টু ক রো খ ব র
নিজেদের মাঠেই নিষিদ্ধ
নাপোলির বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয়। সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে আসা। সব মিলিয়ে সুসংবাদ দিয়েই সপ্তাহটা শুরু হয়েছিল জুভেন্টাসের। কিন্তু তুরিনের ক্লাবটি কি আর জানত, পরের দিনই শুনতে হবে এমন দুঃসংবাদ! জুভেন্টাস স্টেডিয়ামে নাপোলির বিপক্ষে ওই ম্যাচেই অতিথি হয়ে যাওয়া প্রতিপক্ষ সমর্থকদের সঙ্গে খুব বাজে আচরণ করেছিল স্বাগতিক সমর্থকেরা। নাপোলি সমর্থকদের দুয়ো ধ্বনি দেওয়া হয়েছে, নেপলস শহরকে অবজ্ঞা করে বানানো ব্যানারও দেখা গেছে জুভেন্টাস সমর্থকদের হাতে। আর এতেই খেপেছে সিরি ‘আ’ কর্তৃপক্ষ। সিরি ‘আ’র আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, অতিথি-সমর্থকদের প্রতি এই আচরণ খুবই বৈষম্যমূলক। এ কারণেই পরের দুই ম্যাচের জন্য জুভেন্টাস স্টেডিয়ামের নির্দিষ্ট কিছু জায়গায় স্বাগতিক সমর্থকদের নিষিদ্ধ করা হয়েছে। ওই জায়গাগুলো ফাঁকা রেখেই পরের দুটি ম্যাচ খেলবে জুভেন্টাস। এবার যদি জুভেন্টাস সমর্থকেরা শিক্ষা নেয়! এএফপি।
ইব্রার চাওয়া
মুখোমুখি দুই দল। দুই মহাতারকা। প্লে-অফের দুটি ম্যাচ। তারপর একজনের হবে আরও একবার বিশ্বকাপে খেলার স্বপ্নপূরণ। অন্যজনের পথচলা থেমে যাবে এই দুই ম্যাচের পরই। ক্রিস্টিয়ানো রোনালদো আর জ্লাতান ইব্রাহিমোভিচের মধ্যে কার ভাগ্যে কী আছে? জানা যাবে ১৫ ও ১৯ নভেম্বর প্লে-অফের ম্যাচ দুটির পরই। তবে বিশ্বকাপে খেলার সুযোগটা রোনালদোর পর্তুগালের চেয়ে নিজের দেশ সুইডেনের বেশি পাওনা বলে মনে করেন ইব্রা। কেন সেই ব্যাখ্যাও দিয়েছেন সুইডিশ স্ট্রাইকার, ‘আমরা জার্মানির গ্রুপ থেকে রানার্সআপ হয়ে প্লে-অফে এসেছি। বাছাইপর্বে আমাদের অনেক কঠিন ম্যাচ খেলতে হয়েছে। পর্তুগালকে নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের জন্য হয়তো অনেকে ফেবারিট ভাবছেন কিন্তু ব্রাজিল বিশ্বকাপে আমাদেরই যাওয়া উচিত।’ তবে উল্টো যুক্তি দিতে পারেন রোনালদোও। বাছাইপর্বের ১০ ম্যাচ থেকে সুইডেন পেয়েছে ২০ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ওদের চেয়ে এক পয়েন্ট বেশি পেয়েছে পর্তুগাল! ওয়েবসাইট।
অপেক্ষা বাড়ল কস্তার
স্পেনের হয়ে খেলার স্বপ্ন ছিল। সে কারণেই বিসর্জন দিয়েছেন জন্মভূমি ব্রাজিলের ডাক। স্বপ্নপূরণের দ্বারপ্রান্তেও চলে গিয়েছিলেন ব্রাজিল বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার ডিয়েগো কস্তা। কিন্তু দুর্ভাগ্য, অপেক্ষাটা আবার বেড়ে গেল। লা লিগায় ভিয়ারিয়ালের সঙ্গে সর্বশেষ ম্যাচে পাওয়া চোটের কারণে বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে তাঁকে। ইকোয়েটোরিয়াল গিনি ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য স্পেন দলে ডাক পেলেও এই দফায় কস্তার অভিষেক হচ্ছে না। পরশু তাঁর চোটের খবর নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, ‘চোটের কারণে তিনি ভিসেন্তে দেল বস্কের দলে খেলতে পারবেন না। তাঁকে বিশ্রাম ও ফিজিওথেরাপি নিতে হবে।’ ব্রাজিলের হয়ে দুটি প্রীতি ম্যাচে খেললেও স্পেনের হয়ে খেলার ইচ্ছের কারণে পরে জন্মভূমির জার্সি গায়ে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি কস্তা। অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকারের বদলে স্পেন দলে ডাক পেয়েছেন জুভেন্টাস স্ট্রাইকার ফার্নান্দো লরেন্তে। এএফপি