টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার গোটশে!

জার্মান জাতীয় ফুটবল দলের স্পনসর অ্যাডিডাস। আর মারিও গোটশে কিনা পরলেন নাইকির লোগোখচিত মোজা। কাজটা বুদ্ধিমানের হয়নি, গোটশে পড়েছেন ভীষণ সমালোচনার মুখে। ‘এ রকম কিছু হওয়া উচিত নয়। ফুটবলাররা তাঁদের ইচ্ছামতো বুট পরতে পারেন, কিন্তু আমাদের পার্টনারদের প্রতি দায়বদ্ধ থাকতেই হবে’—জার্মান দলের ম্যানেজার অলিভার বিয়েরহফের প্রতিক্রিয়ায় যথেষ্ট উষ্মা। গোটশে অবশ্য ভুলটা দ্রুতই স্বীকার করে নিয়েছেন, ‘চোটের কারণে আমি ওই মোজাটা পরেছিলাম। কাউকে আঘাত দেওয়া বা কোনো কিছুর বিজ্ঞাপন করতে চাইনি। এমন ভুল আর কখনো হবে না।’ এর আগে বায়ার্নেও এমন ভুল করেছিলেন এই ফরোয়ার্ড। ২০ হাজার ইউরো জরিমানাও দিতে হয়েছিল তখন। ন্যাড়া তাহলে একবারের বেশিও বেলতলায় যায়! এএফপি।

ম্যাথাউস
ম্যাথাউস

মৃত, মৃত নন

কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। না, লোথার ম্যাথাউস নিজের বেঁচে থাকার কথা প্রমাণ করতে রবীন্দ্রনাথের কাদম্বিনীকে অনুসরণ করেননি। তবে তাঁকেও এধার-ওধারে গিয়ে বলতে হচ্ছে, ‘আমি বেঁচে আছি, আমি মরিনি।’ গন্ডগোল বাধিয়েছে একটা চিঠি। সাবেক স্ত্রীর ভরণপোষণের ক্ষতিপূরণ বিষয়ে জার্মানির এক আদালত থেকে ম্যাথাউসকে চিঠি দেওয়া হয়। ডাক বিভাগের কাছে যে ঠিকানা ছিল, সেখানে ম্যাথাউসকে খুঁজে পাওয়া যায়নি। কর্তৃপক্ষ তাই খামের ওপর সিল মেরে দিয়েছে ‘মৃত’! কোচিং পেশায় সাফল্য পেতে জার্মানির ১৯৯০ বিশ্বকাপজয়ী অধি.নায়ক ঘুরে ফিরছেন এক দেশ থেকে আরেক দেশে। সার্বিয়া, হাঙ্গেরি, ইসরায়েল, বুলগেরিয়াসহ কোচিং করিয়েছেন নানা দেশে। বর্তমানে তিনি হাঙ্গেরিতে।  জার্মানিতে তাঁকে খুঁজে পাবে কীভাবে? তবে কর্তৃপক্ষের এমন কাণ্ডজ্ঞানহীন কাজকর্ম দেখে বেজায় চটেছেন ম্যাথাউস। জার্মানির হয়ে একমাত্র ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা ম্যাথাউস জার্মান পত্রিকা বিল্ড-এর কাছে উগরে দিয়েছেন নিজের সব ক্ষোভ, ‘এটা জঘন্য। সবাই দেখতে পাচ্ছে আমি জীবিত। সেটা হোক টিভিতে বা মাঠে।’ ওয়েবসাইট ও এএফপি।

এত আবেদন!

বিশ্বকাপ ফুটবলের টিকিটের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়বে এটা জানাই। তাই বলে এতটা? প্রথম ধাপের টিকিট পেতে অনলাইনে আবেদন করার সময় ছিল গত বৃহস্পতিবার পর্যন্ত। আবেদন পড়েছে কতটি জানেন? ২০৩টি দেশ থেকে মোট ৬১ লাখ ৬৪ হাজার ৬৮২টি! ৭০.৮৬ শতাংশ স্বাগতিক ব্রাজিল থেকে। বেশির ভাগই তুলনামূলক কম দামের চতুর্থ ক্যাটাগরির টিকিটের জন্য। যার দাম ১৪ থেকে ১৫৪ ডলার। সবচেয়ে বেশি সাত লাখ ২৬ হাজার ৬৭টি আবেদন পড়েছে ১২ জুনের সাও পাওলোর উদ্বোধনী ম্যাচ দেখতে। ১৩ জুলাই মারাকানার ফাইনালের ম্যাচের টিকিট চেয়েছে সাত লাখ ৫১ হাজার ১৬৫ জন। আবেদনকারীদের মধ্যে ‘আগে এলে আগে পাবে ভিত্তিতে’ টিকিট দেওয়া হবে ৫ থেকে ২৮ নভেম্বর। রয়টার্স।

ফিরলেন আমলা-স্টেইন

আগামী পরশু থেকে শুরু টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ভরসা তাঁরা দুজন। হাশিম আমলা ও ডেল স্টেইন অধিনায়কের বড় ভরসা হয়ে উঠবেন টেস্ট-ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও। দুজনেই যে ফিরেছেন পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান ফারহান বেহারদিয়েন ও পেসার ররি ক্লেইনভেল্ট। এ দুজনের জায়গা নিয়েছেন আমলা ও ডেল স্টেইন। আমলা সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১২ শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেটি ছিল ২ অক্টোবর ভারতের বিপক্ষে। স্টেইন ওই ম্যাচের পরও একটা ম্যাচ খেলেছেন। গত বছরই ২১ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়েবসাইট।