টুইটারেও রাজা পার্সি-রোবেন
বিশ্বকাপের প্রথম বড় ম্যাচ। তার ওপর আগের বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি। কাল স্পেন-হল্যান্ড ম্যাচটি ঝড় তুলেছিল টুইটারেও। গতকাল অনুষ্ঠিত তিনটি খেলার মধ্যে এই ম্যাচেই হয়েছে সবচেয়ে বেশি ৮৩ লাখ ৩৯ হাজার ২০৮ টুইট। খেলা শুরুর ঘণ্টা খানেক আগ থেকে শুরু এই টুইট চলে খেলা শেষ হওয়ার ৩০ মিনিট পর্যন্ত। এতে সবচেয়ে বেশি উল্লিখিত নামটি হলো রবিন ফন পার্সি। তাঁর অনবদ্য পারফরম্যান্সে মুগ্ধ দর্শকেরা তাঁকে নিয়ে কেবল একটি নির্দিষ্ট সময়েই আলোচনায় মেতেছেন এক লাখ ৮৩ হাজার ৭৬ বার। এই ম্যাচে ফন পার্সির পর টুইটারে সবচেয়ে বেশি আলোচিত খেলোয়াড় স্টেফান ডি ভ্রাই ও আরিয়েন রোবেন।
কাল দিনের প্রথম খেলাটি ছিল ক্যামেরুন ও মেক্সিকোর মধ্যকার। এই ম্যাচে মোট টুইট হয়েছে ৩৬ লাখ এক হাজার ২৪৪ বার। চিলি ও অস্ট্রেলিয়ার মধ্যকার শেষ ম্যাচটিতে মোট টুইটের সংখ্যা ২২ লাখ ২৩ হাজার ১৪৩ বার। মেক্সিকো-ক্যামেরুন ম্যাচে টুইটার ব্যবহারকারীরা সবচেয়ে বেশি আলোচনা করেছেন মেক্সিকোর জয়ের নায়ক অরিবে পেরালতাকে নিয়ে। এ ছাড়া আলোচনায় ছিলেন জিওভান্নি দস সান্তোস, হাভিয়ের হার্নান্দেজ, স্যামুয়েল ইতো, অ্যালেক্স সঙ, বোনোয়া আসু-একোতো।
চিলি-অস্ট্রেলিয়া ম্যাচে টুইটারে সবচেয়ে আলোচিত খেলোয়াড় হোর্হে ভালদিভিয়া। একটি নির্দিষ্ট সময়ে ভালদিভিয়াকে নিয়ে টুইট হয়েছে ৭৪ হাজার ৪৭৩ বার। অস্ট্রেলিয়ার টিম কাহিলও কম যান না। নির্দিষ্ট সময়ের টুইটে তিনি আছেন ভালদিভিয়ার পরপরই—৫৪ হাজার ৬৪৯ বার।
`ফুটবল বিশ্বকাপ হাতের মুঠোয় এনে দেবে খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার। এ উপলক্ষে বিশেষ একটি পাতা তৈরি করেছে টুইটার। বিশ্বকাপের সময় এতে প্রিয় দল, প্রিয় খেলোয়াড়কে অনুসরণ করতে পারবেন যেকোনো ব্যবহারকারী। এ জন্য বাংলাদেশে গ্রামীণফোনের সংযোগ থেকে #GoalGP লিখে ৯৫৯৪ নম্বরে এসএমএস পাঠালেই চলবে। বিশ্বকাপ চলাকালে টুইটারের ওই পাতায় যাওয়ার জন্য ইন্টারনেট ব্যবহারের কোনো খরচ বা ব্রাউজিং চার্জ লাগবে না। টুইটারের এই আয়োজনের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে গ্রামীণফোন ও প্রথম আলো'