টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিআরএস-রহস্য
টিভি রিপ্লে দেখাল ব্যাট ছোঁয়ার আগে প্যাডে চুমু দিয়েছে বল। ‘হক আই’ দেখাল বল গিয়ে লাগত মিডল স্টাম্পে। বাংলাদেশের রিভিউ আবেদনে তবু সাড়া দিলেন না তৃতীয় আম্পায়ার সুন্দরম রবি, বহাল মাঠে দেওয়া আলিম দারের সিদ্ধান্তই। ৬৪ রানে জোর বাঁচা বেঁচে গেলেন হ্যামিল্টন মাসাকাদজা। বড় পর্দায় সিদ্ধান্ত দেখে টিভি ক্যামেরায় ধরা পড়ল বোলার সাকিবের অবাক চেহারা। সাকিবের বলটি পিচ করেছিল অফ স্টাম্প লাইনের সামান্য বাইরে। আসলে পুরো বলও নয়, বাইরে ছিল বলের একটু অংশ। এতেই ‘অন ফিল্ড কল’ রেখে দেওয়া হলো ‘ইমপ্যাক্ট আউটসাইড’ ধরে নিয়ে। বিবেচনা করা হলো না, বলটি প্রথাগত বাঁহাতি স্পিনের মতো পিচ করে বাইরে যাচ্ছিল না বা সোজাও যায়নি। বরং খানিকটা ভেতরে ঢুকেছে, এ জন্যই অফ স্টাম্পে পিচ করে যাচ্ছিল মিডল স্টাম্পে!

চারি যেমন
কোনো কোনো ব্যাটসম্যান তৃপ্ত হয়ে যান ফিফটি বা সেঞ্চুরি করেই। আলগা শট খেলে বিলিয়ে আসেন উইকেট। ব্রায়ান চারি যেন ভাবেন শুধু বল সংখ্যা। দ্রুত আউট খুব কমই হন জিম্বাবুয়ের এই তরুণ ব্যাটসমান। তবে রান যতই হোক, এক শর আশপাশে বল খেলে ফেললেই যেমন মনে করেন কাজ শেষ। জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে কিছুদিন আগে এসেছিলেন বাংলাদেশে। দুটি বেসরকারি টেস্টের চার ইনিংসে করেছিলেন ৫৬ বলে ৩০, ৬৭ বলে ২৩, ৯৫ বলে ৪৭, ১৩০ বলে ৭৪। এই টেস্ট সিরিজের আগে ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে ৮৫ বলে ১৭। টেস্ট অভিষেকেও কাল খেলছিলেন ভালোই। কিন্তু যথারীতি ৯২ বল খেলেই তুষ্ট, ২৫ রানে আউট হলেন তাইজুলকে আচমকাই তুলে মারতে গিয়ে।

সাকিবের ‘বানি’
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সাকিবের বলে এলটন চিগুম্বুরা ধরা পড়েছিলেন সিলি পয়েন্টে। দারুণ ক্যাচ নিয়েছিলেন মুমিনুল হক। কাল সেই সাকিবের বলেই শর্ট লেগে আবারও মুমিনুলের হাতে বন্দী চিগুম্বুরা। শুধু এই দুই টেস্টে নয়, ক্যারিয়ারজুড়েই সাকিবের প্রিয় শিকার এই চিগুম্বুরা। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব সবচেয়ে বেশিবার নিয়েছেন চিগুম্বুরার উইকেটই, ১২ বার। কাল সারা দিন ঘাম ঝরিয়েও যাঁকে ফেরাতে পারেননি সাকিব, সেই মাসাকাদজাকে আগে ফিরিয়েছেন ৮ বার। জিম্বাবুয়ের সঙ্গে বেশি খেলা হয় বলে সাকিবের প্রিয় শিকারের তালিকায় জিম্বাবুইয়ানদেরই ছড়াছড়ি—ব্রেন্ডন টেলর ৭ বার, ভুিস সিবান্দা ৫ বার। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের বাইরে সাকিব ৫ বার করে আউট করেছেন কেভিন পিটারসেন, ড্যারেন স্যামি ও মাহেলা জয়াবর্ধনেকে।

জুটির রেকর্ড
১৩ বছর আগের নভেম্বর যেন কাল ফিরে এল আবার। প্রেক্ষাপট যদিও খানিকটা ভিন্ন, তবে জিম্বাবুয়ের ষষ্ঠ উইকেট জুটি একই রকম যন্ত্রণা দিয়েছিল বাংলাদেশকে। ২০০১ সালে ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৮৯ রানে ৫ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। ষষ্ঠ উইকেটে ১৩৭ রানের জুটি গড়েছিলেন ক্রেইগ উইশার্ট ও ডগলাস ম্যারিলিয়ার। কাল জিম্বাবুয়ে ৫ম উইকেট হারাল ১৮৯ রানে, ষষ্ঠ উইকেটে মাসাকাদজা ও চাকাভার ১৪২ রানের জুটি অবিচ্ছিন্ন জুটি। বাংলাদেশের বিপক্ষে ষষ্ঠ উইকেট জুটির রেকর্ড হয়ে গেছে। হাতছানি এখন আরও বড় কিছুর। ১৯৯২ সালে দেশের অভিষেক টেস্টে ডেভ হটন ও অ্যান্ডি ফ্লাওয়ারের ১৬৫ ষষ্ঠ উইকেটে জিম্বাবুয়ের রেকর্ড।

ছুটছে রুবেল এক্সপ্রেস
৮২.২৯ গড় নিয়ে টেস্ট শুরু করেছিলেন রুবেল হোসেন। কালকের দিন শেষে সেটা হয়েছে ৮৩.৪৪। কিন্তু এই ব্র্যাডম্যানীয় গড়ে খুশি হওয়ার কারণ নেই কোনো। এটি যে ব্যাটিং নয়, বোলিং গড়! কমপক্ষে ২৫ টেস্ট উইকেট কিংবা অন্তত ২৫০০ বল করা-মানদণ্ড যেটাই ধরুন, টেস্ট ইতিহাসে সবচেয়ে বাজে বোলিং গড় রুবেলের। বেশ অনেক দিন ধরেই রেকর্ডটি তাঁর। এখন যত মাঠে নামছেন, ততই ‘সমৃদ্ধ’ হচ্ছে রেকর্ড, পাকাপোক্ত হচ্ছে আরও!
আরিফুল ইসলাম