টু কি টা কি
পুরোনো পতাকা!ক্রীড়া প্রতিবেদকমঞ্চে তখন চলছে সোনার লড়াই। ৭৭ কেজি ওজন শ্রেণীতে কে জিতবেন? হামিদুল না মনোরঞ্জন? দর্শকসারির সামনের দিকে উত্কণ্ঠা নিয়ে বসে আছেন ফেডারেশন কর্তারা। বাংলাদেশ সোনা জিততে পারে শুনে সেখানে চলে এলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদও। তাঁকে পেয়েই ধরে বসলেন আফগানিস্তানের এক কর্মকর্তা। ডেকে নিয়ে গেলেন জিমনেসিয়ামের বাঁ প্রান্তে টানানো আট দেশের ডিজিটাল পতাকার দিকে। আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, সেখানে লাগানো আফগানিস্তানের পুরোনো পতাকা। ‘নতুন পতাকা লাগানো হবে’—মহাসচিবের এমন আশ্বাস পেয়ে অবশ্য খুশি হয়েই ফিরতে দেখা গেল আফগানিস্তানের ওই কর্মকর্তাকে।বিনা টিকিটে ক্রিকেটএসএ গেমস ক্রিকেট দর্শক টানছে না। বিসিবি আর বিওএ মিলে তাই সিদ্ধান্ত নিল, ফাইনালের আগ পর্যন্ত সাধারণ গ্যালারিতে বসে এসএ গেমস ক্রিকেটের ম্যাচ দেখতে কোনো টিকিট লাগবে না। ফাইনালে টিকিট লাগবে কি না, সেটা পরে জানানো হবে। তবে এসএ গেমস ক্রিকেট ব্যবস্থাপনা কমিটির সদস্য গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, স্পেশাল এনক্লোজারের টিকিটের দাম ৪০ টাকা এবং ক্লাব হাউসের টিকিট ৫০ টাকাই থাকবে। শুরুতে সাধারণ গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছিল ২০ টাকা।সূচি বিড়ম্বনাএকটি করে দিন কমছে। কমে যাচ্ছে সোনার লড়াইও। তার পরও পরের দিনের ইভেন্টগুলো সম্পর্কে খোঁজ নিতে গিয়ে মিডিয়া সেন্টারে বেশ দুর্ভোগই পোহাতে হচ্ছে দেশি-বিদেশি সাংবাদিকদের। বারবার করে তাগাদা দিতে দেখা হচ্ছে স্বেচ্ছাসেবকদের। প্রথম দুই দিন দুপুরের দিকেই পরের দিনের খেলার তালিকা সরবরাহ করা হলেও কাল সেটি পেতে পেতে একেবারে সন্ধ্যা গড়িয়ে গেল। কাউকে জিজ্ঞাসা করলেই বিগলিত হাসি দিয়ে বলছেন, ‘ভাইয়া এখনো আসেনি।’ জানা গেল বিভিন্ন ফেডারেশন কর্মকর্তাদের সময়সূচি দেওয়ার গড়িমসির কারণেই এমনটি হচ্ছে। আন্তর্জাতিক একটা গেমস, কোথায় সবকিছু তৈরি থাকবে আগে থেকেই, তা নয় ভোগান্তি বেড়েই চলেছে!