টুকরো খবর
বুসকেটস মুক্তচ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলতে পারবেন সার্জিও বুসকেটস। বর্ণবাদী আচরণের অভিযোগ থেকে মুক্ত হয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার। বুসকেটসের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ করেছিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে নাকি রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোকে উদ্দেশ করে ‘মনো’ ‘মনো’ (বানর, বানর) বলেছিলেন। কিন্তু উয়েফা তদন্ত করে দেখেছে, বুসকেটসের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। রয়টার্স।ইনজাগির ইচ্ছাপেশাদার ফুটবলে পা রেখেছেন কুড়ি বছর হয়েছে। এর অর্ধেকটাই এসি মিলানে। এখন তো শেষের বাঁশিই শুনতে পাচ্ছেন ৩৭ বছর বয়সী ইতালিয়ান স্ট্রাইকার। যত দিন খেলবেন, এসি মিলানেই খেলতে চান বলে জানিয়ে দিয়েছেন ইনজাগি। ‘বিদায় ফুটবল’ কবে বলবেন তা এখনো ঠিক করে উঠতে পারেননি। চোটের কারণে গত নভেম্বর থেকে মাঠের বাইরে থাকা ইনজাগি শুধু বলেছেন, ‘ক্যারিয়ার শেষ করতে চাই মিলানে। কোচ, ক্লাব, আমার সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ জানাই।’ ওয়েবসাইট।ব্যর্থ গ্রান্টের বিদায়লিগ শেষ হতে আর একটি মাত্র ম্যাচই বাকি। তাতে কী? অবনমন তো নিশ্চিত হয়ে গেছে সর্বশেষ ম্যাচেই। যে কোচ অবনমন এড়াতে পারল না, সেই কোচের অধীনে আর নয়। আভরাম গ্রান্টকে বরখাস্ত করল ওয়েস্টহাম। গ্রান্টও দায় স্বীকার করে বলেছেন, ‘আমারই দোষ, আমি এর দায় নিচ্ছি। তবে আমার খারাপও লাগছে।’ এএফপি। এক দল বেশিআগামী ইউরোপা লিগে নরওয়ে, ইংল্যান্ড ও সুইডেনের একটি করে দল বেশি থাকবে। এটিকে বলতে পারেন উয়েফার উপহার। উপহার অবশ্য এমনিতেই দেওয়া হচ্ছে না। এটি মাঠে খেলোয়াড়োচিত আচরণের পুরস্কার। উয়েফার ফেয়ার প্লে র্যাঙ্কিংয়ে সবার ওপরে নরওয়ে, এরপর ইংল্যান্ড ও সুইডেন। ইংলিশ প্রিমিয়ার লিগে ফেয়ার প্লের বিচারে সবচেয়ে বেশি এগিয়ে চেলসি। চেলসি যেহেতু চ্যাম্পিয়নস লিগে চলে যাচ্ছে, তাই ইংল্যান্ড থেকে ইউরোপা লিগে বাড়তি জায়গাটি পাওয়ার কথা ফেয়ার প্লের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ফুলহামের। এএফপি।