টু কি টা কি
আট ঘণ্টায় ৫৩ হাজারখবরটা শুনে সবচেয়ে খুশি হওয়ার কথা ফিফার কর্মকর্তা আর বিশ্বকাপ আয়োজকদের। কাউন্টারে টিকিট বিক্রি শুরুর আট ঘণ্টার মধ্যে ৫৩ হাজার টিকিট বিক্রি হয়েছে দক্ষিণ আফ্রিকায়। দুই দিনে বিক্রি হয়েছে এক লাখেরও বেশি! এর আগে টিকিট বিক্রি করা হচ্ছিল ইন্টারনেটের মাধ্যমে। সাধারণ দক্ষিণ আফ্রিকানদের কাছে পদ্ধতিটা জটিল ঠেকেছে বলেই তেমন সাড়া পাওয়া যাচ্ছিল না। ৫ লাখ টিকিট বিক্রি হয়নি বলে কদিন আগেই জানিয়েছিল ফিফা। কিন্তু ব্যাংক আর কাউন্টারে টিকিট বিক্রি শুরু করেই হু হু করে বিক্রি হয়ে যাচ্ছে সব। ৬৪ ম্যাচের মধ্যে ২৩টি ম্যাচের টিকিট পুরোপুরি শেষ। লাইন ধীরগতিতে এগোনোয় কেপটাউনে মারধর হয়েছে বলেও জানা গেছে। ওয়েবসাইট।বাস্তববাদী পাহেইরাবিশ্বকাপের স্বাগতিকেরা কখনোই প্রথম রাউন্ডে বাদ পড়েনি। সেই ‘দুর্ঘটনা’ এবার ঘটে যেতে পারে! কদিন আগে সান্টোসের দ্বিতীয় সারির একটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হেরে সেই আশঙ্কা আরও দৃঢ়ই করেছে দক্ষিণ আফ্রিকা। কোচ কার্লোস আলবার্তো পাহেইরা তাই বাস্তববাদী। বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার ফানুস ওড়াচ্ছেন না ‘বাফানা বাফানা’দের ব্রাজিলীয় কোচ। তিনি বলছেন, তাঁর দলের লক্ষ্য হবে গ্রুপ পর্ব কোনোমতে পার করা, ‘ছেলেদের আগে বুঝতে হবে তাদের লক্ষ্যটা কী। স্বাগতিক হয়ে খেলা কিন্তু মোটেও সহজ নয়। আর এই কথা ওদের প্রতিদিন মনে করিয়ে দিয়ে বাড়তি চাপে ফেলার কোনো মানে হয় না।’ ওয়েবসাইট।বিয়েলসায় মুগ্ধ ইসলাদক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনা যেখানে পথে পথে হোঁচট খেয়েছে, সেখানে চিলি ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবেই উঠে গেছে চূড়ান্ত পর্বে। গত দুটো আসরে সুযোগ পায়নি যারা সেই চিলির এমন বদলে যাওয়ার নেপথ্য কারিগর মার্সেলো বিয়েলসা। আর্জেন্টাইন এই কোচকে দেবতার আসনেই বসালেন দলের মিডফিল্ডার মরিসিও ইসলা, ‘বিশ্বকাপে আমাদের জায়গা পাওয়ার পুরো কৃতিত্বই তাঁর। আমরা খেলোয়াড়েরা সেটা ভালো করেই জানি, পুরো দেশে তিনি একটা বিপ্লব করে ফেলেছিলেন। খুবই তরুণ খেলোয়াড়দের নিয়ে ধীরে ধীরে একটা দল গড়ে তুলেছিলেন, যে তরুণেরা সিনিয়র দলে খেলার সুযোগই পেত না।’ ওয়েবসাইট।পুলিশের মহড়াফুটবল হলে সেখানে সমর্থকদের দাঙ্গা-হাঙ্গামা বাধা নতুন কোনো ঘটনা নয়। গত বিশ্বকাপে অবশ্য সে ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জার্মান পুলিশ এবং নিরাপত্তাকর্মীরা ভালোই সামাল দিয়েছে। এবার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকান পুলিশও। হুট করে মারধর শুরু হয়ে গেলে পরিস্থিতি কীভাবে সামাল দিতে হবে সেটারই মহড়া চলছে স্বাগতিক দেশটিতে। গত পরশু একদল সমর্থক পুলিশের ওপর বোতল, ক্যান আর পেট্রল বোমাও ছুড়েছে। না, এটা ছিল স্রেফ মহড়ার অংশ। ওয়েবসাইট।