টু ক রো বি শ্ব কা প
বৈরী আবহাওয়াবিচিত্র দক্ষিণ আফ্রিকা, বিচিত্র দেশটির আবহাওয়া। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে শীতে ঠকঠক অবস্থা; আবার আরেক দিকে হয়তো ঝুম বৃষ্টি! আর বিচিত্র এই আবহাওয়ার হ্যাপা সামলাতে হচ্ছে ঘানা, জার্মানি ও সার্বিয়াকে। তীব্র ঠান্ডার কারণে কাল রাস্টেনবার্গের উত্তরে মোগওয়াসে স্টেডিয়ামে ঘানার অনুশীলন আটকে ছিল ঘণ্টা দুয়েকের মতো। সকাল নয়টায় অনুশীলনে নামার কথা থাকলেও, বরফ পড়ে মাঠের অবস্থা হয়ে গিয়েছিল খুবই খারাপ। ঘানার মতো জার্মানি আর সার্বিয়াও কাল অনুশীলন বাতিলে বাধ্য হয়েছে। ঠান্ডার কারণে নয়, এখানে বাদ সেধেছে বৃষ্টি। প্রবল বৃষ্টিতে নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামের মাঠ অনুশীলনের অনুপযোগী হয়ে পড়ে পুরোপুরি। তবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সূর্যের মুখ দেখা যাবে। রয়টার্স, এএফপি।তাবারেজের বিশ্বাসদক্ষিণ আফ্রিকার বিপক্ষে উরুগুয়ের খেলা দেখে মুগ্ধ হয়েছেন? কিন্তু কত দূর যেতে পারবে এই দলটা? যে যা-ই অনুমান করুন, অনুমানে কোচ অস্কার তাবারেজকে কেউ ছাড়িয়ে যেতে পারবে না। তাবারেজ বলছেন, তাঁর এই দল নাকি বিশ্বকাপ জিততে পারে। দলের ওপর তাঁর সেই ভরসা আছে। শুধু শর্ত হলো, ‘১৯৭০ সাল থেকে আমরা যা করছি, তার থেকে ভিন্ন কিছু করতে হবে।’ তাবারেজের বিশ্বাস, ভিন্ন কিছু করার ক্ষমতা আছে তাঁর দলের, ‘আমাদের বিশ্বাস, বিশ্বকাপটা আমরা জিততে পারব। কিছু দল তো আছেই, যারা আমাদের চেয়ে শক্তিশালী। কিন্তু আমরা যেকোনো দলের জন্যই কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারি।’ ওয়েবসাইট।জীবন-মরণ পণগ্রুপে প্রথম অথবা দ্বিতীয়—যেকোনো একটা হলেই হলো। তবে বিশ্বকাপের মঞ্চে নিজেদের উপস্থিতিটুকু আরও দীর্ঘায়িত করতে চাইছেন জেরার্দো মার্টিনো। প্যারাগুয়ের কোচ মরিয়া হয়ে উঠেছেন দ্বিতীয় রাউন্ডের চৌহদ্দিতে পা রাখতে। তিনি বলছেন, ‘এবার জীবন-মরণ খেলা শুরু হয়ে গেছে।’ প্যারাগুয়ে তাদের প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করার পর মার্টিনোর স্বপ্নটা হয়েছে আরও বেগবান। এর পর দেখা হবে স্লোভাকিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে। আর এই দুটি দলও যেহেতু নিজেদের ম্যাচে ড্র করে বসে আছে, গ্রুপ এফ এখন ‘মৃত্যুকূপে’ই পরিণত হয়েছে। সবার হাতেই একটি করে চাবি। তালা খুলতেই পারলে দ্বিতীয় রাউন্ড, আরেকটু শ্বাস...! ওয়েবসাইট।ফিফার নামোনাকোর গোলরক্ষক স্টেফান রাফিয়েরের সামনে সুযোগ এসেছিল দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফ্রান্স দলে যোগ দেওয়ার। ফরাসি দলের তৃতীয় গোলরক্ষক সেড্রিক কারাসো ঊরুর মাংসপেশির ইনজুরিতে ভোগায় ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন ফিফার কাছে কারাসোর জায়গায় স্টেফানে রাফিয়েরকে দলে অন্তর্ভুক্ত করার আবেদন জানালেও ফিফা সেটা প্রত্যাখ্যান করেছে। পরশু সকালে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সঙ্গে ফিফার অর্গানাইজিং কমিটির বৈঠকেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। ফ্রান্স দলে এখন হুগো লরিস আছেন, আছেন দুই নম্বর গোলরক্ষক স্টিভ মান্দানাও। ফিফার এই সিদ্ধান্তে ফ্রান্সের কতটুকু ক্ষতি হলো, সেই হিসাবটা জরুরি নয়। তবে বিশ্বকাপের আশায় ছুটি সংক্ষিপ্ত করে ফিরেছিলেন রাফিয়ের। জাতীয় দলে ঢোকার স্বপ্ন ভাঙার সঙ্গে সঙ্গে তাঁর ছুটিটাও যে মাটি হলো! ওয়েবসাইট।