টু ক রো খ ব র
মাচেরানোর ভাবমূর্তি রক্ষণাত্মক মিডফিল্ডারকে দলের স্বার্থেই একটু শারীরিক শক্তি প্রয়োগ করে খেলতে হয়! লিভারপুলে থাকতে এই কাজটা যেন একটু বেশি বেশিই করতেন হাভিয়ের মাচেরানো। বিপজ্জনক ট্যাকলের কারণে হলুদ কার্ড তো জুটতই, লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হওয়ার রেকর্ড কম নয়। উগ্র, নোংরা, হিংস্র—বেশ নেতিবাচক প্রচারণাও হয়ে গিয়েছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক বললেন, তিনি মোটেও রাফ অ্যান্ড টাফ খেলোয়াড় নন, ‘আমি মারদাঙ্গা গোছের খেলোয়াড় নই।’ তা হলে কার্ড পেতেন কেন? ইংলিশ প্রিমিয়ার লিগের রেফারিরাই একটু অন্যরকম। আর প্রায় সময়ই তিনি কার্ড পেতেন ভুল কারণে! লিভারপুল ছেড়ে তিনি এখন বার্সেলোনায়। অল্প কদিনেই বার্সার প্রেমে মজে গেছেন, ‘আমি খেলেছি এমন ক্লাবের মধ্যে বার্সেলোনার দর্শনই আলাদা। আমি জানি, এই ক্লাবটি ভালো খেলে। একজন খেলোয়াড়ের কাছে এটা দারুণ অনুভূতি।’ ওয়েবসাইট।টট্টি-স্তুতিপুরস্কার, প্রশংসা অনেক পেয়েছেন ফ্রান্সেসকো টট্টি। তবে ক্লাব কোচ ক্লদিও রানিয়েরির মুখে একটু অন্যরকম প্রশংসাই শুনলেন এই ইতালিয়ান ফুটবলার। রানিয়েরি স্পষ্টই বলে দিলেন, ‘টট্টি ইতালির সেরা ফুটবলার।’ টট্টি এস রোমার সিনিয়র দলে খেলছেন সেই ১৯৯২ থেকে। পাঁচবার ইতালির বর্ষসেরা ফুটবলার, দুবার সিরি ‘আ’র সেরা, রোমার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ-গোল দুটি রেকর্ডই টট্টির অধিকারে। সিরি ‘আ’র সর্বকালের ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতা, বর্তমান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। ইতালির সর্বকালের সেরাদের তালিকায় থাকতেই পারেন। তবে রানিয়েরির মুখে প্রশংসাটা আলাদা তাৎপর্যের, কারণ এই কোচের সঙ্গে টট্টির বর্তমান সম্পর্কটা অম্লমধুর। কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে বদলি হিসেবে নামানোয় অসন্তুষ্ট টট্টি। কিন্তু রানিয়েরির মুখে প্রশংসার বান, ‘টট্টি টট্টিই। ও ইতালির সেরা খেলোয়াড় এবং আমাদের অধিনায়ক।’ ওয়েবসাইট।‘ফেনোমেনন’ মরিনহো!তিনি নিজেই নিজেকে বলেন ‘স্পেশাল ওয়ান’। কোচিং দক্ষতা দিয়ে এটি প্রমাণও করে দিয়েছেন হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহোর মুকুটে এবার আরেকটি বিশেষ পালক গুঁজে দিলেন আরিগো সাচ্চি। রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবল পরিচালক মরিনহোকে বললেন ‘ফেনোমেনন’। ফেনোমেনন-এর বাংলা প্রতিশব্দ বিস্ময়কর ব্যক্তি। ফুটবল-সংশ্লিষ্টদের মধ্যে ফেনোমেনন নামে এত দিন মানুষ এক রোনালদোকেই চিনত-জানত। এবার এই খেতাবে একজন উত্তরসূরি পেয়ে গেলেন ব্রাজিলিয়ান তারকা। শুধু রিয়ালের পরিচালকই নন, এসি মিলান, পার্মা, অ্যাটলেটিকো মাদ্রিদে কোচিং করানো সাচ্চি কোচ ছিলেন ইতালির জাতীয় দলেরও। শুধু ‘ফেনোমেনন’ উপাধিই নয়, অভিজ্ঞ এই ফুটবল ব্যক্তিত্ব মরিনহোর প্রশংসায় পঞ্চমুখ, ‘গবেষণাযোগ্য একটা ফেনোমেনন সে। তার বিকল্প বা তার মতো কেউ নেই।’ ওয়েবসাইট।