টুকরো খবর
ভিনদেশে পাকিস্তানের ঘরঅনেক দিন ধরেই পাকিস্তান নিজেদের ‘হোম’ টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলছে দেশের বাইরে। পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা অপরিবর্তিত থাকায় এই বিশেষ ব্যবস্থাটা আরও কিছুদিন ধরে চালু থাকছে। এরই মধ্যে আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আরব আমিরাতে ‘হোম’ সিরিজ খেলার জন্য পাকিস্তান একটি চুক্তি স্বাক্ষর করে ফেলেছে।পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, এই চুক্তি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ টেস্ট, ৫ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা হবে আবুধাবি ও দুবাইতে। পাকিস্তানি কর্তৃপক্ষ অবশ্য শারজাকেও ভেন্যু হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। ওয়েবসাইট।বোল্টের আরও একটুউসাইন বোল্ট এখন যে নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী, সেটা আরেকবার প্রমাণিত হয়ে গেল। জ্যামাইকা আন্তর্জাতিক আমন্ত্রণমূলক অ্যাথলেটিকসে গত শনিবার আরও একবার ২০০ মিটার স্প্রিন্টে নিজের শ্রেষ্ঠত্ব জানান দিলেন ১৯.৫৬ সেকেন্ডে দৌড় শেষ করে।বোল্টের এই টাইমিংটা ২০০ মিটার স্প্রিন্টের ইতিহাসে চতুর্থ দ্রুততম। এর ওপরে আছে বোল্টেরই বার্লিনে করা ১৯.১৯ সেকেন্ডের বিশ্ব রেকর্ড এবং বেইজিংয়ে ১৯.৩০ সেকেন্ডের সোনাজয়ী পারফরম্যান্স। ২০০ মিটার স্প্রিন্টের তৃতীয় দ্রুততম সময়টা মাইকেল জনসনের ১৯.৩২ সেকেন্ড; বেইজিং অলিম্পিকের আগে যেটা ছিল বিশ্ব রেকর্ড! এএফপি।অনুশীলনে মৃত্যু৩৩ বছর বয়সী অ্যান্ড্রু ম্যাকফার্লেন ছিলেন র্যাঙ্কিংয়ের সাবেক ২ নম্বর মোটোক্রস রাইডার। অস্ট্রেলিয়ান জাতীয় চ্যাম্পিয়নশিপে পুরোনো ফর্মটা ফিরিয়ে আনতে চাচ্ছিলেন। কিন্তু তা আর হলো না। ওই চ্যাম্পিয়নশিপের অনুশীলনেই মারাত্মক এক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।গতকাল অনুশীলনের তৃতীয় ল্যাপে এসে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ওখানেই তাঁর মৃত্যু হয়। ওয়েবসাইট।