টুইটারে সাবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেন আর ডেনমার্ক এরই মধ্যে টুর্নামেন্ট চলার সময় ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে এতটা কড়া পথে যায়নি ইংল্যান্ড। খেলোয়াড়েরা টুইটার ব্যবহার করতে পারবেন। তবে তাঁদের এই বলে সতর্ক করে দেওয়া হয়েছে, এমন কোনো পোস্ট যেন দেওয়া না হয়, যেটি বিতর্কের সূচনা করে। এমনিতে বড় টুর্নামেন্টগুলোতে মাঠের বাইরের ঘটনায় জড়িয়ে অপ্রস্তুত অবস্থায় পড়ার নজির আছে ইংল্যান্ডের। ইংল্যান্ড অধিনায়ক স্টিভেন জেরার্ড বলেছেন, ‘আমাদের বলা হয়েছে, কোনো অপ্রয়োজনীয় কিছু যেন আমরা টুইট না করি।’ এর আগে সেস ফ্যাব্রিগাস টুইট করেন, ‘আজ থেকে আমরা আর সামাজিক নেটওয়ার্কগুলো ব্যবহার করতে পারব না। আশা করি, পরের যে ছবিটা আমি পোস্ট করব, সেটা হবে আমাদের ইউরো জয়ের। শিগগিরই দেখা হবে!’ রয়টার্স।প্রধানমন্ত্রীর প্রার্থনাজাতীয় দলের জয় সব প্রধানমন্ত্রীই প্রার্থনা করেন। তবে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় এবার বেশি করেই প্রার্থনা করছেন, আবার যেন ইউরো জিতে দেশে ফেরে তাঁদের দল। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে স্পেন। বেকারত্বের হার গিয়ে ঠেকেছে আকাশে, অর্থনৈতিক মন্দা চলছেই। ব্যাংকগুলো রয়েছে বিপৎসীমায়। এমন সংকটে জাতীয় দলের জয় পুরো দেশকে নতুনভাবে আন্দোলিত করবে বলে মনে করেন রাজয়, ‘আশা করি, তোমরা জিতবে। কারণ, এই কঠিন সময়ে স্প্যানিয়ার্ড হিসেবে আমাদের আন্দোলিত হওয়ার মতো কিছু একটা দরকার। জাতীয় দলের জন্য পুরো স্পেনকে মানসিকভাবে চাঙা করবে।’ পুরো জাতীয় দলকে নিয়ে কোচ ভিসেন্তে দেল বস্ক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এ সময় এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। রয়টার্স।ভয় কী মরণে...একজন এই মৌসুমে ৫৫ ম্যাচে ৬০ গোল করেছেন। অন্যজন ৪৭ ম্যাচে ৩৭। ড্যানিয়েল অ্যাগারের কপাল মন্দ, এবার গ্রুপ পর্বেই ক্লাব মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা দুই ফুটবলারের মুখোমুখি হতে হবে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আর রবিন ফন পার্সির হল্যান্ডের সঙ্গে একই গ্রুপে পড়েছে অ্যাগারের ডেনমার্ক। তবে ডেনিশ ডিফেন্ডারের দাবি, ফর্মের তুঙ্গে থাকা দুই ফরোয়ার্ডকে নিয়ে একদমই নাকি ভয় পাচ্ছেন না! ‘এ ধরনের খেলোয়াড়ের সঙ্গে প্রিমিয়ার লিগে প্রতি সপ্তাহেই মুখোমুখি হতে হয়। এটা আমার কাছে নতুন নয়।’ বলেছেন লিভারপুলের এই সেন্টার ব্যাক। মুখে যা-ই বলুন, অ্যাগারদের কপাল আসলেই মন্দ। কারণ, একই গ্রুপে আছে জার্মানিও। জার্মানির মারিও গোমেজ আবার এই মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৫২ ম্যাচে করেছেন ৪১ গোল! ওয়েবসাইট।প্রযুক্তির সাহায্যইউরো দেখতে পোল্যান্ডে যে হাজার হাজার ফুটবলপ্রেমী ভিড় করবেন, তাঁদের সাহায্যের জন্য প্রস্তুত প্রযুক্তি। স্মার্টফোনের বিশেষ একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছেন আয়োজকেরা, যেটির সাহায্যে নিজেদের মুঠোফোন থেকেই আবাসন, ভ্রমণ, পর্যটন তথ্যের মতো সেবা পাওয়া যাবে। এ ছাড়া দর্শককে আরও কিছু টিপস দেবে এই অ্যাপ্লিকেশন। যেমন, দলগুলোর অনুশীলন মাঠ কোথায়, কীভাবে ম্যাচের দিন মাঠে যাওয়া যাবে, ফ্যান জোনগুলো কোথায়। এ ছাড়া থাকবে যানবাহনের সব রকম সূচি ও হালনাগাদ তথ্য। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে পোল্যান্ডের চারটি প্রধান শহরের সরকারি যানবাহনের টিকিটও কাটা যাবে। ইউরো-২০১২-কে থিম করে একটি সামাজিক যোগাযোগের সেবাও থাকছে, যার মাধ্যমে নিজ দেশের সমর্থকদের সঙ্গে চ্যাটিং বা তথ্য আদান-প্রদানও করা যাবে। এএফপি।