টুকরো টুকরো ছবি
হায় মাসাকাদজা
যেকোনো আত্মঘাতী রিভার্স সুইপে মাইক গ্যাটিংয়ের প্রসঙ্গ উঠে আসা অবধারিত। ১৯৮৭ বিশ্বকাপের ফাইনালে আচমকা রিভার্স সুইপ খেলে আউট হয়ে গ্যাটিং জেতা ম্যাচ হারিয়েছিলেন দলকে। কালকের প্রেক্ষাপট সেটার সঙ্গে যায় না। তবে হ্যামিল্টন মাসাকাদজার ওপর জিম্বাবুয়ের নির্ভরতা গ্যাটিংয়ের ওপর ইংল্যান্ডের নির্ভরতার চেয়ে বেশিই ছিল। সেই মাসাকাদজা, সিরিজের সেরা ব্যাটসম্যান মাসাকাদজা কাল সকালে আউট হলেন শুভাগতর নিরীহ এক বলে রিভার্স সুইপ করতে গিয়ে। কী ভর করেছিল তখন মাসাকাদজার মাথায়! এমন ব্যাখ্যাতীত ব্যাপারগুলোই ক্রিকেটকে করে তোলে রোমাঞ্চকর। দারুণ খেলতে থাকা সিকান্দার রাজাও যেমন কাল আউট হলেন ফুল টসে!
১৩ বছর পর
ওপেনিং নিয়ে অনেক দিন ধরেই ভুগছে জিম্বাবুয়ে। তবে সিকান্দার রাজার শুরুটায় মিলছে লম্বা দৌড়ের ঘোড়া হওয়ার ইঙ্গিত। অভিষেকে ফিফটি করেছিলেন পাকিস্তানের বিপক্ষে। মিরপুর টেস্টে করেছিলেন ফিফটি। এই টেস্টে করলেন জোড়া ফিফটি—৮২ ও ৬৫। জিম্বাবুয়ের হয়ে একই টেস্টে দুবার পঞ্চাশ ছুঁয়েছেন এর আগে মাত্র তিনজন ওপেনার। সর্বশেষ ১৩ বছর আগে, এই বাংলাদেশের বিপক্ষেই হারারেতে। তারকাবহুল মিডল অর্ডারে জায়গা না পেয়ে ওই টেস্টে ওপেন করেছিলেন অলরাউন্ডার গাই হুইটাল। দুই ইনিংসে করেছিলেন ৫৯ ও ৬০। ১৯৯৭ সালে হারারেতেই নিউজিল্যান্ডের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন গ্রান্ট ফ্লাওয়ার। ১৪ টেস্টের ক্যারিয়ারে দুটি মাত্র ফিফটি করতে পেরেছিলেন মার্ক ডেকার। দুটি একই টেস্টে, পাকিস্তানের বিপক্ষে ১৯৯৩ সালে রাওয়ালপিন্ডিতে দুই ইনিংসেই ৬৮!
ক্ষিপ্র ইমরুল
অনেক প্রাপ্তির সিরিজের বাংলাদেশের সবচেয়ে বড় হতাশার জায়গা নিঃসন্দেহে ফিল্ডিং। প্রতি ম্যাচেই পড়েছে সহজ ক্যাচ, গ্রাউন্ড ফিল্ডিংও অনেক সময় ছিল দৃষ্টিকটু। তবে কাল জুবায়েরের বলে স্লিপে চিগুম্বুরার যে ক্যাচটি নিলেন ইমরুল কায়েস, বাংলাদেশের বিচারে তো বটেই, যেকোনো বিবেচনাতেই দুর্দান্ত ক্যাচ। দারুণ ক্ষিপ্রতায় নিচু হয়ে ঠিক মাটি ছোঁয়ার আগ মুহূর্তে হাতে জমিয়েছেন বল। বাড়তি কৃতিত্ব দিতে হবে আরেকটি কারণে। একটু আগে ব্যাটসম্যানের নাকের ডগায় ফিল্ডিং করছিলেন বলে পায়ে ছিল প্যাড। সেটি পরেই নিয়েছেন ক্যাচ।
সাকিব ৩, মুমিনুল ২
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করা সিরিজে সেরা হয়েছিলেন ২ টেস্টে ১৫৯ রান ও ১৩ উইকেট নিয়ে। দুই বছর পর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ১-০-তে হারা সিরিজে সেরা হলেন ১৬৮ রান ও ১০ উইকেটে। এবার নিয়ে সাকিব সিরিজ-সেরা তৃতীয়বার। বাংলাদেশে একাধিকবার সিরিজ-সেরা হননি আর কেউ। দুবার ম্যাচসেরা হয়ে মুমিনুল হক ছুঁলেন মুশফিকুর রহিমকে। মোহাম্মদ আশরাফুল ম্যাচের সেরা ছিলেন ৩ বার। সাকিব শীর্ষে এখানেও, ৫ বার।
ধর্মঘটের প্রভাব
৩-০-তে সিরিজ জয়, অথচ কাল গ্যালারিতে দর্শক ছিল মেরেকেটে হাজার দুয়েক! দেশের মাটিতে বাংলাদেশের আর কোনো জয়ে এত কম সাক্ষী ছিল না গ্যালারিতে। এত কম দর্শক উপস্থিতির একটা বড় কারণ সম্ভবত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট। শহর থেকে বেশ খানিকটা দূরের মাঠে আসতে পারেননি অনেকেই।
দৃষ্টিকটু ঐতিহ্য
টিভি ক্যামেরা থাকলে বাংলাদেশে মুখ দেখানোর লোকের লাইন লেগে যায়। ক্রিকেটও এর ব্যতিক্রম নয়। বিশেষ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রায়ই হয়ে যায় জনসভার মঞ্চ। এই সিরিজে আগের দুই টেস্ট ছিল উজ্জ্বল ব্যতিক্রম, পুরস্কার বিতরণীতে বাড়তি লোক তেমন ছিল না। কাল যথারীতি চেনা ছবি। ম্যাচসেরা, সিরিজ-সেরা ও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার—পুরস্কার ছিল মাত্র তিনটি। অথচ মঞ্চে অতিথি ৭ জন! যাঁদের বেশির ভাগের কাজটা কী বোঝা গেল না। পুরো সময় দাঁড়িয়ে থাকলেন, এদিক-সেদিক তাকালেন আর মুচকি হাসলেন!