টুকরো খবর
নাইজেরিয়া চ্যাম্পিয়নরেকর্ড ষষ্ঠবারের মতো আফ্রিকান যুব (অনূর্ধ্ব-১৮) চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল নাইজেরিয়া। পরশু দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমের দোবসোনভিল স্টেডিয়ামে অনুষ্ঠিত নাটকীয় ফাইনালে তারা ৩-২ গোলে হারিয়েছে ক্যামেরুনকে। ৭৪ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে ৫টি গোলই হয়েছে শেষ ১৬ মিনিটে। ১৯৯৫ সালে একবার মাত্র শিরোপার স্বাদ পাওয়া ক্যামেরুন এই নিয়ে চারবার হারল ফাইনালে। আর ১৯৮৩ থেকে ১৯৮৯ টানা চারবারের চ্যাম্পিয়ন নাইজেরিয়া ২০০৫ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল। এএফপি।তদন্তের নির্দেশআগে বলেছিলেন, ‘সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র।’ তবে হাশান তিলকারত্নের অভিযোগ শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে যে গুরুত্বের সঙ্গে নিয়েছেন, কাল তার প্রমাণ দিলেন। শ্রীলঙ্কা ক্রিকেটের কর্মকর্তাদের সঙ্গে সভার পর মন্ত্রী জানিয়েছেন, ‘ইন্সপেক্টর জেনারেল অব পুলিশকে আমি বলেছি অভিযোগটি তদন্ত করে দেখতে এবং আমাকে প্রতিবেদন দিতে।’ গত ২৯ এপ্রিল ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে তিলকারত্নে বলেন, ১৯৯২ সাল থেকেই শ্রীলঙ্কায় পাতানো ম্যাচ হয়ে আসছে। সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেছেন, তিলকারত্নের উচিত আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সঙ্গে এটা নিয়ে কাজ করা। এএফপি।দিলশানের ‘ইচ্ছাপূরণ’তিলকরত্নে দিলশানের ইচ্ছেই শেষ পর্যন্ত পূরণ হচ্ছে। নতুন কোচ ও দলের সঙ্গে একটু বেশি সময় কাটানোর জন্য আইপিএল ছেড়ে আগেই ইংল্যান্ডে যেতে চেয়েছিলেন শ্রীলঙ্কার নতুন অধিনায়ক। বিসিসিআই ও এসএলসির আলোচনার পর চূড়ান্ত হয়েছে সিদ্ধান্ত, দিলশান ইংল্যান্ড যাবেন ১১ মে। অর্থাৎ ১৪ মে মিডলসেক্সের বিপক্ষে প্রথম ম্যাচটিই খেলতে পারবেন নতুন অধিনায়ক। ওয়েবসাইট।চলে গেলেন কুপার ৭৬ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেলেন বক্সিং কিংবদন্তি হেনরি কুপার। গত পরশু সারের অক্সটেডে নিজের ছেলের বাড়িতে শেষনিঃশ্বাস ফেলেন ব্রিটিশ বক্সার। কুপারের সবচেয়ে বিখ্যাত কীর্তি ১৯৬৩ সালে মোহাম্মদ আলীকে (তখন ক্যাসিয়াস ক্লে) চতুর্থ রাউন্ডে ভূপাতিত করা। আলী পরে ব্রিটিশ টেলিভিশনে বলেন, ‘কুপার আমাকে এত জোরে মেরেছিল যে, আফ্রিকায় আমার পূর্বপুরুষেরাও সেটি টের পেয়েছিল।’ তিন বছর পর অবশ্য আলী এর প্রতিশোধ নেন। কুপারের মৃত্যুতে ব্যথিত আলী এক বিবৃতিতে বলেছেন, ‘আমি আমার পুরোনো বন্ধুর অভাব বোধ করব। দারুণ যোদ্ধার মতো দারুণ ভদ্রলোকও ছিল ও।’ ওয়েবসাইট।