টুকরো টুকরো ছবি
ভুল ‘বিজ্ঞাপন’
দিনের প্রথম ওভারের শেষ বলটি কাভারে ঠেলেই রানের জন্য ছুটলেন তামিম। কিন্তু ফিরিয়ে দিলেন ইমরুল। ‘কল’ নিয়ে খানিকটা ভুল-বোঝাবুঝি। সাতসকালেই বাংলাদেশের দুই ওপেনারের বোঝাপড়ার ‘অভাব’ দেখে বেশ রোমাঞ্চিত জিম্বাবুয়ের ফিল্ডাররা। স্টাম্প মাইকে শোনা গেল জিম্বাবুয়ের কোনো এক ফিল্ডারের কণ্ঠ, ‘বয়েজ, একটা রানআউট আসছে শিগগিরই।’ এরপর কী হয়েছে, তা তো দেখেছেনই।
ভুতুড়ে শুরু
স্টাম্প তিনটি জায়গামতোই ছিল। কিন্তু ওয়াইডের সাদা দাগটাকেই বুঝি স্টাম্প মনে হলো এলটন চিগুম্বুরার। বল হাতে পেয়েই তাক করছিলেন যেন ওই ওয়াইডের সীমানাকে। প্রথম বল ওয়াইড, পরের বল অফ স্টাম্পের হাত খানেক বাইরে। তৃতীয় বল লেগ স্টাম্পের বাইরে, পরের বলে অফ স্টাম্পের বাইরে আরও বড় ওয়াইড! পঞ্চম বলটিও প্রায় ওয়াইড, ষষ্ঠ বল আবার ওয়াইড। এই চিগুম্বুরার আগুনে বোলিংয়ে ঢাকায় বাংলাদেশ শূন্য রানে হারিয়েছিল ৩ উইকেট, কাল সেই তিনিই প্রথম ওভারে দিলেন তিনটি ওয়াইড!
পাশাপাশি-কাছাকাছি
প্রথম ওভারে চার দিয়ে শুরু করেছিলেন ইমরুল। পরের ওভারে মেরেছেন আরেকটি। তামিম তখনো শূন্য রানে। দুজনের রান প্রথম মিলল ১৫ রানে গিয়ে। ১৬-তেও দুজন পাশাপাশি। চিগুম্বুরাকে দুই চার মেরে এগিয়ে গেলেন তামিম। ইমরুলও এগিয়ে এলেন চিগুম্বুরাকেই চার মেরে। দুজনের আবার দেখা ২৮ রানে। পাশাপাশি দুজন ৩৩ রানেও। এরপর একটু জোরে ছুটলেন তামিম, ইমরুলকে ৪৪-এ রেখে ছুঁলেন পঞ্চাশ। ইমরুল যখন ফিফটি ছুঁলেন, তামিম তখন ৬২। আরও এগিয়ে গেলেন তামিম, নড়বড়ে নব্বইয়ে নড়বড়ে না হয়ে মারলেন ছক্কা। সেঞ্চুরি যখন ছুঁলেন, ইমরুল তখন ৮০। এবার ইমরুলের এগিয়ে যাওয়ার পালা, সঙ্গীর মতো নব্বইয়ের ঘরে গিয়ে ছক্কা মারলেন তিনিও। শেষ পর্যন্ত ১০৯ রান করে তামিমের বিদায়ে যখন ছিঁড়ল বন্ধন, ইমরুলেরও রান তখন ঠিক ১০৯!
ভাগ্য বটে!
১৯ রানে মুশাঙ্গুয়ের বলে ব্রায়ান চারিকে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গেছেন ইমরুল। মুশাঙ্গুয়ের পরের ওভারে টার্নে পরাস্ত ইমরুল, বল লাগল প্যাডে। আবেদনও হলো, তবে জোর নেই তেমন। রিভিউও নিল না জিম্বাবুয়ে। রিপ্লেতে দেখা গেল, বল পিচ করেছিল লাইনে, লাগত স্টাম্পে। রিভিউ নিলেই ২৭ রানে আউট হতেন ইমরুল!
অবাক বোলার
পেসারদের বধ্যভূমিতে এক স্পিনার নিয়ে খেলছে জিম্বাবুয়ে। ম্যাচের প্রথম ঘণ্টাতেই আক্রমণে আনতে হলো সেই স্পিনার নাতসাই মুশাঙ্গুয়েকে। পরে যা হলো, সেটা তাই অনুমিতই ছিল। খণ্ডকালীন অফ স্পিনার সিকান্দার রাজা প্রথম দিনে বোলিং করলেন ২১ ওভার! প্রথম টেস্টে মাহমুদউল্লাহকে ফিরিয়ে ব্রেক থ্রু দিয়েছিলেন, কালও তামিম-ইমরুলের জুটি ভেঙেছেন তিনিই। তবে এই স্পিনে তো আর প্রভাব ফেলা যায় না! ৭৪ রান গুনেছেন সিকান্দার, মেডেন নেই একটাও। দিন শেষে বললেন, ‘এত ওভার বোলিং করে অবাক আমিও!’