টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কচি-কাঁচার মেলা
দিনের খেলা শুরু হতে তখনো ৪৫ মিনিট বাকি। স্টেডিয়ামের ১ নম্বর গেটের বাইরে একটি স্কুলবাস থেকে একে একে নামছিল স্কুলড্রেস গায়ে খুদে দর্শকেরা। ৪-৫ থেকে ৬-৭ বছর বয়সী সব শিশু। স্কুলের ছেলেমেয়েদের মাঠে প্রবেশ উন্মুক্ত করে দিয়েছে বিসিবি। প্রথম দিনের মতো কালও তাই মাঠে ছিল স্কুলপড়ুয়ারা। রোজ গার্ডেন গ্রামার স্কুলের একদল শিশুকে নিয়ে এসেছেন শিক্ষকেরা। স্টেডিয়ামের গেট যেন ওদের কাছে স্কুলের গেট, আর গেট পেরিয়ে সামনের ফাঁকা অংশটুকু যেন স্কুলের মাঠ। গেট দিয়ে একজন একজন করে ঢুকেই দুপাশে হাত মেলে হইচই করে গ্যালারির দিকে ছুটল সবাই। শীতের আবেশমাখা সকালে উড়ছিল ঠিক যেন একঝাঁক পায়রা!
অবাক বীরত্ব
লাঞ্চের তখন তিন বল বাকি। আগের ওভারেই ফিরে গেছেন মুমিনুল হক। তিনটি বল মাথা গুঁজে কাটিয়ে দেওয়াই তখন ক্রিকেটীয় বোধের পরিচায়ক। কিন্তু মাহমুদউল্লাহর বুঝি ইচ্ছে জাগল ‘অসাধারণ’ কিছু করার! হঠাৎই ডাউন দ্য উইকেট গিয়ে জন নিয়ুম্বুকে ওড়ালেন মাথার ওপর দিয়ে। বিস্ময়ের ঘোর না কাটতেই পরের বলে আবারও বেরিয়ে গিয়ে লং অন দিয়ে ছয়! অনেকে এক বলতে পারেন বিরোচিত। ক্রিকেটীয় বাস্তবতা বলে ওই সময় ওই পরিস্থিতিতে অমন দুটি শট যতটা না বীরত্ব, তার চেয়ে অনেক বেশি বোকামি।
সেবার ও এবার
কালকের আগে টেস্টে আর একবারই রানআউট হয়েছিলেন সাকিব আল হাসান। দুটি রানআউটে অদ্ভুত মিল। দুবারই সাকিব ছিলেন নন-স্ট্রাইকে, দুবারই কাটা পড়েছেন সঙ্গীর ডাকে সাড়া দিতে গিয়ে। সেবার ব্যাটসম্যান ছিলেন মুশফিক, উমর গুলকে খেলেছিলেন মিড অনে। বেরিয়ে গিয়ে আবার ক্রিজে ফেরার সময় পাননি সাকিব, তৌফিক উমরের সরাসরি থ্রোতে রানআউট। কাল মাহমুদউল্লাহ খেলেছিলেন মিড অফে। কামুনগোজির সরাসরি থ্রোতেই আউট হবেন ভেবে খানিকটা থমকে দাঁড়ালেন। কাল হলো ওটাই, বল ছুড়ে দারুণ ক্ষিপ্রতায় বেল ওড়ালেন বোলার চাতারা। দুবারই সাকিব আউট নন-স্ট্রাইক প্রান্তে। তবে সেবার পাকিস্তানের (২০১১) বিপক্ষে রানআউট হয়েছিলেন ১৪৪ করে, কাল ১৩৯ রান কম!
প্রাপ্তি ও হাতছানি
ফিফটি তাঁকে তৃপ্তি দিতে পারে না। কাল তো আরও পুড়েছেন আউট হওয়ার ধরনে। তবে এই ফিফটির পথেই কাল টেস্ট ক্রিকেটে ৯০০ রান ছাড়িয়েছে মুমিনুল। গড় এখন ৬২। ৯০০ রান ছোঁয়া ব্যাটসম্যানদের মধ্যে গড় বেশি আছে কেবল ডন ব্র্যাডম্যান (৯৯.৯৪) ও সিডনি বার্নসের (৬৩.০৫)। দ্বিতীয় ইনিংসে ৭০ করতে পারলে ১০ টেস্টেই হাজার রান করার দারুণ কীর্তি গড়বেন মুমিনুল। হাজার ছুঁতে ১০ বা কম টেস্ট লেগেছে কেবল ৮ জনের—ব্র্যাডম্যান (৭), সাটক্লিফ (৯), উইকস (৯), হেডলি (৯), হার্ভি (১০), ওরেল (১০), টেলর (১০) ও স্ট্রাউস (১০)।
লেগ স্পিনার দর্শন
জুবায়ের হোসেন তো টেস্ট ক্রিকেটে প্রথম দিনেই নজর কেড়েছেন। ম্যাচের আরেক অভিষিক্ত লেগ স্পিনার তাফাদজাওয়া কামুনগোজির বোলিং দেখা গেল কাল। জিম্বাবুয়ের আগের চার টেস্ট লেগ স্পিনার পল স্ট্র্যাং, অ্যাডাম হাকল, ব্রায়ান মার্ফি ও গ্রায়েম ক্রেমার—সবাই ছিলেন প্রথাগত লেগ স্পিনার। কামুনগোজিকে যতটা না মনে হলো লেগ স্পিনার, তার চেয়ে বেশি ‘স্লাইডার’। টার্ন বেশি নেই তেমন, ফ্লাইট বৈচিত্র্যপূর্ণ নয়। জোরের ওপর ছাড়ছিলেন বেশি ভাগ সময়। অনেকটা মনে হচ্ছিল যেন অজন্তা মেন্ডিসের আরেকটু নিম্নশ্রেণির সংস্করণ! নিজের খুব ভালো বিজ্ঞাপন কাল দেখাতে পারেননি ২৭ বছর বয়সী এই লেগ স্পিনার। একমাত্র উইকেটটি শুভাগতর দেওয়া উপহার।
স্লিপ-ছাতা
বাংলাদেশের ইনিংস তখন শেষের অপেক্ষায়। ব্যাটিংয়ে জুবায়ের হোসেন। ব্রেন্ডন টেলরের ফিল্ডিং সাজানো দেখে যে কেউ মিরপুরকে তখন ভাবতে পারেন পার্থ কিংবা কেপটাউন! দারুণ বোলিং করছিলেন তখন তিনাশে পানিয়াঙ্গারা, আনকোরা জুবায়েরের জন্য টেলর রাখলেন পাঁচ স্লিপ! গতি আর বাউন্সে বাংলাদেশের ব্যাটসম্যানদের চিরন্তন দুর্বলতায় মিরপুরের মরা উইকেটেও পেসারদের ঝড় তোলার নজির আছে অনেকই। তবে পাঁচ স্লিপ খুব বেশি দেখেনি শেরেবাংলা।
ধূসর দিন
হেমন্তের সকালেই যেন পৌষের ছোঁয়া। হিমেল বাতাস, চারপাশ গুমোট। সকাল থেকে মুখ দেখা যায়নি সূর্যের। সকাল ১০টার দিকে খানিকটা রোদের ঝিলিক দেখা গেলেও উধাও ঘণ্টা খানেকের মধ্যে। সারা দিন আকাশ মেঘে ঢাকা। মন খারাপ করা ধূসর মেঘ। চা-বিরতির ঘণ্টা খানেক আগেই জ্বলল ফ্লাডলাইট। প্রকৃতির সঙ্গে মিলে গেল কাল বাংলাদেশের ব্যাটিংও। ধূসর দিনে মলিন ব্যাটিং!
আরিফুল ইসলাম