টুকরো খবর
স্কোলস অস্পর্শনীয়!তিনবার ফিফা বর্ষসেরা, ব্যালন ডি’অর, বিশ্বকাপে সোনার বল, বিশ্বকাপ, ইউরো, উয়েফা চ্যাম্পিয়নস লিগ—ক্যারিয়ারে জিনেদিন জিদানের অপূর্ণতা কিছুই নেই। ভুল। অপূর্ণতা ছিল! পল স্কোলসের সঙ্গে যে খেলতে পারেননি কোনো দিন! পাশাপাশি খেলতে না পারার আক্ষেপ তো আছেই, জিদান বলছেন, স্কোলস নাকি অস্পর্শনীয় খেলোয়াড়! সেই পল স্কোলস, কদিন আগে জিদানেরই স্বদেশি আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার যাঁকে পরোক্ষে বলেছেন ‘অসৎ’ খেলোয়াড়। জাতীয় দলে ৬৬টি ম্যাচ খেলা এই মিডফিল্ডার ইংল্যান্ডের হয়ে সর্বশেষ খেলেছেন ২০০৪ সালে। তবে ক্লাব ম্যানইউর হয়ে খেলে চলেছেন বিরতিহীন। ‘আমার দুঃখ, তার সঙ্গে কখনো খেলার সুযোগ আমার হয়নি। সে অবশ্যই অস্পর্শনীয়। তার খেলা দেখতে কখনোই ক্লান্ত হব না আমি।’—দ্য ডেইলি মিররকে বলেছেন ফ্রান্স কিংবদন্তি।বোল্টের পথেই পাওয়েলচোটের কাছে হার মেনে কদিন আগেই এ মৌসুমে আর ট্র্যাকে না নামার ঘোষণা দিয়েছেন উসাইন বোল্ট। একই কারণে এবার এক সময়ের অনুশীলন-সঙ্গীর পথে হাঁটলেন আসাফা পাওয়েলও। এ মৌসুমে আর ট্র্যাকে নামছেন না ১০০ মিটারের সাবেক বিশ্ব রেকর্ডধারীও। চোটের কারণের গত কিছুদিনে প্যারিস, জুরিখ, স্টকহোম ও লন্ডন মিট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন পাওয়েল। জ্যামাইকান স্প্রিন্টারের এজেন্ট পল ডয়েল জানিয়েছেন, পাওয়েলের কুঁচকির চোটটা আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে পিঠ ও হ্যামস্ট্রিংয়ে। এএফপি।ডেমিকেলিসের পরিণতিবিদ্রোহের শাস্তি তো সবার জানাই। এবার মার্টিন ডেমিকেলিসের গর্দানের ওপরও খড়্গ নেমে আসছে হয়তো। বায়ার্ন মিউনিখ কোচ লুই ফন গল কাল জানিয়ে দিয়েছেন, না পোষালে ডেমিকেলিস রাস্তা মাপতে পারেন। ‘ও যদি যেতে চায় তো যাবে। আমার কোনো সমস্যা নেই। আমাদের হাতে বিকল্প হিসেবে ম্যাক্সিমিলান হাস তো আছেই’—বলেছেন বায়ার্নের ডাচ কোচ। এবারের লিগের প্রথম ম্যাচের প্রথম একাদশে ডেমিকেলিস ছিলেন না। ওই রাগে আর্জেন্টাইন ডিফেন্ডার বলেছিলেন, তিনি ক্লাব ছেড়ে চলে যেতে চান। সেদিন রাগ করে স্টেডিয়ামেই যাননি ডেমিকেলিস। এএফপি।বেতন বাড়ল হার্টেরএক সপ্তাহের ব্যবধানেই জো হার্টের বেতন বেড়ে দাঁড়াল আড়াই গুণ। এক সপ্তাহ আগেও তাঁর সাপ্তাহিক বেতন ছিল ২৮ হাজার পাউন্ড, এখন থেকে বেতন পাবেন ৭০ হাজার পাউন্ড! বেতন বৃদ্ধির সঙ্গে চুক্তির মেয়াদও পাঁচ বছরের জন্য বাড়িয়েছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের প্রথম ম্যাচে ম্যান সিটির প্রতিপক্ষ ছিল টটেনহাম। ড্র হওয়া ওই ম্যাচেও কোচ রবার্তো মানচিনি দলের এক নম্বর গোলরক্ষক শে গিভেনকে রেখে মাঠে নামান হার্টকে। অসাধারণ কিছু সেভ করে রাতারাতি তারকা বনে গেছেন ২৩ বছর বয়সী এই গোলরক্ষক। প্রতিপক্ষ টটেনহামের কোচ হ্যারি রেডন্যাপ তখনই বলে দিয়েছেন, শুধু ম্যান সিটির নয়, ইংল্যান্ডের এক নম্বর গোলরক্ষক হতে যাচ্ছেন হার্ট। বেতন আর চুক্তির মেয়াদ বাড়িয়ে ক্লাব ম্যান সিটিও পুরস্কারটি দিল দ্রুতই। ওয়েবসাইট।