টুকরো খবর
নিস্টলরয় মালাগায়আবার স্পেনের ফুটবলে ফিরেছেন ডাচ স্ট্রাইকার রুড ফন নিস্টলরয়। রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার এবার যাচ্ছেন মালাগায়। সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে। মালাগা কাল নিস্টলরয়ের সঙ্গে চুক্তি হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েও দিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসভি আইন্দহোফেনের সাবেক তারকা রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন ২০০৬ সালে। ২০০৭ সালে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা নিস্টলরয় গত বছর রিয়াল মাদ্রিদ ছেড়ে নাম লেখান জার্মান ক্লাব হামবুর্গে। এএফপি।নয়্যার বায়ার্নেইশৈশব-কৈশোরের ভালোবাসা শালকে জিরো ফোর ছেড়ে ম্যানুয়েল নয়্যার যে বায়ার্ন মিউনিখকে ঠিকানা বানাচ্ছেন, সেটা একরকম জানাই ছিল। পরশু দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে দুই ক্লাব থেকে। আগামী ১ জুলাই বায়ার্নের আঙিনায় পা রাখবেন জার্মানির গোলরক্ষক। এএফপি।আজীবন নিষিদ্ধআন্তর্জাতিক টেনিসে প্রায় অখ্যাত ড্যানিয়েল কোলারের সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল ৫৫, সেখান থেকে নামতে নামতে তিনি ৩৮৫ নম্বরে। ২৭ বছর বয়সী অস্ট্রিয়ার এই টেনিস খেলোয়াড় ‘বিখ্যাত’ হলেন ভিন্ন কারণে। ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষিদ্ধ হয়েছেন। শুধু তা-ই নয় এই নিষেধাজ্ঞার পাশাপাশি তাঁকে এক লাখ ডলার জরিমানাও করেছে টেনিসের দুর্নীতি দমন শাখা টেনিস ইন্টেগ্রিটি ইউনিট (টিআইইউ)। তবে এ শাস্তির বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন। ওয়েবসাইট।