টু কি টা কি
‘সম্মত’ ভারতক্রীড়া প্রতিবেদকপরবর্তী দক্ষিণ এশীয় গেমস কবে হবে, তা চূড়ান্ত হয়নি! দক্ষিণ এশীয় অলিম্পিক কাউন্সিল কাল সভায় বসেও সময়সূচি ঠিক করতে পারেনি। নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছর গেমস হওয়ার কথা ভারতে। ভারত তো এখন আর দক্ষিণ এশীয় গেমস নিয়ে ভাবে না। এ বছরই তারা আয়োজন করছে কমনওয়েলথ গেমস। তারপরও অবশ্য দক্ষিণ এশীয় গেমস আয়োজনে সম্মতি দিয়েছে ভারত। আগামী বছর লন্ডন অলিম্পিকের কারণে ভারত দক্ষিণ এশীয় গেমসটা ২০১৩-২০১৪ সালে করতে চায়। ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি জনাথন গ্যালন কালকের সভায় বলে দেন, যেহেতু ভারতের অনেক শহরের কাছেই দক্ষিণ এশীয় গেমস আয়োজন ‘দুধভাতের মতো ব্যাপার’, তাই পছন্দনীয় একটা শহর বেছে নেওয়া হবে পরবর্তী সময়ে।কাবাডি কাবাডি...ক্রীড়া প্রতিবেদককোন ভূত যে পিছু নিয়েছে নেপালের এসএ গেমস দলের! লিফটের রশি ছিঁড়ে পড়া, জাতীয় সংগীত ভুল...এই ধারাবাহিকতায় কাল ঘটল মারামারির ঘটনা। কাবাডি মাঠে প্রায় হাতাহাতিতে পৌঁছেছে সে দেশের দুই কর্মকর্তার ঝগড়া! সকালে বাংলাদেশের বিপক্ষে কাবাডির উদ্বোধনী ম্যাচে নেপাল দলের খেলোয়াড় তালিকায় দেওয়া হয়নি সহকারী কোচের নাম। ভুলটা কার? এ নিয়ে কথাকাটাকাটি শুরু হয় দলের সঙ্গে আসা নেপালের কাবাডি ফেডারেশনের সভাপতি এবং নেপাল অলিম্পিক কমিটির এক কর্মকর্তার। সেই কথাকাটাকাটি একপর্যায়ে গড়ায় মারামারিতে। নেপালি কর্মকর্তাদের এই কাণ্ডের আগ পর্যন্ত কাবাডিতে আলোচনা চলেছে একটা ব্যাপার নিয়েই—আয়োজকদের সময়জ্ঞান। শীতের দিনেও ম্যাচ শুরুর সময় ছিল সকাল সাড়ে আটটায়! কাল সকালেই তাঁদের হুঁশ হলো যে সময়টা খেলা শুরুর জন্য একটু বেশিই তাড়াতাড়ি হয়ে যায়। সকাল সাড়ে ৮টার ম্যাচ তাই প্রথমে নেওয়া হলো সাড়ে ৯টায়, শেষ পর্যন্ত অবশ্য শুরু হলো ১০টা ১০ মিনিটে। দুই গোলের আক্ষেপ!ক্রীড়া প্রতিবেদকহকি ফেডারেশনের দোতলায় সুগন্ধি জর্দাভরা পান মুখে দিয়ে বাংলাদেশি বন্ধু মাকসুদুল আলম হাবুলের সঙ্গে খোশগল্প করছিলেন পাকিস্তানের খেলোয়াড় ওয়াকাস আকবর। গল্পটা দুই দেশের ঘরোয়া হকির সীমানা থেকে ঘুরেফিরে বিদেশি লিগেও গড়াচ্ছিল। ছিল কালকের ম্যাচে নেপালকে হারানোর প্রসঙ্গও। তারই এক ফাঁকে বললেন, ‘ইস্ আর দুটি গোল যদি দিতে পারতাম। তাহলেই ভারতের সমান গোল হতো এই ম্যাচে।’ ভারতের সঙ্গেই তাদের ম্যাচ ৩ ফেব্রুয়ারি। ওই ম্যাচ নিয়েও তিনি দারুণ তেতে আছেন, ‘ভারতের বিপক্ষে আমাদের ম্যাচ শুধুই একটা ম্যাচ নয়। এটা যুদ্ধের চেয়েও বেশি কিছু।’