই সময় কাতারে থাকবে অসহনীয় গরম। এ জন্যই সাবেক ডাচ ফুটবলার রোনাল্ড ডি বোর প্রস্তাব বিশ্বকাপটা মাস ছয়েক পিছিয়ে নভেম্বর-ডিসেম্বরে নিয়ে যাওয়া যায় কি না। তাহলে গরম থেকে নিস্তার পাবেন ফুটবলাররা। জুন-জুলাইতে তাপমাত্রা বেড়ে হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরের দিকে সেটা কমে হয় ১৭ ডিগ্রি। খেলোয়াড়দের শারীরিক-মানসিক সুস্বাস্থ্যের জন্যই এটা দরকার, অভিমত বোরের। কাতার ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল উপদেষ্টা এবং দেশটির শুভেচ্ছাদূতও বোর। তাঁর প্রস্তাব উড়িয়ে দেওয়ার উপায় নেই। তবে যতক্ষণ না ফিফা কিছু বলছে, ততক্ষণ নিজেরা সময়সূচি পরিবর্তনের কোনো প্রস্তাব দেবে না বলেই জানিয়েছে কাতার ফেডারেশন। রয়টার্স।