টুকরো টুকরো ছবি

আশরাফুলকে ছাড়িয়ে
মোহাম্মদ আশরাফুলের ৬ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন এই টেস্টের প্রথম ইনিংসে। কাল সম্ভাবনা জাগিয়েও ছাড়িয়ে যেতে পারেননি সেঞ্চুরির সংখ্যায়, তবে আরেকটি জায়গায় ঠিকই আশরাফুলকে ছাড়িয়েছেন তামিম ইকবাল। নিষিদ্ধ সাবেক অধিনায়ককে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান এখন তামিমের। ৬১ টেস্টের ১১৯ ইনিংসে আশরাফুলের রান ছিল ২৭৩৭। তামিমের ২৭৪৩ হয়ে গেল ৩৭ টেস্ট আর ৭২ ইনিংসেই! ৫০ টেস্টে ৩০২৬ রান নিয়ে শীর্ষে এখনো হাবিবুল বাশার। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ফিফটিও এখন তামিমের, কাল ছুঁয়েছেন সাকিবকে (১৭)। হাবিবুল শীর্ষে এখানেও, ২৪টি।
প্রাপ্তি ও অপ্রাপ্তি
লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানোর সেই টেস্টে তামিম প্রথম ইনিংসে করেছিলেন ৫৫। এই টেস্টে সেঞ্চুরির পিঠে ফিফটি। বাংলাদেশের হয়ে একই টেস্টে সেঞ্চুরি আর ফিফটি দুবার করতে পেরেছেন আর কেবল হাবিবুল। প্রথমবার ২০০১ সালে, এই জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামেই ১০৮ ও ৭৬। পরেরবার ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে করাচিতে, শোয়েব-গুল-সাব্বির-কানেরিয়াদের বিপক্ষে ৭১ ও ১০৮। একই টেস্টে সেঞ্চুরি ও ফিফটি বাংলাদেশের আছে আর কেবল সাকিব আল হাসানের, নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে ৮৭ ও ১০০। তবে তামিমের এই প্রাপ্তির পাশাপাশিই থাকছে একটা আক্ষেপও। দারুণ এক সম্ভাবনার অপমৃত্যু নাতসাই মুশাঙ্গুয়ের নিরীহ বলে। বাংলাদেশের হয়ে প্রথম জোড়া সেঞ্চুরির কীর্তি গড়ার সুযোগ হাতছাড়া আবারও!
ট্রিপল সেঞ্চুরি
তামিম কাল পেলেন নতুন দিগন্তের দেখা। চেনা সেই দিগন্তে মুমিনুলের বিচরণ হলো আরেকবার! কাল দুজনই পূর্ণ করেছেন সিরিজে তিন শ রান। শেষ পর্যন্ত তামিমকে (৩০৮) ছাড়িয়ে গেছেন মুমিনুল (৩২১)। একই সিরিজে বাংলাদেশের দুজন তিন শ রান করলেন এই প্রথম। এর আগে সব মিলিয়েই সিরিজে তিন শ ছিল মাত্র দুবার। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ২ টেস্টেই ৩৭৬ রান করেছিলেন মুমিনুল। সেবার রেকর্ডটি ছুঁতে পারেননি মাত্র ৩ রানের জন্য। ২০০৩ সালে পাকিস্তানে ৩ টেস্টে ৩৭৯ করেছিলেন হাবিবুল। তামিমের আগের সেরা ছিল ২০১০ সালে ইংল্যান্ডে, ২৬৮।
অক্কা নয়, ছক্কা!
বলিউডের লগন সিনেমায় ক্রিকেট ম্যাচের শেষ শটটির কথা মনে আছে? সেই যে আমির খানের শট বাউন্ডারিতে দাঁড়িয়ে তালুবন্দী করলেন ব্রিটিশ আর্মির ফিল্ডার, কিন্তু পরে দেখলেন, দাঁড়িয়ে আছেন বাউন্ডারি দড়ির ওপর! সেই দৃশ্যটি কাল মনে করিয়ে দিলেন নাতসাই মুশাঙ্গুয়ে। সিকান্দার রাজাকে স্লগ সুইপ করেছিলেন মাহমুদউল্লাহ, ডিপ মিড উইকেট সীমানায় ঠান্ডা মাথায় বলটি হতে জমালেন। কিন্তু নিচে তাকিয়ে দেখলেন মুহূর্তের জন্য পা ছুঁয়েছে বাউন্ডারি দড়ির বিজ্ঞাপনী ‘টোবলার!’ সঙ্গে সঙ্গে নিজেই দুহাত তুলে আম্পায়ারকে দেখিয়ে দিলেন যে ‘ছক্কা!’
জনসন ও সাকিব
প্রথম শর্ত কাল পূরণ করেছেন সাকিব। ১৭ রানের ছোট্ট ইনিংসে ছুঁয়েছেন সিরিজে ২৫০ রান (২৫১)। আজ দুটি উইকেট নিলেই হয়ে যাবে ৩ টেস্টের সিরিজে ২৫০ রান ও ২০ উইকেটের প্রথম কীর্তি। তবে কাল আড়াই শ রান ছুঁয়ে যে ক্লাবে ঢুকেছেন, সেখানে তিনি ছাড়া আছেন আর একজন! ৩ টেস্টের সিরিজে ২৫০ রান ও ১৫ উইকেটই আছে টেস্ট ইতিহাসে আর শুধু মিচেল জনসনের, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় ২৫৫ রান ও ১৬ উইকেট।
চারির চশমা
খুলনায় টেস্ট অভিষেকেই ‘পেয়ার’ পেয়েছিলেন নাতসাই মুশাঙ্গুয়ে। ওই টেস্টেই অভিষিক্ত ব্রায়ান চারি কাল পেলেন জোড়া শূন্যের যন্ত্রণা। প্রথম ইনিংসের মতো কালও চারির যম রুবেল হোসেন। মুশাঙ্গুয়ে ছিলেন লোয়ার অর্ডার, ওপেনার চারির যন্ত্রণা তাই একটু বেশিই হওয়ার কথা। তবে এই দুজন ছাড়া আর একমাত্র যে ব্যাটসম্যান বাংলাদেশের বিপক্ষে পেয়ার পেয়েছেন, তিনিও ছিলেন ওপেনার। ২০০৭ সালে এই মাঠেই ম্যাচের প্রথম বলে ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরের স্টাম্প উপড়েছিলেন মাশরাফি। দ্বিতীয় ইনিংসে জাফরকে ফেরাতে শাহাদতের লেগেছিল ৩ বল।
কাটা ঘায়ে
‘কাটা ঘায়ে নুনের ছিটা’ প্রবাদটির কথা নিশ্চয়ই জানতেন ব্রায়ান চারি। কাল উপলব্ধিও করলেন। জোড়া শূন্যের যন্ত্রণা নিয়ে যখন ফিরলেন ড্রেসিংরুমে, টিভি রিপ্লে নিশ্চয়ই আরও তীব্র করেছে সেই যন্ত্রণা। রিভিউ চাইলেই যে বেঁচে যেতেন তিনি! রুবেলের বলে এলবিডব্লু হয়ে রিভিউ চাননি, রিপ্লেতে দেখা গেল বল চলে যেত লেগ স্টাম্পের বাইরে!
আরিফুল ইসলাম