টুকরো খবর
ডাচের বদলে ডাচ২০০৮ সালের ইউরোতে রাশিয়াকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন গাস হিডিঙ্ক। চুক্তির মেয়াদ শেষ না হলেও রাশান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে হিডিঙ্ক আর নেই। তবে হিডিঙ্ক চলে গেলেও রাশানদের ‘ডাচ-প্রীতি’ ঠিকই আছে! ফেডারেশন রাশিয়ার ফুটবলের দায়িত্ব তুলে দিয়েছে আরেক ডাচ, ডিক অ্যাডভোকাটের হাতে। চার বছর মেয়াদি চুক্তিপত্রে সই করার পরই অ্যাডভোকাট লক্ষ্য ঠিক করে ফেলেছেন, ২০১২ সালের ইউরো বাছাইপর্ব পার হতে চান। রয়টার্স।প্রচারক ক্লিনটন১৯৯৪ বিশ্বকাপ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিনিদের ইচ্ছে, ২০১৮ কিংবা ২০২২ বিশ্বকাপেরও আয়োজক হওয়ার। তাদের সেই ইচ্ছেটা যে জোরালোই, বিড কমিটিতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নাম লেখানোতেই তার প্রমাণ। নিজেদের প্রার্থিতার পক্ষে প্রচার-প্রচারণা অনেক আগে থেকেই চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিড কমিটি। সেই প্রচার-প্রচারণার পালে জোর হাওয়া লাগাতে ক্লিনটনকে বিড কমিটির অনারারি চেয়ারম্যান করা হয়েছে। বিড কমিটির কাজই নিজেদের প্রার্থিতার পক্ষে বিশ্বের সমর্থন আদায় করা। বিশ্বের এপ্রান্ত-ওপ্রান্ত ঘুরে ২ ডিসেম্বর পর্যন্ত এই কাজটাই করে যাবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এএফপি।যুবরাজদের বিসিসিআইয়ের নোটিশযুবরাজরা বলেছিলেন বানানো কথা। আসলে কিন্তু তা নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে ১১ মে যুবরাজ সিং-জহির খানসহ আরও কয়েকজন ভারতীয় ক্রিকেটার সেন্ট লুসিয়ার একটি পানশালায় মারধর করেছিলেন বলে যে খবর বেরিয়েছিল, তা সত্যিই। কাল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে ছয় ক্রিকেটারকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। যুবরাজ, জহির, আশিস নেহরা, রোহিত শর্মা, পীযূষ চাওলা ও রবীন্দ্র জাদেজার কাছে জানতে চাওয়া হয়েছে, তাঁদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না। সাত দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে হবে তাঁদের। সত্যতা যাচাই করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিসিআই কর্মকর্তা রত্নাকর শেঠি। ওয়েবসাইট।