টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটসম্যান রুবেল l প্রথম আলো
ব্যাটসম্যান রুবেল l প্রথম আলো

‘অভিজাত’ সাকিব
সিরিজে ২৫০ রান ও ২০ উইকেটের কীর্তিটি এখনো অপেক্ষায়। তবে ক্যারিয়ার অর্জনে কাল দারুণ এক ক্লাবের সদস্যপদ পেলেন সাকিব আল হাসান। টেস্টে কাল ২৫০০ রান ছুঁয়েছেন সাকিব, ১০০ উইকেট হয়েছিল আগেই। আড়াই হাজার রান ও এক শ উইকেটের এই অভিজাত ক্লাবের ২০তম সদস্য সাকিব। সোবার্স-মিলার-ইমরান-কপিল-হ্যাডলি-হুপার-কেয়ার্নসরা যেমন আছেন এখানে, আছেন এমন তিনজন যাঁদের ঠিক অলরাউন্ডার বলা মুশকিল। শেন ওয়ার্ন, চামিন্ডা ভাস ও অনিল কুম্বলে! বাংলাদেশে এই কীর্তি অনুমিতভাবেই নেই আর কারও। এক হাজার রান আর ১০০ উইকেটের ‘ডাবল’-ই আছে আর শুধু মোহাম্মদ রফিকের।
ধারের ধার
রুবেল হোসেনের ব্যাটে হঠাৎ এত ধার দেখে অবাক হয়েছেন? ধার করে আনা ব্যাটে তো ধার থাকবেই! একজন ব্যাটসম্যানের কাছ থেকে ব্যাট ধার করে এনেই অমন ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন রুবেল। সেটাও সেঞ্চুরিয়ানের ব্যাট! কাল রুবেল ব্যাটিংয়ে নেমেছিলেন ইমরুল কায়েসের ব্যাট নিয়ে। ইমরুলের মতো সেঞ্চুরি হয়নি, তবে মেরেছেন ইমরুলের চেয়ে দ্বিগুণ ছক্কা!
ছক্কা রুবেল-১
গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সাচিত্রা সেনানায়েকের বলে মেরেছিলেন একটি ছক্কা। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৭ ইনিংসে সেটিই ছিল রুবেল হোসেনের একমাত্র ছক্কা। সেই রুবেলই কাল ছক্কা মারলেন ৪টি! বাংলাদেশের পক্ষে টেস্টে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা আছে শুধু মোহাম্মদ রফিকের। ২০০৬ সালে এই চট্টগ্রামেরই এম এ আজিজ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৩ বলে ৬৫ রানের ইনিংসে ৬টি ছক্কা মেরেছিলেন রফিক। বাঁহাতি ব্যাটসম্যান সেদিন তোপ চালিয়েছিলেন দুই লেগ স্পিনারের ওপর। স্টুয়ার্ট ম্যাকগিলকে ছক্কা মেরেছিলেন ৩টি, বাকি ৩টি কিংবদন্তি শেন ওয়ার্নের এক ওভারেই!
ছক্কা রুবেল-২
মাইকেল হোল্ডিংয়ের মতো হওয়ার স্বপ্নই শুধু দেখতে পারেন তিনি। ল্যান্স কেয়ার্নসের মতো অলরাউন্ডারও হতে পারবেন না কখনো। কিন্তু কাল ব্যাটিং দিয়ে একটা জায়গায় এই দুজনের পাশে বসলেন রুবেল। ক্যারিবিয়ান ফাস্ট বোলার, কিউই অলরাউন্ডার আর বাংলাদেশের পেসার—দশে নেমে চারটি ছক্কা মেরেছেন তিনজনই! কেয়ার্নস মেরেছিলেন ১৯৮৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে (২০ বলে ৩২), পরের বছর ইংল্যান্ডের বিপক্ষেই এজবাস্টনে হোল্ডিং (৮০ বলে ৬৯)। দশে নেমে ইনিংসে এই তিনজনের চেয়ে বেশি ছক্কা আছে কেবল টিম সাউদির। ২০০৮ সালে অভিষেক টেস্টে ৪০ বলে ৭৭ রানের ইনিংসের পথে কিউই পেসার ছক্কা মেরেছিলেন ৯টি!
শেষের আঘাত
রুবেল হেসেন আর জুবায়ের হোসেনের জুটি শুধু জিম্বাবুয়েকে বিরক্তি আর যন্ত্রণাই উপহার দেয়নি, ছুঁয়েছে একটি মাইলফলকও। জিম্বাবুয়ের বিপক্ষে দশম উইকেটে বাংলাদেশের প্রথম ফিফটি জুটি এটিই (৫১)। আগের সেরা ৪৬ ছিল খালেদ মাসুদ ও মঞ্জুরুল ইসলামের, ২০০৪ সালে হারারেতে। শেষ উইকেটে বাংলাদেশের ফিফটি জুটি আছে আরও ৪টি। সর্বশেষটিতেও ছিলেন রুবেল, গত ফেব্রুয়ারিতেই শ্রীলঙ্কার বিপক্ষে ৫৩ রানের জুটি গড়েছিলেন আল আমিনের সঙ্গে। রেকর্ড জুটিটি মোহাম্মদ রফিক ও শাহাদাত হোসেনের, ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৯।
লাখ ডলারের উইকেট
অনেক দামে কেনা ডিআরএস থেকে অবশেষে কিছু ‘পেল’ বাংলাদেশ। আগের দুই টেস্টে ছয়বার রিভিউ নিয়ে বিফল হয়েছে বাংলাদেশ, উল্টো লাভবান হয়েছে জিম্বাবুয়ে। কাল রিভিউয়ে বদলে গেল ব্রায়ান চারির সিদ্ধান্ত, হাসলেন মুশফিকরা। রিভিউ থেকে প্রাপ্তি যদি এই একটিই থেকে যায়, চারির এই উইকেটের দাম পড়বে এক লাখ ডলার! ডিআরএসের জন্য আনুমানিক এই পরিমাণ অর্থই গুনতে হচ্ছে বিসিবিকে।
আরিফুল ইসলাম