টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মরণে-শ্রদ্ধায়
দেশে থাকলে হয়তো কাল মাঠে থাকতেন তিনি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে শোনা যেত তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর। না থেকেও অবশ্য মাঠে থাকলেন মনজুর হাসান মিন্টু। থাকলেন স্মৃতিতে, শ্রদ্ধায়। বিদেশে ঘুরতে গিয়েছিলেন, সেখান থেকেই চলে গেছেন না-ফেরার দেশে। ঢাকার মাঠে ক্রিকেট, ফুটবল, হকি, সবই খেলেছেন একসময়। জনপ্রিয় ধারাভাষ্যকার এই সেদিন মিরপুর টেস্টেও ধারাভাষ্য দিয়েছেন। কাল দেশে ফিরেছে মনজুর হাসানের নিথর দেহ, হয়েছে জানাজা। এই দিনেই কাল ম্যাচ শুরুর আগে তাঁকে সম্মান জানাতে পালন করা হলো এক মিনিটের নীরবতা।
লাখের বাতি!
লাখের বাতি জ্বালানোর বেশ প্রচলন ছিল একসময়। কেউ লাখপতি হলে বাড়ির সামনে অনেক উঁচুতে বেঁধে দেওয়া হতো একটা বাতি। লোকে বুঝতে পারত এটা লাখপতির বাড়ি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন চাইলে লাখের বাতি জ্বালাতে পারে বোর্ড অফিসের সামনে। কালই আন্তর্জাতিক ক্রিকেটে এক লাখ রান ছুঁল বাংলাদেশ! ৪০তম ওভারের প্রথম বলে যে সিঙ্গেলটি নিলেন সাকিব, তাতেই পূর্ণ হলো এক লাখ। ইনিংস শেষে সেটা হয়েছে এক লাখ ৮৫। এর মধ্যে ২৯০ ওয়ানডেতে রান ৫৫০১৮, ৮৮ টেস্টে ৩৯৫৩৫ ও ৪১ টি-টোয়েন্টিতে ৫৫৩২। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান তুলেছে ইংল্যান্ড, ৬ লাখ ৫৯৮২, অস্ট্রেলিয়া করেছে ৫৯ লাখ ৮০৯২।
‘বিশ্ব’ কাকতাল!
বাংলাদেশ যখন কাল ব্যাটিংয়ে নামল, প্রায় একই সময়ে দুবাইয়ে চতুর্থ ইনিংসে ব্যাটিং করতে নামছে পাকিস্তান। ক্রিকেট বিশ্বের আরেক প্রান্তে, মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে তখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান তাড়ায় নামছে অস্ট্রেলিয়া। তিন জায়গায় তিন প্রেক্ষাপটের তিন ম্যাচ বিস্ময়করভাবে একবিন্দুতে মিলল একসময়। তিন ম্যাচেই ব্যাটিং দল প্রথম উইকেট হারাল ৮ রানে, আউট হওয়া ব্যাটসম্যান তিনজনই বাঁহাতি ওপেনার, তিনজনই শিকার ডানহাতি পেসারের! তিনজনের আউটের ধরন অবশ্য তিন রকম, তামিম ইকবাল প্লেড অন, তৌফিক উমর কট বিহাইন্ড আর ডেভিড ওয়ার্নার এলবিডব্লু।
ভেতরে–বাইরে হোন্ডো
হঠাৎ দেখে ক্ষণিকের জন্য চমকে উঠতে পারেন অনেকে। বোলিং কোচ কী নিজেই বোলার হয়ে গেলেন? অবসর ভেঙে মাঠে নেমে পড়লেন ডগলাস হোন্ডো! ভুলটা ভাঙতে সময় বেশি লাগার কথা নয়, তবে চমকটা থেকেই যায়। এত মিল দুজনের! শারীরিক গড়ন আর বোলিংয়ের ধরনে দারুণ মিল সলোমন মায়ার ও হোন্ডোর। সবচেয়ে বেশি মিল চুলে। দূর থেকে প্রথম দেখায় দুজনকে আলাদা করা মুশকিল। কালই অভিষেক হয়েছে মায়ারের। মেলবোর্নে গ্রেড ক্রিকেট খেলেছেন দাপটে, মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছেন গত বিগ ব্যাশে। তবে অভিষেকে নজর কাড়তে পারলেন কেবল হোন্ডোর সঙ্গে মিলেই, পারফরম্যান্সে নয়।
সাব্বির-ঝড়
ফরহাদ রেজা বা নাসির হোসেনের মতো ফিফটি করতে পারেননি অভিষেকে। তবে ঝোড়ো ব্যাটিংয়ে অভিষেকটা ঠিকই রাঙিয়েছেন সাব্বির রহমান। ২৫ বলে করেছেন অপরাজিত ৪৪, স্ট্রাইকরেট ১৭৬! অভিষেকে ১৫ ছোঁয়া ইনিংসগুলোর মধ্যে বাংলাদেশে এর চেয়ে খুনে ইনিংস আর নেই। অভিষেকে ১৩ বলে ১৭ করেছিলেন আল শাহরিয়ার, স্ট্রাইকরেট ১৩০.৭৬। ২০ ছোঁয়া ইনিংসে এক শ স্ট্রাইকরেট নেই আর কারও। অভিষেকে সাব্বিরের মতো তিনটি ছক্কাও মারতে পারেননি আর কেউ। দুটি মেরেছিলেন শামসুর রহমান।
তিন হাজারি মুশি
চিগুম্বুরার বলে যখন ধরা পড়লেন ডিপ মিড উইকেটে, মনে হচ্ছিল মাইলফলকের জন্য আরেকটি ম্যাচ অপেক্ষা করতে হবে মুশফিককে। সেটি নো-বল হওয়ায় বেঁচে গেলেন মুশফিক, খানিক পর ছুঁয়ে ফেললেন ৩ হাজার ওয়ানডে রান (৩০০৫)। এর আগে যা ছুঁতে পেরেছেন বাংলাদেশের মাত্র তিনজন। ৩৪৬৮ রানে ক্যারিয়ার থমকে আছে মোহাম্মদ আশরাফুলের, তামিমের রান ৩৮২৯। আর বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে চার হাজারের খুব কাছে সাকিব, ৩৯৩৬।
ফ্লাইং মুশি
তাঁর কিপিং নিয়ে লেগে থাকা প্রশ্নগুলোর পালে হাওয়া লেগেছে কালও। বাই রান দিয়েছেন বেশ কিছু, ছিলেন না নিখুঁত। তবে ব্রেন্ডন টেলরের যে ক্যাচটি নিলেন, সেটিকে চোখধাঁধানো বললেও কম বলা হয়। মাশরাফির স্লোয়ারকে থার্ডম্যান দিয়ে গ্লাইড করতে চেয়েছিলেন টেলর, ডানদিকে ঝাঁপিয়ে অনেকটা উড়ে এক হাতে বলটি হাতে জমালেন মুশফিক। সম্ভবত তাঁর ক্যারিয়ারের সেরা ক্যাচ!
আরিফুল ইসলাম