টুকরো টুকরো ছবি
উল্টো স্বাদ
টেস্টে কখনো ৫ নম্বরের ওপরে ব্যাট করেননি। ওয়ানডেতে চার নম্বরে ব্যাট করেছেন অনেকবারই। তবে তিন নম্বরে কালই প্রথম ব্যাটিং করলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে প্রথম যেদিন নেমেছিলেন তিনে, বেলফাস্টে ৩৩ বলে ৫৭ করেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে। টি-টোয়েন্টিতে সেরা ইনিংসটিও খেলেছেন তিনে নেমেই, পাকিস্তানের বিপক্ষে ৫৪ বলে ৮৪। কিন্তু ওয়ানডেতে প্রথমবার তিনে নেমে করলেন শূন্য!
আকাশ থেকে মাটিতে
‘দ্য গেম ইজ আ গ্রেট লেভেলার’—ক্রিকেটে কথাটি বলা হয় প্রায়ই। সাকিবও কাল বুঝতে পারলেন, ক্রিকেট সবাইকেই সমতায় টেনে নামায়। আগের ম্যাচে করেছিলেন দাপুটে সেঞ্চুরি। কাল খণ্ডকালীন ভুসি সিবান্দার নিরীহ এক বলেই বোল্ড! ওয়ানডেতে ‘গোল্ডেন ডাক’ পেলেন সাকিব প্রায় ৫ বছর পর। সর্বশেষ পেয়েছিলেন ২০১০ সালে জানুয়ারিতে, ভারতের বিপক্ষে রানআউট হয়েছিলেন জহির খানের সরাসরি থ্রোতে। ওয়ানডেতে এই নিয়ে গোল্ডেন ডাক হলো চারটি, টি-টোয়েন্টিতে আছে তিনটি। আর টেস্টে একবার ২০০৯ সালে এলবিডব্লু হয়েছিলেন অজন্তা মেন্ডিসের বলে।
জোড়া-জোড়া
প্রথম উইকেটের জন্য দীর্ঘ প্রতীক্ষা, এরপর শুধু পলক ফেলতেই উইকেটে! দেড় শ রানের উদ্বোধনী জুটির পর উইকেট পড়ছিল জোড়ায় জোড়ায়। বাংলাদেশের ব্যাটসম্যানরাও যেন সঙ্গী হারানোর যন্ত্রণায় কাতর হয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন জোড়বেঁধে। ১৫৮ রানে আউট হলেন দুজন—তামিম ও সাকিব, ১৭৩ রানে এনামুল ও সাব্বির। ২০৪ রানে আবার দুজন—মাহমুদউল্লাহ ও মুশফিক। ২২৫ রানে মাশরাফি আউট হওয়ার পর অবশ্য আর সঙ্গী পাননি কাউকে। অধিনায়কের তাতে স্বস্তিই হওয়ার কথা!
বোলার সিবান্দা
ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন। সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে বাংলাদেশে এসে একটি বেসরকারি টেস্টে নিয়েছিলেন ৫ উইকেট। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে টেনেটুনে খণ্ডকালীন বলাও মুশকিল। কালকের আগে ওয়ানডেতে সর্বশেষ বল হাতে নিয়েছিলেন তিন বছর আগে, সেটিও মাত্র ৩ বলের জন্য। তার আগে বোলিং করেছিলেন ২০০৭ সালে, অ্যাফ্রো-এশিয়া কাপে। সেই সিবান্দাই কাল আউট করলেন সাকিবকে, বোলিং কলেন পুরো ১০ ওভার! উইকেট অবশ্য এটিই প্রথম নয়, ১০ বছর আগে পেয়েছিলেন আরও ২ উইকেট। সেই দুটিও খারাপ উইকেট নয়, ২০০৪ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে আউট করেছিলেন কুমার সাঙ্গাকারা ও ইংলিশ ওপেনার বিক্রম সোলাঙ্কিকে।
জোড়া পঞ্চাশ
পোশাক সাদা হোক বা রঙিন, ওপেনিং জুটি বরাবরই বাংলাদেশের মাথাব্যথার কারণ। ২৯১ ম্যাচে বাংলাদেশের দুই ওপেনারই পঞ্চাশ ছুঁলেন কাল নিয়ে মাত্র নবমবার! প্রথমবার ছিল ১৯৯৯ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বাংলাদেশ সেদিন পেয়েছিল ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিয়ান, মেহরাব হোসেন (১০১)। শাহরিয়ার হোসেন করেছিলেন ৬৮। কালকের আগে সর্বশেষ ছিল গত এশিয়া কাপে। পাকিস্তানের বিপক্ষে এনামুল হক করেছিলেন ১০০, ইমরুল কায়েস ৫৯।
অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য
চাতারার বলটি স্কয়ার লেগে ঠেলে রানের জন্য ছুটলেন মুশফিক। প্রথম রানটি নেওয়ার সময় একটু এড়িয়ে যেতে হলো পিচের বাইরে দাঁড়িয়ে থাকা চাতারাকে। মুশফিক যখন দ্বিতীয় রানের জন্য ঘুরছেন, বাউন্ডারি থেকে উড়ে আসা বল ধরার জন্য তখন পেছনে ফিরে একটু একটু পেছাচ্ছেন চাতারা। মুশফিককে তাই দ্বিতীয় রানটি নেওয়ার সময় সরে যেতে হলো আরেকটু। তাতেই বুঝি মেজাজ বিগড়ে গেল তাঁর। ব্যাট উঁচিয়ে প্রায় তেড়ে গেলেন চাতারার দিকে। কিছু একটা বলছিলেনও ক্ষিপ্ত হয়ে। সেটা পরিষ্কার বোঝা যায়নি, তবে ঠোঁট পড়ে বুঝেছেন অনেকেই, শোভন কিছু নয়। চাতারার দায় এখানে কিছু ছিল না, তাঁর তো আর মাথার পেছনে চোখ নেই! দায় কিছু থাকলেও মুশফিকের ওই আচরণ নিঃসন্দেহে ছিল বাড়াবাড়ি। ম্যাচ শেষে ম্যাচ রেফারির কক্ষে ডাক না পেলে, সেটিই হবে বিস্ময়ের।
বুলস আই
এলটন চিগুম্বুরা তখন হুমকি হয়ে উঠছেন বাংলাদেশের জন্য। সব বোলারকে খেলছিলেন অনায়াসে। তবে জিম্বাবুয়ে অধিনায়ক শেষ পর্যন্ত শিকার হলেন সাব্বিরের। বোলার সাব্বির নয়, ফিল্ডার সাব্বির। আর সবার চেয়ে অনেকটা এগিয়ে থেকে দেশের সেরা ফিল্ডার মনে করা হয় সাব্বিরকে। বুলেট গতির থ্রোতে বেলস উড়িয়ে সেটারই যেন প্রমাণ দিলেন সাব্বির।
কাটল কুফা
কালকের আগে ওয়ানডেতে যে দুবার দেড় শ রানের উদ্বোধনী জুটি গড়েছিল, সেই দুবারই হেরেছিল বাংলাদেশ। প্রথমবার এই জিম্বাবুয়ের বিপক্ষেই, ১৯৯৯ সালে। ১৭০ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন মেহরাব হোসেন ও শাহরিয়ার হোসেন। এরপর আকরাম খানের ৪৪ বলে ৫০ রানের পরও বাংলাদেশ তুলতে পেরেছিল ২৫৭। কিন্তু অ্যালিস্টার ক্যাম্পবেলের অপরাজিত ৯৭ রানে জিম্বাবুয়ে জিতে যায় ৩ উইকেটে। গত এশিয়া কাপে ১৫০ রানের উদ্বোধনী জুটি গড়েন এনামুল ও ইমরুল। পরে মুশফিক (৩৩ বলে ৫১) ও সাকিবের (১৬ বলে ৪৪) ঝড়ে বাংলাদেশ তোলে ৩২৬। কিন্তু শেহজাদ-ফাওয়াদ-আফ্রিদিরা সেই ম্যাচই জিতিয়ে দেন পাকিস্তানকে। অবশেষে কাল কাটল দেড় শর ফাঁড়া।
আরিফুল ইসলাম