টুইটার নিয়ে যত কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টুইট’ মানে হলো ‘কিচিরমিচির’। আভিধানিক অর্থ ছাপিয়ে টুইটার কখনো-সখনো শোরগোলের কারণও হয়ে দাঁড়ায়। সেই শোরগোল দলের মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে। কে হায়, স্বেচ্ছায় ঝামেলা ডেকে আনতে ভালোবাসে! তাই স্পেন আর ডেনমার্ক এরই মধ্যে ঘোষণা দিয়েছে, ইউরো চলার সময় টুইট করা চলবে না। বাকি দলগুলো অবশ্য এতটা কঠিন পথে হাঁটেনি। তারা অনুসরণ করছে ইতালিকে। দলটির এক কর্মকর্তা বলেছেন, ‘টুইটার ব্যবহারে বাধা নেই। তবে ব্যবহার করতে হবে “কমন সেন্স” খাটিয়ে।’কিন্তু ‘কমন সেন্সে’র সংজ্ঞা কী? দল ভেদে নিশ্চয়ই পাল্টে যাবে তা।সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জার্মান কোচ জোয়াকিম লো যেমন টুইটার ব্যবহারের কিছু নিয়ম বেঁধে দিয়েছেন দলকে, ‘ড্রেসিংরুমে কী হচ্ছে, দল হিসেবে আমরা কী নিয়ে আলোচনা করছি, দলের কৌশল, ইনজুরি এবং এ সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে টুইট করা নিষিদ্ধ, যেমন সতীর্থ কিংবা টিম ম্যানেজমেন্টের ব্যক্তিগত জীবন।’ এই নিয়মগুলো খেলোয়াড়েরা অনুসরণ করছেন কি না, সেটি কি কড়া নজরদারির মধ্যে থাকবে? লোয়ের উত্তর, ‘কেউ যদি এই নিয়মগুলো অবজ্ঞা করে, সেটা তাকে জানানো হবে। তবে সেটা করার জন্য আমাকে বসে বসে ইন্টারনেটে ঘোরাঘুরির কোনো দরকার নেই।’গত বিশ্বকাপে সবচেয়ে বেশি ঝামেলায় ছিল ফ্রান্স। আনেলকা-কাণ্ডের পর খেলোয়াড়দের ধর্মঘট-টর্মঘট মিলিয়ে সে এক বিতিকিচ্ছিরি অবস্থা। এবার সবচেয়ে সতর্ক থাকার কথা তাদেরই। যদিও ফরাসি মিডফিল্ডার ফ্লোরেন্ত মালুদার কাছে জানা যাচ্ছে, টুইটার ব্যবহার-সংক্রান্ত কোনো কড়াকড়ি নেই, ‘কেউ আমাদের এমন কিছু বলেনি, শুধু সতর্ক থাকতে বলা হয়েছে, যেন দল বা সতীর্থদের মধ্যে এটি কোনো নেতিবাচক প্রভাব না ফেলে।’ ‘দায়িত্বশীলতাটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ’ মন্তব্য করে মালুদা বলছেন, ‘এটা (টুইটার) নতুন কোনো জিনিস নয়। আমার নিজেরও একটি অ্যাকাউন্ট আছে, যেখানে আমি ফুটবল নিয়ে খুব কম কথাই বলি। আপনি নিজের ব্যাপারে বলুন, অন্যের ব্যক্তিগত জীবন এখানে টেনে আনার বেলায় সাবধান থাকতে হবে।’বড় টুর্নামেন্টে গেলে মাঠের বাইরের উটকো সব কারণে খবরে আসে ইংল্যান্ড। তারা অবশ্য এবার টুইটার নিয়ে বেশি চিন্তিত নয়। আসলে ইংল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশের গ্লেন জনসন বাদে আর কাউকে খুব একটা নিয়মিত টুইট করতে দেখা যায় না। বলতে পারেন, ইংল্যান্ডের টুইটার লাগবে কেন, ওয়াগরাই তো যথেষ্ট! রয়টার্স।