টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়ালে ক্যানাভারো?

কার্লো আনচেলত্তি যদি কোচ হন রিয়ালের, বার্নাব্যুতে দেখা যাবে আরও একজনকে—ফ্যাবিও ক্যানাভারো। চার বছর আগে রিয়ালে খেলা ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ককেই সহযোগী হিসেবে পছন্দ আনচেলত্তির। দুজনেই ইতালিয়ান। কারণ শুধু এটাই নয়। আনচেলত্তি পারমার কোচ থাকার সময় দুই মৌসুম (১৯৯৬-৯৭, ১৯৯৭-৯৮) তাঁর অধীনেই খেলেছেন ক্যানাভারো। তখন থেকেই দুজনের মধ্যে দারুণ বোঝাপড়া। তা ছাড়া রিয়ালের সাবেক খেলোয়াড় হওয়ায় স্প্যানিশ ফুটবল ও ক্লাব রিয়ালের সঙ্গে ভালো বোঝাপড়া। তাছাড়া দুই প্রভাবশালী খেলোয়াড় ইকার ক্যাসিয়াস এবং সার্জিও রামোসের সঙ্গে ক্যানাভারোর ছিল ভালো সম্পর্ক। রিয়ালের কোচ হলে এটি খুবই কাজে লাগবে আনচেলত্তির। রিয়ালে আনচেলত্তি-ক্যানাভারো জুটিটা হয় কি না সেটাই এখন দেখার। ওয়েবসাইট।

অমরত্বের পথে বায়ার্ন

বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগা জিতেছে অনেকগুলো রেকর্ড গড়ে। জিতেছে ক্লাব ফুটবলে ইউরোপ সেরার মুকট। ক্লাব চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলছেন, ‘এরই মধ্যে দল জায়গা করে নিয়েছে ইতিহাসে। তবে এখন তারা অমর করে রাখতে পারে নিজেদের।’ সেটা কীভাবে? ১ জুন স্টুটগার্টের বিপক্ষে জার্মান কাপের ফাইনাল বায়ার্নের। সেটি জিতলে নিজেদের দারুণ এক উচ্চতায় নিয়ে মৌসুম শেষ করবে বায়ার্ন। রুমেনিগে মনে করেন, এই দলটিই হবে বায়ার্নের ইতিহাস-সেরা, ‘এমনকি সত্তরের দশকে (ফ্রাঞ্জ) বেকেনবাওয়ার, (জার্ড ) মুলার, (সেপ) মেয়ারকে নিয়ে সর্বকালের সেরা বায়ার্নও এত সাফল্য পায়নি।’ তবে জার্মান কাপের ফাইনালের আগে প্রতিপক্ষ স্টুটগার্টকে হালকাভাবে না নেওয়ার জন্য দলকে সতর্কও করে দিয়েছেন রুমেনিগে। ওয়েবসাইট।

ইভানোভিচকে কামড়ে দিয়ে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। নিষেধাজ্ঞা এখনো শেষ হয়নি লুইস সুয়ারেজের। লিভারপুলের হয়ে মৌসুমের শেষ দিকে চার ম্যাচ খেলতে পারেননি ওই নিষেধাজ্ঞার কারণে। তার পরও সব মিলিয়ে মৌসুমে গোল করেছেন ৩০! অলরেড সমর্থকেরা কিন্তু নৈপুণ্যভাস্বর এই সুয়ারেজকেই ভালোবাসেন। তাই অশোভন সেই আচরণের কথা ভুলে গিয়ে তাঁকেই ভোট দিয়েছেন ক্লাবের বর্ষসেরা ফুটবলার হিসেবে। তাঁর সঙ্গে পেরে ওঠেননি স্টিভেন জেরার্ড ও জেমি ক্যারাঘার। পিএফএর বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে হেরে গেছেন টটেনহামের গ্যারেথ বেলের কাছে। লিভারপুলের সমর্থকদের এই ভালোবাসায় সেই দুঃখ কিছুটা হলেও ভুলতে পারবেন। ‘সমর্থকেরা আমাকে এভাবে সহযোগিতা করে আসছেন, এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ’—লিভারপুল টেলিভিশনকে দেওয়া নিজের প্রতিক্রিয়ায় উচ্ছ্বাসই প্রকাশ করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার। ওয়েবসাইট।

অলিভার বিয়েরহফের সঙ্গে কথার লড়াই লেগে গিয়েছিল লুকাস পোডলস্কির। সপ্তাহের শুরুতেই জার্মান দলের ম্যানেজার বিয়েরহফের এক মন্তব্যে এটির সূত্রপাত। কোলন থেকে আর্সেনালে যোগ দিয়ে জাতীয় দলে নিষ্ফল একটা মৌসুম কাটিয়েছেন পোডলস্কি—এমন মন্তব্যে চটে গিয়ে মুখও খোলেন পোডলস্কি, ‘বিয়েরহফ সাহেব যদি এটাকে এভাবেই দেখেন, সেটা তাঁর ব্যক্তিগত মত। আমি এর পরোয়া করি না। সব বিষয় নিয়ে আমাদের আলোচনার দরকারও নেই।’ ম্যানেজার ও খেলোয়াড়ের মধ্যে কথার এমন লড়াই কোন কোচেরই বা ভালো লাগে। দ্রুতই এই লড়াই মিটিয়ে ফেললেন জোয়াকিম লো! তেমনই দাবি করে জার্মানির ফুটবল কোচ বললেন, ‘কোচ হিসেবে আমি মনে করি, সে (পোডলস্কি) দলের অপরিহার্য অংশ এবং দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’ কাল রাতে ফ্লোরিডায় ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে জার্মানির হয়ে খেলার কথা পোডলস্কির। এএফপি।