টুইটারে গেইলের ঝড়
ক্রিস গেইলকে কী এক ধাঁধাতেই ফেললেন সোহাগ গাজী, সেই ধাঁধার চক্কর থেকে বের হতে পারছেন না এখনো। বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় গিয়েও রানের দেখা নেই। বিগ ব্যাশের ৫ ম্যাচে করেছেন মাত্র ৭০ রান। তবে ব্যাটে না পারলে কী হবে, গেইল ঝড় তুলেছেন টুইটারে। মাঠের লড়াইকে অন্তর্জাল-জগতে তুলে এনে টুইটারে একহাত নিয়েছেন ব্র্যাড হাডিনকে।সিডনির দুই দলের লড়াইয়ে পরশু থান্ডারকে ৪ উইকেটে হারায় সিক্সার্স। হাডিন সিক্সার্সের অধিনায়ক, গেইল খেলছেন থান্ডারে। ব্যাট হাতে এদিনও যথারীতি ব্যর্থ গেইল (১৬ বলে ৯), তবে বল হাতে তুলে নেন ২ উইকেট। এর মধ্যে ছিল হাডিনের উইকেটটিও। এমনিতেই দুজনের মধ্যে খানিকটা মনস্তাত্ত্বিক লড়াই চলছিল। হাডিনকে আউট করার পর মাঠের মাঝে দৌড়ে গিয়ে গ্যাংনাম শুরু করেন গেইল। হাডিনও ব্যাট দেখিয়ে বুঝিয়ে দেন যে আসল কাজ গেইল কিছুই করতে পারেননি। পরে সংবাদমাধ্যমে আরেকবার গেইলকে খোঁচা দেন হাডিন। বলেন, এত অর্থ ব্যয়ের প্রতিদান দিতে পারেননি গেইল। গেইল কি আর ছেড়ে দেওয়ার পাত্র! টেস্ট দলে জায়গা হারানো নিয়ে হাডিনকে খোঁচা মেরে টুইটারে বলেন, ‘আমার অর্থের দিকে না তাকিয়ে ওকে নিজের দিকে তাকাতে বলুন। আমি ডান হাতে ব্যাটিং করলেও ওর চেয়ে ভালো করতাম, এটা কী আর আমার দোষ!’ ওয়েবসাইট।