পরশু বিরাট কোহলির অসাধারণ এক ইনিংসের কাছে হেরে গেছে অস্ট্রেলিয়া। অ্যান্ড্রু ফ্লিনটফ সেই ইনিংস দেখে টুইট করেছিলেন, ‘কোহলি যেভাবে খেলছে, এভাবে চালিয়ে গেলে একদিন নিশ্চয়ই সে জো রুটের মতো হয়ে উঠবে।’ জো রুটের সাম্প্রতিক ফর্মের দিকে ইঙ্গিত করেই একটু মজা করলেন ফ্লিনটফ। জবাবে টুইট করলেন অমিতাভ বচ্চন, ‘রুট! কে রুট? সমূলে উপড়ে ফেলা হবে এই রুট (শেকড়)!’
টুইটারে দুই কোটিরও বেশি অনুসারী অমিতাভের। তাদের অনেকে মহা উৎসাহে লেগে গেলেন ফ্লিনটফের পেছনে। ফ্লিনটফও পিছু হটবার পাত্র নন। ভেংচির ইমোটিকন দিয়ে অমিতাভের টুইটের লিংকসহ পাল্টা টুইট তাঁর, ‘দুঃখিত! ইনি কে?’
অমিতাভ বচ্চনকে চেনেন না! ভারতীয়রা চটে গেল আরও। অমিতাভ আর ফ্লিনটফ দুজনই যে স্রেফ মজা করছেন, সেটা অনেকেই ধরতে পারেনি। অনেকেই ফ্লিনটফকে লন্ডনের মাদাম তুসো মিউজিয়াম ঘুরে অমিতাভের মূর্তিটি দেখে তাঁর পরিচয় জেনে আসতে বললেন। অনেক ভারতীয় তো ফ্লিনটফের ওপর পারলে হামলেই পড়ে। একপর্যায়ে বিরক্ত হয়ে ফ্লিনটফ জানালেন, নিছক মজা করছিলেন। না বুঝেই কিছু মানুষ বাড়াবাড়ি করছে। টুইটার।