টুইটার আর ফেসবুকেও ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার মনে হয় আসল ফ্যাবিও ক্যাপেলোকে দেখছেন ইংল্যান্ডের খেলোয়াড়েরা। ফুটবল শয়নে, ফুটবল স্বপনে—ক্যাপেলোর এই কোচিং দর্শন এর আগে ভালোই বুঝেছে এসি মিলান, জুভেন্টাস, রোমা আর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা। বিশ্বকাপ যত কাছে আসছে, রুনি-টেরিরাও আরও ভালো বুঝতে পারছেন সেটা। ব্যক্তিগত অনেক কিছুও ফুটবলারদের কখনো কখনো ভুলে যেতে হয়; ক্যাপেলো ইংলিশ খেলোয়াড়দের বুঝিয়ে দিচ্ছেন সেটাই। ক্যাপেলো সব সময়ই সাফল্য-বুভুক্ষু। সাফল্য পেতে তিনি জীবনে মনে হয় আহার-নিদ্রা, সুখ-শান্তি সবকিছু বিসর্জন দিতে পারেন। নিজের খেলোয়াড়দেরও তিনি সে রকম করে গড়ে তুলতেই পছন্দ করেন। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জিততে মরিয়া ক্যাপেলো তাই ইংল্যান্ড খেলোয়াড়দের প্রতি জারি করেছেন কিছু ‘ফতোয়া’। টুইটার, ফেসবুক আর বউ বা বান্ধবী; না, না এবং না।চিরজীবনের জন্য এসব ছাড়তে বলেননি ক্যাপেলো। বিশ্বকাপের কদিন খেলোয়াড়দের এসব থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন ইংল্যান্ডের ইতালিয়ান কোচ। গত বিশ্বকাপে উৎসাহ আর প্রেরণা জোগাতে ইংল্যান্ড খেলোয়াড়দের বউ আর বান্ধবীরা গিয়ে হাজির হয়েছিলেন জার্মানিতে। এবারও দক্ষিণ আফ্রিকায় যাওয়ার প্রস্তুতিই নিচ্ছিল ওয়াগরা। কিন্তু বাদ সেধেছে ক্যাপেলোর সিদ্ধান্ত—বিশ্বকাপ চলাকালে বউ বা বান্ধবীদের সঙ্গে দেখা মিলবে না খেলোয়াড়দের। এতে মনোযোগে বিচ্যুতি ঘটতে পারে বলে মনে করেন তিনি। মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের সুপারিশে এ বিষয়টিতে একটু ছাড় দিয়েছেন। টুর্নামেন্ট চলাকালে বউ বা বান্ধবীদের সঙ্গে দুবার দেখা করার অনুমতি পেয়েছেন খেলোয়াড়েরা। একবার প্রথম নকআউট পর্বের আগে, আরেকবার কোয়ার্টার ফাইনালের পর। এখানে একটু ছাড় দিলেও টুইটার আর ফেসবুক ব্যবহার করতে না দেওয়ার ব্যাপারে ক্যাপেলোর সিদ্ধান্ত নট নড়নচড়ন। ক্যাপেলো সোজাসাপটাই বলে দিয়েছেন—টুইটার বা ফেসবুকের মতো কোনো সামাজিক যোগাযোগ রক্ষাকারী ওয়েবসাইট ব্যবহার করতে দেওয়া হবে না খেলোয়াড়দের। খেলোয়াড়েরা গোপনে যাতে তা করতে না পারেন, এটা খবরদারি করতে ক্যাপেলো শরণাপন্ন হবেন সাইবার গোয়েন্দার। কেউ ধরা পড়লে তাঁর বিশ্বকাপই শেষ হয়ে যেতে পারে। ক্যাপেলো স্পষ্ট জানিয়ে দিয়েছেন—নিয়ম অমান্য করলে খেলোয়াড়েরা বড় শাস্তিই পাবেন। এমনকি বিশ্বকাপের দল থেকে বাদও পড়তে পারেন। খেলোয়াড়দের সঙ্গে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকেও (এফএ) সতর্কবাণী শুনিয়ে দিয়েছেন ক্যাপেলো। তাঁর সোজা কথা—বিশ্বকাপের সময় খেলোয়াড়দের নিয়ে কোনো সামাজিক অনুষ্ঠানে টানাটানি করা যাবে না। ২০১৮ বিশ্বকাপ আয়োজক হওয়ার দৌড়ে আছে ইংল্যান্ড। এর প্রচারণার জন্য বিশ্বকাপ মঞ্চটাকেই যে এফএ বেছে নেবে, এটা ভালো করেই জানেন ইংল্যান্ড কোচ। এ কারণেই আগাম জানিয়ে রেখেছেন—খেলোয়াড়দের ও কাজে নামিয়ে বিশ্বকাপ-স্বপ্ন পূরণে ব্যাঘাত ঘটাতে দেবেন না! ওয়েবসাইট।