টুকরো টুকরো ছবি
১৩ বছর পর
স্টুয়ার্ট কার্লাইল তখন জিম্বাবুয়ের অধিনায়ক, ফ্লাওয়ার ভাইদের ক্যারিয়ার তখনো অনেক দূরের যাত্রী। টেস্ট ম্যাচে তখনো দাঁড়াতেন একজন স্বাগতিক আম্পায়ার। এবারের জিম্বাবুয়ের এক ইনিংসে একাধিক সেঞ্চুরি শেষবার ছিল সেই তখন, ২০০১ সালের নভেম্বরে। প্রতিপক্ষ সেবারও ছিল বাংলাদেশ। নাঈমুর রহমান তখন বাংলাদেশের অধিনায়ক, আমিনুল-আকরামরা খেলছেন। মাশরাফি বিন মুর্তজা তুমুল আলোচনায় গতির ঝড় তুলে। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ট্রেভর গ্রিপার (১১২), অ্যান্ডি ফ্লাওয়ার (১১৪) ও ক্রেইগ উইশার্ট (১১৪)। ১৩ বছর আর ৩৭ টেস্ট পর আবার এক ইনিংসে জোড়া সেঞ্চুরিয়ান পেল জিম্বাবুয়ে।
দুর্ভাগা
ক্যারিয়ার-সেরা ইনিংসটাকে ডাবল সেঞ্চুরিতে নিয়ে যাওয়ার আশা নিয়ে নেমেছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। স্বপ্নের অপমৃত্যু সাতসকালেই। সাকিবের বলটি পড়ে আর উঠলই না, গোড়ালি ছুঁয়ে লাগল স্টাম্পে। যতটা সম্ভব নিচু হয়েছিলেন মাসাকাদজা, তবু ব্যাটে পাননি বল। ব্যাটে ভর দিয়ে ক্রিজেই বসে রইলেন কিছুক্ষণ। একবার নিচে তাকান, একবার সামনে। চোখে শূন্যদৃষ্টি। কয়েকটি মুহূর্ত তখন তাঁর কাছে নিশ্চয়ই অনন্তকাল!
কাকতাল
প্রথম ইনিংসে ১৫৮.৫ ওভার খেলে ৪৩৩ রান করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে অলআউট হয়েছে ১৩৫.১ ওভারে ৩৬৮ রানে। কিন্তু জিম্বাবুয়েও যদি খেলত বাংলাদেশের সমান ওভার? যে গতিতে এগোচ্ছিল জিম্বাবুয়ে, তাতে ১৫৮.৫ ওভার খেললে জিম্বাবুয়ের রানও থাকত বাংলাদেশের সমান, ৪৩৩। ইনিংস শেষে দুদলেরই যে রানরেট একেবারেই এক—২.৭২!
শামসুর ক জিম্বাবুয়ে ব ডিআরএস
ছোট দলের বিপক্ষে সিরিজে ডিআরএস রাখা কতটা যৌক্তিক, এ নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক অনেক আছে। তবে শামসুর রহমানের কাছে ডিআরএসের মানে এখন একটাই—অভিশাপ। প্রথম ইনিংসে চিগুম্বুরার বলে এলবিডব্লুর আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ার পর জিম্বাবুয়ে জিতে গিয়েছিল রিভিউ নিয়ে। কালও আম্পায়ার আউট না দেওয়ার পর রিভিউ নিল জিম্বাবুয়ে। দীর্ঘ সময় নিয়ে দেখে আউট দিলেন তৃতীয় আম্পায়ার। শামসুর ফিরলেন রিভিউয়ের শাপান্ত করতে করতে।
তেতো স্বাদ
ম্যালকম ওয়ালারকে হ্যাটট্রিকের সামনে দাঁড় করিয়ে মুশফিকুর রহিম ফিরলেন প্রথম বলে আউট হয়ে। টেস্ট ক্রিকেটে এই তেতো স্বাদ দ্বিতীয়বার পেলেন মুশফিক। প্রথমবার পেয়েছিলেন অধিনায়কত্বের দ্বিতীয় টেস্টেই, ২০১১ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ‘গোল্ডেন ডাক’ পেয়েছেন একবার করে। ২০১০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে, পরের বছর ওয়ানডেতে হল্যান্ডের বিপক্ষে গ্লাসগোতে।
বোলার ওয়ালার!
সাধারণ বোলারদের অসাধারণ বানিয়ে দেওয়ার ‘দারুণ’ এক ক্ষমতা আছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। পল অ্যাডামস বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেট নিয়েছেন, ৫ উইকেট নিয়েছেন রবিন পিটারসেন, আবির্ভাবেই নামতা গুনে উইকেট নিয়েছেন দানিশ কানেরিয়া। ৪ রানে ৪ উইকেট নিয়েছেন গ্রায়েম ক্রেমারের মতো গড়পড়তা স্পিনার। এমনকি তিলকরত্নে দিলশান, রামনরেশ সারওয়ানরাও বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেট নিয়েছেন। তালিকায় যোগ হলো আরেকটি নাম। ব্যাটিং শক্তি বাড়াতে আট নম্বরে বাড়তি একজন ব্যাটসম্যান নিয়েছে জিম্বাবুয়ে, যিনি টুকটাক অফ স্পিন করেন। সেই ম্যালকম ওয়ালার কাল পেলেন ৪ উইকেট! দুটি উইকেট পেয়েছিলেন প্রথম ইনিংসেও। টেস্টজুড়েই ওয়ালারের বোলিং অ্যাকশন প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্ন আম্পায়ারদের মনেও না উঠলে সেটাই হবে বিস্ময়ের।
মুমিনুলের আরেকটি
ফিফটিগুলোকে বারবার সেঞ্চুরিতে নিতে না পারা ভাবাচ্ছে তাঁকেও। তবে ফিফটি দিয়েই ধরা দিয়েছে আরেকটি অর্জন। বাংলাদেশের হয়ে টানা সবচেয়ে বেশি টেস্টে পঞ্চাশ ছোঁয়ার রেকর্ড এখন এককভাবে মুমিনুলের। গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে এই টেস্ট পর্যন্ত টানা ৮ টেস্টে ফিফটি ছুঁলেন মুমিনুল। ২০১০ সালে টানা ৭ টেস্টে ফিফটি ছুঁয়েছিলেন তামিম ইকবাল। টানা ১২ টেস্টে ফিফটির বিশ্বরেকর্ডটি এবি ডি ভিলিয়ার্সের।
জোড়া ফিফটি
দীর্ঘ অমানিশার পরে পেয়েছেন আলোর দেখা। সেই আলোতেই অবগাহন চলছে মাহমুদউল্লাহর। ফর্ম ফিরে পেয়ে যেন খারাপ সময়টাকে পুষিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। সর্বশেষ ৭ ইনিংসে এই নিয়ে করলেন ৫ ফিফটি! কালকের আগে এই টেস্টের প্রথম ইনিংসেও করেছিলেন ফিফটি। ক্যারিয়ারে এক টেস্টে জোড়া ফিফটি করলেন এই প্রথম। বাংলাদেশের হয়ে জোড়া ফিফটি সবচেয়ে বেশি করেছেন হাবিবুল বাশার, ৬ বার। তামিম ইকবাল করেছেন ৪ বার। তিনবার করেছেন সাকিব আল হাসান, দুবার করে মুশফিক ও নাসির হোসেন।
আরিফুল ইসলাম