টু ক রো খ ব র
গেইলের ধন্যবাদক্রিকেট বোর্ডের সঙ্গে বিতর্কে জড়িয়ে প্রায় দেড় বছর ওয়েস্ট ইন্ডিজ দলের বাইরে ছিলেন। একসময় তো মনে হচ্ছিল, আন্তর্জাতিক ক্যারিয়ারই শেষ হয়ে গেল ক্রিস গেইলের! কিন্তু সেই গেইল উইন্ডিজ দলে প্রত্যাবর্তন ঘটালেন রাজার মতো, দলকে জেতালেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন ফিরে গেছেন নিজের দেশ জ্যামাইকায়। সবকিছুর জন্য জ্যামাইকান প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দিচ্ছেন বিস্ফোরক এই ব্যাটসম্যান, ‘দেড় বছর দলের বাইরে থাকাটা আমার জন্য ছিল বিশাল একটা বিপর্যয়। কিন্তু এটাই জীবন, আর আমাদের এভাবেই সবকিছু মেনে নিতে হয়। শেষমেশ অবশ্য সেটা পুষিয়ে গেছে। ধন্যবাদ দিতে চাই আমাদের প্রধানমন্ত্রী পোর্শিয়া সিম্পসনকে (মিলার), তিনি যা চেয়েছিলেন সেটা করতে পেরেছেন। আমাকে দলে ফিরিয়ে এনেছেন।’ দলকে বিশ্বকাপ জেতাতে পেরে খুশি গেইল। ওয়েবসাইট। থর্পের স্বীকারোক্তিনিজের সেরা সময়ে ছিলেন জলের অবিসংবাদিত সম্রাট। পাঁচ-পাঁচটি অলিম্পিক সোনা জেতা ইয়ান থর্প অবসর নিয়েছিলেন ২০০৬ সালেই। লন্ডন অলিম্পিকে প্রত্যাবর্তনের একটা চেষ্টা করেছিলেন বটে, কিন্তু সেটা সফল হয়নি। আবার আলোচনায় থর্পেডো, শিগগিরই বের হতে যাচ্ছে তাঁর আত্মজীবনী। দিজ ইজ মি: দি অটোবায়োগ্রাফি নামের বইয়ে অকপটে বলেছেন নিজের ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ের কথা, বলেছেন অতলান্তিক হতাশায় ডুবে যাওয়ার কথা। অবসরের পর যখন জেঁকে বসেছিল বিষণ্নতা, তখন নাকি কয়েকবার আত্মহত্যার চিন্তাও মাথাচাড়া দিয়ে উঠেছিল। বিষণ্নতা থেকে মুক্তি পেতে আসক্ত হয়ে পড়েছিলেন অ্যালকোহলেও। শেষ পর্যন্ত অবশ্য ধীরে ধীরে দুঃসময় থেকে বেরিয়ে আসেন। এখনো সাঁতরাতে ভালোবাসেন, সামনের বছর অংশ নিতে চান সাঁতার বিশ্ব চ্যাম্পিয়নশিপেও। এএফপি।ফ্রান্সেসকোলির সেরা মেসিউরুগুয়ের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন তিনি। সুতরাং এনজো ফ্রান্সেসকোলির কথার আলাদা একটা ওজন তো আছেই। মেসি, না রোনালদো—এমন বিতর্কে ফুটবল-বিশ্ব যখন দ্বিধাবিভক্ত, তখন ফ্রান্সেসকোলি অকপটে বেছে নিলেন মেসিকেই। ৫০ বছর বয়সী এই সাবেক মার্শেই ফুটবলার আর্জেন্টিনার পোর দেপোর্তে টিভি অনুষ্ঠানে মেসিকে এই সময়েরই সেরা শুধু নয়, সর্বকালের সেরা হিসেবেই চিহ্নিত করেছেন। তাঁর মতে মেসি ম্যারাডোনার চেয়েও ভালো, ‘মেসি মেসিই, আর ব্যক্তিগতভাবে মনে করি সে ম্যারাডোনার চেয়েও ভালো।’ জিনেদিন জিদানকেও খেলোয়াড় হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও দারুণ মনে করেন ফ্রান্সেসকোলি। ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো জিদান তাঁর ছেলের নাম রেখেছেন ফ্রান্সেসকোলির নামের প্রথম অংশটা মিলিয়ে! এ জন্য ‘জিজু’কে নিয়ে সাবেক উরুগুইয়ান তারকার অন্য রকম মুগ্ধতা। ওয়েবসাইট। হরিষে বিষাদঅস্ট্রেলিয়ায় তাঁকে নিয়ে শুরু হয়েছিল দারুণ উন্মাদনা। দেশটিতে খেলতে আসা সবচেয়ে বড় ফুটবল তারকাদের একজন তিনি! আলেসান্দ্রো দেল পিয়েরোকে নিয়ে নতুন ক্লাব সিডনি এফসির প্রত্যাশাও ছিল তুঙ্গে। প্রথম ম্যাচে অবশ্য সেটা পূরণ করতে পারেননি। নিজে গোল পাননি, হেরেও গেছে তাঁর দল। পরের ম্যাচে অবশ্য নিজের জাত চেনাতে ভুল করেননি, ২৫ মিটার দূর থেকে এক গোল করেছেন দেল পিয়েরো। তবে ম্যাচ শেষে আনন্দটা পূর্ণতা পায়নি। তাঁর দল সিডনি এফসি যে ৩-২ গোলে হেরে গেছে নিউক্যাসল জেটসের কাছে! এখনো তাই দলের উন্নতির আরও অবকাশ দেখছেন, ‘আমাদের পরের ম্যাচে আরও ভালো করতে হবে। আমাদের উন্নতি হয়েছে বটে, কিন্তু প্রথম মিনিট থেকে নয়।’ রয়টার্স।